গোপালগঞ্জে বাসের ধাক্কায় ১৫ যানবাহনের সংঘর্ষ, এমপিসহ আহত অর্ধশতাধিক

গোপালগঞ্জে ধানবোঝাই ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় অন্তত ১৫টি যানবাহনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমসহ অর্ধশতাধিক আহত হয়েছেন। এ সময় সংসদ সদস্যকে বহনকারী গাড়ি ও তার বহরের বেশ কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের বরইতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে বরইতলায় একটি প্রতিবাদ সভায় যোগ দিতে যাচ্ছিলেন সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম। তার গাড়িবহর বরইতলা এলাকায় পৌঁছালে পেছন থেকে ‘ডলফিন পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সামনে থাকা ধানবোঝাই ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের গাড়িগুলোকে ধাক্কা দিলে একে একে ১৫ থেকে ২০টি যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে।
পুলিশ সূত্রে জানা যায়, প্রথমে একটি প্রাইভেট কার ও যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এর জেরে পেছন থেকে আসা দ্রুতগতির বাস, ট্রাক, প্রাইভেট কার এবং ইঞ্জিনচালিত ইজিবাইকসহ মোট ১৫টি যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে একটির সঙ্গে আরেকটির ধাক্কা লাগে।
সে সময় সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম ঢাকা থেকে তার নিজ নির্বাচনী এলাকায় যাচ্ছিলেন। মুকসুদপুরে প্রবেশের মুখে তার গাড়িবহরটিও এই দুর্ঘটনার কবলে পড়ে এবং বহরের দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। সংঘর্ষে সংসদ সদস্যকে বহনকারী প্রাইভেটকারের পেছনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে।
দুর্ঘটনায় গুরুতর আহত রাঘদী ইউনিয়ন বিএনপি নেতা ইলিয়াস কাজীকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ফরিদপুর ও ভাঙ্গার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে ভাঙ্গা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
খবর পেয়ে মুকসুদপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালান। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রথমে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষ থেকে পরবর্তীতে ১৫টি গাড়ির মধ্যে এই দুর্ঘটনা ঘটে।









-1c8763-256x144.webp)


