নিরাপত্তা দিতে না পারলে সরকার তা জানিয়ে দিক: সংসদে নাহিদ

জুলাই গণঅভ্যুত্থানের নেতা, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতাকর্মী ও সংসদ সদস্যদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। জাতীয় সংসদে তিনি বলেছেন, ‘এই সরকার কি কোনো ধরনের নিরাপত্তা দেবে? তারা দিতে না পারলে সেটা আমাদেরকে জানিয়ে দিক।’
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের চতুর্থ দিনের বৈঠকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ তুলে ধরে নাহিদ ইসলাম এসব কথা বলেন।
এনসিপির আহ্বায়ক বলেন, ‘যদি আমাদের মানবাধিকার না থাকে এবং শত্রুর মানবাধিকার নিয়ে এই সরকারের বেশি কনসার্ন থাকে, তাহলে আমাদেরকে আমাদের পথ দেখতে হবে।’
‘আক্রমণের লক্ষ্য কারা, তা স্পষ্ট’ মন্তব্য করে সরকারের উদ্দেশে নাহিদ বলেন, ‘আমরা যদি প্রথম টার্গেট হই, দ্বিতীয় টার্গেট কিন্তু উনারাও (বিএনপি) হবেন। আমাদের পরিবার আক্রান্ত হলে উনাদের পরিবারও কিন্তু আক্রান্ত হবে ফ্যাসিবাদী শক্তির দ্বারা। তারা এতটাই নৃশংস।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের বিষয়ে ফ্যাসিস্ট শক্তির বিষয়ে বিচারের প্রশ্নে এই সরকারের যে আপসকামী মনোভাব আমরা দেখছি। এ বিষয়ে সরকারের কাছ থেকে আমরা সুস্পষ্ট জবাব আশা করি।’
নুসরাত তাবাসসুম এনসিপি ও ১১ দলীয় ঐক্যের মনোনীত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য। গতকাল রাতে কুষ্টিয়ার দৌলতপুরে তার পৈত্রিক বাড়িতে অগ্নিকাণ্ড হয়েছে। এ ঘটনাকে ‘আওয়ামী লীগের পরিকল্পিত হামলা’ বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন তিনি।
এ বিষয়ে সংসদ দেওয়া বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, ‘বুধবার রাতে কুষ্টিয়ার দৌলতপুরে তার (নুসরাত) বাড়িতে আগুন দেওয়া হয়েছে। চারটি পেট্রোল বোমা মেরে সেখানে আগুন লাগানো হয়। স্থানীয় থানার ওসি বলেছেন, সেখানে কোনো পেট্রোল বোমার আলামত পাওয়া যায়নি।’
নাহিদ আরও বলেন, তিনি এসপির (পুলিশ সুপার) সঙ্গে কথা বলে জেনেছেন, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সেখানে কোনো ফরেনসিক টিম যায়নি। তাহলে ওসি কীভাবে এ মন্তব্য করলেন, সেই প্রশ্ন তোলেন তিনি।
দেশে নৈরাজ্য ও নাশকতার ঘটনা বাড়ছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘সারা দেশে যে নৈরাজ্য এবং নাশকতা ফ্যাসিবাদী পতিত ফ্যাসিবাদী শক্তি শুরু করেছে, তার প্রধান টার্গেট কারা এটা কিন্তু স্পষ্ট।’
তিনি বলেন, গত পরশুদিন মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপরও হামলা হয়েছে। ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এ ঘটনায় একজনও গ্রেপ্তার হয়নি। একই সঙ্গে সারা দেশে পেট্রোল বোমা ও ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটছে বলে দাবি করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ককটেল বিস্ফোরণ হলেই সেটাকে আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না। সংসদ সদস্যদের বাড়িতে আগুন দেওয়ার পরও আইনশৃঙ্খলার অবনতি হয়েছে বলা যাবে কি না— এ প্রশ্নও তোলেন তিনি।

-03748f.jpg)










-b446b8-256x144.webp)

