মিরপুরে বাসে আগুন, চালক-হেলপার পুলিশ হেফাজতে

রাজধানী ঢাকার মিরপুর-১ এলাকায় বসুমতি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাসটির চালক ও হেলপারকে মারধরের হাত থেকে উদ্ধার করে হেফাজতে নিয়েছে পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর)) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরপুর-১ নম্বরে সনি সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কারও হতাহত হওয়ার তথ্য মেলেনি।
শাহ আলী থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন জানান, দুর্বৃত্তরা সনি সিনেমা হলের সামনে বসুমতি পরিবহনের একটি বাসে আগুন দেয়। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বাসটির চালক ও হেলপারকে মারধর করতে শুরু করলে পুলিশ তাদের উদ্ধার করে হেফাজতে নিয়ে গেছে।
ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাশেদ বিন খালিদ জানান, বাসে আগুন লাগার খবর পেয়ে সেখানে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিস আগুন নেভাতে কাজ করছে।
এসআই ইকবাল জানান, বাসে আগুন দেওয়ার এ ঘটনায় কে বা কারা জড়িত, তা প্রাথমিকভাবে জানা যায়নি।













