বগুড়ায় পুলিশকে পিটিয়ে আসামি ছিনিয়ে নিল গ্রামবাসী, আটক ৪ নারী

বগুড়া প্রতিনিধি
হামলায় ২ পুলিশ সদস্য আহত হয়েছেন। ছবি: সংগৃহীত
হামলায় ২ পুলিশ সদস্য আহত হয়েছেন। ছবি: সংগৃহীত

বগুড়ার সোনাতলায় পুলিশের ওপর হামলা চালিয়ে প্রতারণা মামলার এক আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় লোকজনের বিরুদ্ধে। এ সময় পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার নারীকে আটক করা হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) বেলা ১১টার দিকে সোনাতলা উপজেলার ফুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, ফুলবাড়িয়া গ্রামের সালাম মাস্টারের ছেলে গোলাম কবির সুমনের (৩৬) বিরুদ্ধে প্রতারণা মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে সোনাতলা থানার এসআই শিমুল কুমার দাস ও এএসআই মেহেদী হাসান থানার একটি পিকআপ ভ্যান নিয়ে তাকে গ্রেপ্তার করতে ওই গ্রামে যান।

পুলিশ সদস্যরা সুমনকে আটক করে গাড়িতে তোলার সময় স্থানীয় লোকজন তাদের ওপর হামলা চালান। একপর্যায়ে পুলিশ সদস্যদের মারধর করে তাদের কাছ থেকে সুমনকে ছিনিয়ে নেওয়া হয়। হামলাকারীরা পুলিশের পিকআপ ভ্যানটিও ভাঙচুর করেন।

খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে আহত দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে চার নারীকে আটক করে থানায় রাখা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad