এমপি নুসরাতের বাড়িতে আগুন: স্বরাষ্ট্রমন্ত্রী বললেন ‘শর্টসার্কিটের সম্ভাবনা বেশি’

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডে বৈদ্যুতিক শর্টসার্কিটের সম্ভাবনাই বেশি বলে প্রাথমিক তদন্তে ধারণা পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে এটি দুর্ঘটনা, নাকি কেউ আগুন লাগিয়েছে, তা নিশ্চিত হতে তদন্ত চলছে বলে জানান তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের চতুর্থ দিনের বৈঠকে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের বক্তব্যের পর দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
এর আগে নাহিদ ইসলামের বক্তব্যের পর স্পিকার হাফিজ উদ্দিন বলেন, একজন সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা গুরুতর। সংসদ সদস্যের নিরাপত্তা বিঘ্নিত হলে তা দেশের সবার জন্য আতঙ্কের বিষয়। দ্রুত তদন্ত করতে এবং সংসদে এ বিষয়ে জবাব দিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে অনুরোধ করেন তিনি।
পরে বক্তব্যে সালাহউদ্দিন আহমদ জানান, বুধবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে সীমান্ত থেকে ৭ দশমিক ৪ কিলোমিটার দূরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন লাগে। টিনশেড আধাপাকা ওই বাড়িতে কেউ বসবাস করেন না। বাড়ি থেকে প্রায় ২০ মিটার দূরে তিনতলা একটি বাড়িতে থাকেন নুসরাতের বাবা-মা।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ওই বাড়িতে দুটি ছাগলসহ কিছু জিনিসপত্র ছিল। আগুনে ছাগল দুটি মারা গেছে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থল পরিদর্শন করেন। সকালে তিনি নিজে কথা বলে পুলিশ সুপারকেও সেখানে পাঠান। সীমান্তের কাছাকাছি হওয়ায় বিজিবির একটি দলও ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিস।
আগুনের সূত্রপাতের কারণ জানতে বিজিবি, ফায়ার সার্ভিস, সিভিল প্রশাসন ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে যৌথ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
বিজিবির প্রাথমিক প্রতিবেদনের বরাত দিয়ে তিনি বলেন, ঘটনাস্থলের আলামত পরীক্ষা এবং স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে পেট্রোল বোমা বিস্ফোরণের মতো কোনো শব্দ শোনার তথ্য পাওয়া যায়নি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাড়ির দেয়ালেও পেট্রোল বোমার কোনো চিহ্ন মেলেনি। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকেও পেট্রোল বোমা ব্যবহারের তথ্য পাওয়া যায়নি। প্রাথমিকভাবে সেখানে পেট্রোল বোমা ব্যবহার করা হয়নি বলেই ধারণা করা হচ্ছে।
তিনি আরও বলেন, বাড়িটি পুরোনো হওয়ায় বৈদ্যুতিক তারের সংযোগ দুর্বল ছিল। ঘটনাস্থলের একটি ছবিতে শর্টসার্কিটের মতো পরিস্থিতি দেখা গেছে। প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্টসার্কিটের সম্ভাবনা বেশি বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাবে না।
ঘটনায় নাশকতার সংশ্লিষ্টতা পাওয়া গেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এর ভিত্তিতে পুলিশ তদন্ত করছে।


-03748f.jpg)







-72bc1e-256x144.webp)




