নড়াইলে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

নড়াইল প্রতিনিধি
গ্রেপ্তার আল আমিন ওরফে সাব্বির ও নূর নবী। ছবি: সংগৃহীত
গ্রেপ্তার আল আমিন ওরফে সাব্বির ও নূর নবী। ছবি: সংগৃহীত

নড়াইলে ১৮ বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় করা মামলার এক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সদর থানার পরিদর্শক অজয় কুমার কুন্ডু এ তথ্য জানান। গ্রেপ্তার দুজন হলেন— আল আমিন ওরফে সাব্বির (২২) ও নূর নবী (২৮)।

সাব্বির সদর উপজেলার চিলগাছা রঘুনাথপুর গ্রামের খায়রুল শেখের ছেলে। নূর নবীর বাড়ি একই উপজেলার মুলদাইড় গ্রামে। তার বাবার নাম আব্দুস সাত্তার। মামলার অপর আসামি মো. বিপ্লব পলাতক। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

মামলার এজাহারের বরাত দিয়ে পুলিশ জানায়, ভুক্তভোগী কিশোরী লোহাগড়া উপজেলার বাসিন্দা। তার বড় ভাইয়ের বন্ধু হিসেবে সাব্বির তাদের বাড়িতে যাতায়াত করতেন। মাঝেমধ্যে ফোন করে কিশোরীর খোঁজখবরও নিতেন তিনি।

গত ৪ নভেম্বর বিকেলে পারিবারিক বিষয় নিয়ে বড় ভাইয়ের সঙ্গে মনোমালিন্য হলে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যান কিশোরী। সঙ্গে পর্যাপ্ত টাকা না থাকায় তিনি ফোন করে বিষয়টি সাব্বিরকে জানান। তখন সাব্বির তাকে নাকশী বাজারে যেতে বলেন। সেখান থেকে ভ্যানে করে তাকে মো. বিপ্লবের বাড়িতে নিয়ে যান।

এজাহারে অভিযোগ করা হয়, ওই রাতে সাব্বির কিশোরীর মোবাইল ফোন কেড়ে নেন। পরে ছুরি দেখিয়ে হত্যার ভয়ভীতি প্রদর্শন করে তাকে একাধিকবার ধর্ষণ করেন। এরপর ৮ নভেম্বর রাত পর্যন্ত বিভিন্ন বাড়িতে আটকে রেখে সাব্বির, বিপ্লব ও নূর নবী তাকে একাধিকবার ধর্ষণ করেন।

পরে ৮ নভেম্বর রাত ১টার দিকে পরিবারের সদস্যরা শহরের একটি বাসা থেকে কিশোরীকে উদ্ধার করেন। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মঙ্গলবার সদর থানায় মামলা করেন।

নড়াইলে সদর থানার পরিদর্শক অজয় কুমার কুন্ডু বলেন, মামলা হওয়ার দিনই সাব্বিরকে গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার গভীর রাতে নিজ বাড়ি থেকে নূর নবীকে গ্রেপ্তার করে পুলিশ।

তিনি জানান, বুধবার নূর নবী নড়াইল সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মারুফ হাসানের আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad