এমপি নুসরাতের বাড়িতে আগুন শর্টসার্কিট থেকে নয়: পল্লী বিদ্যুৎ কর্মকর্তা

কুষ্টিয়া প্রতিনিধি
আগুনে ক্ষতিগ্রস্ত সংরক্ষিত আসনের এমপি নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়ি। ছবি: সংগৃহীত
আগুনে ক্ষতিগ্রস্ত সংরক্ষিত আসনের এমপি নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়ি। ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডে তদন্ত শুরু করেছে চার সদস্যের কমিটি। তদন্তে পল্লী বিদ্যুতের এক কর্মকর্তা জানিয়েছেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার কোনো আলামত পাওয়া যায়নি। তার ধারণা, অন্য কোনো কারণে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে তদন্ত কমিটির সদস্যরা দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাতের পুড়ে যাওয়া বাড়িটি পরিদর্শন করেন। এ সময় তারা প্রত্যক্ষদর্শীদের বক্তব্যও নথিভুক্ত করেন। পরে বিকেলে কমিটির কাছে জবানবন্দি দেন কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) তোজাম্মেল হক।

তিনি বলেন, “আমি নিজে ঘটনার পরপর রাতেই নুসরাত তাবাসসুমের বাড়িতে গিয়েছিলাম। সেখানে গিয়ে বৈদ্যুতিক মিটারটি অক্ষত অবস্থায় পাই। পাশাপাশি যে ট্রান্সফরমার থেকে ওই বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে, সেটির সার্কিট ফিউজও অক্ষত ছিল।”

তোজাম্মেল হকের ভাষ্য, শর্টসার্কিট থেকে আগুন লাগলে বৈদ্যুতিক মিটার কিংবা ট্রান্সফরমারের সার্কিট ফিউজ পুড়ে যাওয়ার কথা। কিন্তু এ ঘটনায় কোনোটিই ক্ষতিগ্রস্ত হয়নি। তাই অন্য কোনো কারণে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

বুধবার রাত পৌনে ১২টার দিকে দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন লাগে। এ ঘটনায় বৃহস্পতিবার দৌলতপুর থানায় মামলা করেন তিনি।

অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কুষ্টিয়ার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আহমেদ মাহবুব-উল-ইসলামকে কমিটির আহ্বায়ক এবং ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল ওয়াদুদকে সদস্যসচিব করা হয়েছে।

কমিটির অন্য দুই সদস্য হলেন— বিজিবি কুষ্টিয়া সেক্টরের সহকারী পরিচালক (প্রশাসন) মেজর আশরারুল হক এবং অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন। তিন কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

তদন্ত কমিটির আহ্বায়ক মাহবুব-উল-ইসলাম বলেন, “আজ থেকে আমাদের কর্মদিবস শুরু। ইতোমধ্যেই আমরা কাজ শুরু করে দিয়েছি। ঘটনাস্থল পরিদর্শন, বিভিন্ন ব্যক্তিদের বয়ানসহ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। আমাদের কাজ খুব দ্রুত শেষ করে প্রতিবেদন জমা দেবো।”

পরিকল্পিত নাশকতার অভিযোগ নুসরাতের

অগ্নিকাণ্ডকে পরিকল্পিত নাশকতা বলে দাবি করেছেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। তার অভিযোগ, বাড়িতে পেট্রোলবোমা ছুড়ে আগুন দেওয়া হয়েছে। তবে আগুনের প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে প্রশাসন।

তদন্ত কমিটির সদস্য অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, “আমরা বিভিন্ন ব্যক্তিদের বয়ান, ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের জবানবন্দিসহ বিভিন্ন সরকারি সংস্থার সহায়তা নিয়ে কাজ করছি। সেইসঙ্গে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি মামলা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে মাঠে দুটি টিম কাজ করছে।”

তদন্তের মূল লক্ষ্য সত্য উদ্‌ঘাটন করা এবং এ কাজে কোনো প্রভাব পড়ার সুযোগ নেই বলে আশ্বস্ত করেন তিনি।

বিরোধীদলীয় সংসদীয় দলের পরিদর্শন

শুক্রবার বিকেল ৪টার দিকে নুসরাত তাবাসসুমের পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করেন বিরোধীদলীয় সংসদীয় দলের সদস্যরা। পরে সেখানে সংবাদ সম্মেলন করেন তারা।

এ সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য মাহমুদা মিতু বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী ন্যূনতম সহমর্মিতা প্রকাশ না করে ঘটনার দায় এড়ানোর চেষ্টা করছেন। ঘটনাটিকে ভিন্ন খাতে নেওয়া যায় এবং ছাত্রলীগকে দায়মুক্ত করা যায়, সেই প্রক্রিয়া শুরু হয়েছে।”

তিনি আরও বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে ফেসবুকে পোস্ট দিয়ে কুষ্টিয়া রক্ষার কথা বলে বাড়িতে আগুন দেওয়ার বিষয়ে বার্তা দেওয়া হয়েছিল।

“একদিকে ছাত্রলীগ দায় স্বীকার করছে, অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, আগুনের ঘটনা শর্ট সার্কিট থেকেও হতে পারে,” বলেন মাহমুদা মিতু।

নুসরাত তাবাসসুম বলেন, “আমি এখনো মনে করি ঘটনাটি আওয়ামী লীগের কুকীর্তি। আওয়ামী লীগের পক্ষ থেকে দায় স্বীকার, ঘটনাটি নিয়ে উল্লাস প্রকাশ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রচার করার ঘটনাগুলো দেখে আমার বিশ্বাস, এটি তাদেরই কাজ।”

তিনি জানান, বৃহস্পতিবার থানায় মামলা করার সময় একজন আসামির অবস্থান ও মুঠোফোন নম্বরসহ গুরুত্বপূর্ণ কিছু তথ্য তাৎক্ষণিকভাবে অতিরিক্ত পুলিশ সুপারকে (ক্রাইম) দেওয়া হয়েছিল।

“আশা করেছিলাম, দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে দৃশ্যমান অগ্রগতি দেখতে পাব। কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো ফলাফল আমরা দেখতে পাইনি,” বলেন নুসরাত তাবাসসুম।

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, “কোনো দুর্ঘটনা কিংবা নাশকতার ঘটনা ঘটলে কীভাবে ঘটেছে এবং কারা জড়িত, তদন্তের মূল গুরুত্ব হওয়া উচিত সেসব বিষয়।”

“কিন্তু সেদিকে গুরুত্ব না দিয়ে বাড়িটি কাঁচা নাকি পাকা, পরিত্যক্ত কি-না, সেখানে মানুষ বসবাস করতেন কি-না, তারা কোন শ্রেণি-পেশার মানুষ, এমনকি সেখানে গরু নাকি ছাগল থাকত এসব বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। এমন আলোচনার আমি নিন্দা জানাই,” যোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর এবং দলটির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত উপস্থিত ছিলেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad