গত বছরের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে— সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিরোধী দলগুলোর উদ্বেগ ও দাবির মুখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জাতীয় সংসদে ৩০০ বিধিতে বিবৃতি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বিবৃতিতে গত বছরের সঙ্গে এ বছরের অপরাধের চিত্রের তুলনামূলক তথ্য তুলে ধরে তিনি দাবি করেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় ভালো আছে।
বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। এ সময় তিনি দেশে গত কয়েকদিন ধরে চলমান ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনসহ নাশকতামূলক কর্মকাণ্ডের পেছনে জুলাইয়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে দায়ী করেন।
বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট থেকে গত বছরের ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত সময়ের বিভিন্ন অপরাধের পরিসংখ্যানের সঙ্গে এ বছরের একই সময়ের পরিসংখ্যানের তুলনামূলক চিত্র তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিভিন্ন সূচকে গত বছরের তুলনায় এ বছর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে জানান তিনি।
সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া তথ্য বলছে, গত বছরের এই সময়ে দেশে খুন হয়েছেন দুই হাজার ৯৩৮ জন, এ বছর যে সংখ্যা দুই হাজার ৬৫১ জন। অর্থাৎ গত বছরের তুলনায় এ বছর খুন কম হয়েছে ২৮৭টি, যাকে মন্ত্রী ‘স্পষ্টতই উন্নতির লক্ষ্মণ’ বলে অভিহিত করেন।
মন্ত্রী জানান, গত বছর দাঙ্গা বা মবের ঘটনা ঘটেছে ৫৫টি, যা এ বছরে ঘটেছে ১৬টি। সালাহউদ্দিন আহম বলেন, ‘একটি মবও যেন না হয়, তার জন্য চূড়ান্ত ব্যবস্থা নেব। দেশে কোনো মব থাকতে পারবে না।’
চুরি, ডাকাতি, দস্যুতার মতো অপরাধও গত বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে কমেছে বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময়ে নারী ও শিশু নির্যাতন ১২৫টি কমেছে বলে জানান তিনি। সীমান্তে পুশইন ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে বাংলাদেশি নাগরিকের প্রাণহানি কমার তথ্যও তুলে ধরেন। বলেন, ‘ফ্যাসিবাদের রেখে যাওয়া এমন একটি সিস্টেমকে গণমুখী করতে আমাদের সময় লেগেছে। তারপরও এই তথ্য-পরিসংখ্যান উন্নতি হিসেবে বিবেচিত হতে পারে।’
গত কয়েকদিনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে আগুন দেওয়ার ঘটনার প্রসঙ্গও উঠে আসে স্বরাষ্ট্রমন্ত্রীর ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে। এসব ঘটনায় ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করেন তিনি। ২০০৪ সালে হোটেল শেরাটনের সামনে বাসে গানপাউডার দিয়ে আগুন দেওয়ার ঘটনাও তুলে ধরেন তিনি।
মন্ত্রী বলেন, অগ্নিসংযোগ আওয়ামী লীগের পুরোনো রাজনৈতিক অপসংস্কৃতি। সীমান্তের ওপার থেকে বারবার অডিও কলে পলাতক ফ্যাসিস্ট নেত্রী তার নেতাদের জুলাই আন্দোলনকারীদের তালিকা করতে এবং তাদের ঘরবাড়ি ভেঙে দিতে নির্দেশ দিচ্ছেন। হুমকি দিচ্ছেন, শিগগিরই জুলাইযোদ্ধাদের চরম শিক্ষা দেওয়া হবে। কিন্তু সেই সুযোগ হয়তো মহান রব্বুল আলামিন তাকে আর কখনোই দেবেন না।
মজুরি বৃদ্ধির দাবিতে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনের উদাহরণ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রমজীবী মানুষকে উসকানি দিয়ে বিক্ষোভে পরিণত করেছে পতিত ফ্যাসিস্ট শক্তি ও তাদের দেশীয় দোসররা। মজুরি বোর্ড গঠনের পরও একটি মহল অস্থিরতা তৈরির জন্য শ্রমিক সংগঠন ও নেতাদের সহায়তায় সীমান্তের ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে উসকানি দিচ্ছে।
এনসিপির প্রতি ইঙ্গিত করে সালাহউদ্দিন আহমদ বলেন, সংসদে প্রতিনিধিত্বকারী একটি রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনের ব্যানারে বিভিন্ন স্থানে আন্দোলনের নেতৃত্ব দেওয়া হচ্ছে। তাদের নেতারা যেকোনো মূল্যে আন্দোলন চালিয়ে যেতে নেতাকর্মীদের নির্দেশ দিচ্ছেন— এমন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। নাম ধরে বললে হয়তো অনেকে প্রীত হবেন না।
মাদক নির্মূলে অভিযান অব্যাহত রয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক কারবারিদের তালিকা তৈরি করে তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ অভিযান অব্যাহত থাকবে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রনজিত সরকারের সীমান্ত পেরিয়ে দেশে এসে সভা করে আবার সীমান্ত পেরিয়ে যাওয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি কোন পথে প্রবেশ করেছেন, তা খুঁজে বের করতে বিজিবির সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। এ ঘটনায় করা মামলায় সভায় অংশগ্রহণকারী সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।















