এবার খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে চুনকালি

খুলনা প্রতিনিধি
খুলনা রেলস্টেশনের দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি চুনকালি দেওয়া হয়েছে। ছবি: সংগৃহীত
খুলনা রেলস্টেশনের দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি চুনকালি দেওয়া হয়েছে। ছবি: সংগৃহীত

খুলনা রেলওয়ে স্টেশনের দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি চুনকালি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। প্রতিকৃতির পাশে দুটি প্রচারপত্রও লাগানো হয়েছে।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পুরাতন যশোর রোডের পাশের দেয়ালে ফকির লালন সাঁই, চিত্রশিল্পী এস এম সুলতান, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মাইকেল মধুসূদন দত্তের প্রতিকৃতি আঁকা রয়েছে। এর মধ্যে শুধু রবীন্দ্রনাথের প্রতিকৃতিতেই কালি দেওয়া হয়েছে।

প্রতিকৃতির পাশে লাগানো প্রচারপত্রের শিরোনাম ‘ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা’। সেখানে বিভিন্ন উক্তির পাশাপাশি লেখা রয়েছে, ‘তিতুমীরের বাংলায়, মুসলিম ও পূর্ব বাংলা বিদ্বেষী রঠার ঠাঁই নাই/ভারত বন্দনার ঠাঁই নাই’।

খুলনা সদর থানার ওসি লোকমান হোসেন বলেন, “বিকেলে বিষয়টি জানতে পেরে খোঁজখবর নেওয়া শুরু করি। শুক্রবার সড়কের বিপরীত পাশের সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। এজন্য কারা, কখন এটি করেছে জানা যায়নি।”

প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর উপলক্ষে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) উদ্যোগে রেলস্টেশনের দেয়ালে এসব প্রতিকৃতি আঁকা হয়। জুলাই অভ্যুত্থান, সুন্দরবন, ষাটগম্বুজ মসজিদ ও পাটশিল্পের পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামসহ খুলনা অঞ্চলের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা ব্যক্তিদের প্রতিকৃতি স্থান পেয়েছিল সেখানে।

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, “এসব প্রতিকৃতি আমাদের শিশু-কিশোরদের মুক্তচিন্তার বিকাশ ঘটাবে। কালি দিয়ে তারা তাদের সংকীর্ণ মনন ও অসুস্থতার পরিচয় দিয়েছে।”

সম্মিলিত সাংস্কৃতিক ফোরাম খুলনার আহ্বায়ক কাজল ইসলাম বলেন, “ইদানীং রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মকে রাজনৈতিক দৃষ্টিতে দেখার প্রবণতা দেখা যাচ্ছে। তার সাহিত্য ও দর্শন প্রজন্মের পর প্রজন্মকে মুক্তচিন্তা, অসাম্প্রদায়িকতা ও মানবিক মর্যাদার শিক্ষা দিয়ে আসছে। কিন্তু কিছু তরুণ-যুবককে ভুল বুঝিয়ে নোংরামি করা হচ্ছে। এর বিরুদ্ধে সবপক্ষের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।”

এর আগে গত ১০ অক্টোবর ঢাকায় রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গ্রাফিতির মুখে চুনকালি দেওয়ার ঘটনা ঘটে। ওই ঘটনায় রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আল নূর মোহাম্মদ আয়াশসহ চারজনকে আটক করে পুলিশ।

পরে শাহবাগ থানায় তাদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, উসকানিমূলক বক্তব্য, ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের চেষ্টা ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে মামলা হয়।

১১ অক্টোবর তাদের আদালতে হাজির করা হলে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দেওয়া হয়। রিমান্ড শেষে তারা এখন কারাগারে রয়েছেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad