নুসরাতের বাড়িতে আগুন: ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

কুষ্টিয়া প্রতিনিধি
আগুনের ক্ষতিগ্রস্ত বাড়ির সামনে পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলছেন এমপি নুসরাত তাবাসসুম। ছবি: সংগৃহীত
আগুনের ক্ষতিগ্রস্ত বাড়ির সামনে পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলছেন এমপি নুসরাত তাবাসসুম। ছবি: সংগৃহীত

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে অগ্নিকাণ্ডে হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। মামলায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের জেলা ও উপজেলা পর্যায়ের আট নেতার নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে নুসরাত তাবাসসুম দৌলতপুর থানায় মামলাটি করেন বলে জানিয়েছেন কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ।

মামলার এজাহারে নাম রয়েছে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি মীর আহসানুল ইসলাম অভি ও সাধারণ সম্পাদক পান্থ শাহারিয়ার অর্পণ, দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আশিক শিকদার ও যুগ্ম আহ্বায়ক মো. রিদয়, কুষ্টিয়া জেলা আওয়ামী যুবলীগের সভাপতি মীর সাইফুল ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ এবং দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মমিনুর রহমান মহন ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলামের।

অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, “সংসদ সদস্য আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জনকে আসামি করে এজাহার জমা দিয়েছেন। এজাহারটি নথিভুক্ত হয়েছে।”

এর আগে বুধবার রাত সোয়া ১২টার দিকে নুসরাত তাবাসসুমদের বাড়িতে আগুন লাগে। এতে টিনশেড বাড়িটির পাঁচটি কক্ষ পুড়ে যায় এবং দুটি ছাগল মারা যায়।

পরদিন বৃহস্পতিবার দুপুরে ক্ষতিগ্রস্ত বাড়ির প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করেন নুসরাত তাবাসসুম। সেখানে তিনি দাবি করেন, প্রতিপক্ষের ছোড়া পেট্রোল বোমার হামলায় আগুনের ঘটনা ঘটেছে। আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলায় জড়িত বলেও অভিযোগ করেন তিনি। বলেন, তারা তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যা করতে চেয়েছিলেন।

এদিকে সংসদে বিরোধী দলের পক্ষ থেকে ঘটনাটি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা শুক্রবার সকালে কুষ্টিয়ার উদ্দেশে রওনা হয়েছেন। বিকেলে তারা নুসরাতের গ্রামের বাড়ি পরিদর্শন করবেন বলে জানিয়েছেন এনসিপির কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক ইয়াসিন আরাফাত। তিনি বৃহস্পতিবার দিনভর নুসরাতের সঙ্গে বাড়িতে ছিলেন এবং থানায় মামলা করার সময়ও তার সঙ্গে ছিলেন।

তবে ঘটনাস্থলে পেট্রোল বোমা বা বিস্ফোরক ব্যবহারের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে কেউ বাড়িটিতে আগুন লাগিয়ে থাকতে পারে। এদিকে বৈদ্যুতিক শর্টসার্কিটের সম্ভাবনাও নাকচ করেছে বিদ্যুৎ বিভাগ।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad