খুলনায় এনসিপির বিক্ষোভ মিছিলে ২ পক্ষের মধ্যে উত্তেজনা, হাতাহাতি

এনসিপি নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের প্রতিবাদে খুলনায় দলটির বিক্ষোভ মিছিল ও সমাবেশে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা, হাতাহাতি ও পালটাপালটি ধাওয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে নগরের শিববাড়ী মোড়ে এ ঘটনা ঘটে। পরে উপস্থিত নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
দলীয় সূত্র জানায়, নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের প্রতিবাদে শিববাড়ী মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে এনসিপি। কর্মসূচি চলাকালে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে প্রথমে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে তা হাতাহাতি ও পালটাপালটি ধাওয়ায় গড়ায়।
এ বিষয়ে এনসিপির খুলনা মহানগর আহ্বায়ক আহমেদ হামীম রাহাত বলেন, ‘খেলার আয়োজন নিয়ে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে সামান্য বিশৃঙ্খলা হয়েছে। এটি বড় কিছু নয়।’
এদিকে নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ড জাতীয় সংসদেও আলোচনায় এসেছে। বৃহস্পতিবার সংসদের চতুর্থ অধিবেশনের চতুর্থ দিনের বৈঠকে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এ ঘটনায় সংসদ সদস্য ও জুলাই গণঅভ্যুত্থানের নেতাকর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানান।
নাহিদ বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের নেতা, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতাকর্মী ও সংসদ সদস্যদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এই সরকার কি কোনো ধরনের নিরাপত্তা দেবে? তারা দিতে না পারলে সেটা আমাদেরকে জানিয়ে দিক।’
তিনি আরও বলেন, ‘যদি আমাদের মানবাধিকার না থাকে এবং শত্রুর মানবাধিকার নিয়ে এই সরকারের বেশি কনসার্ন থাকে, তাহলে আমাদেরকে আমাদের পথ দেখতে হবে।’ নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ তুলে তিনি সরকারের কাছে নিরাপত্তার বিষয়ে স্পষ্ট অবস্থান জানতে চান।
তবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদে জানান, নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন লাগার ঘটনায় প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্টসার্কিটের সম্ভাবনাই বেশি বলে ধারণা পাওয়া গেছে। তিনি বলেন, ‘এটি দুর্ঘটনা, নাকি কেউ আগুন লাগিয়েছে, তা নিশ্চিত হতে তদন্ত চলছে।’














-03748f.jpg)
ofSarailPoliceStationhasbeentransferred.-6aee7b.jpg)