রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি: গানে গানে প্রতিবাদ সংস্কৃতিকর্মীদের

রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি কালি দিয়ে মুছে ফেলার চেষ্টার প্রতিবাদে সমবেত কণ্ঠে রবীন্দ্রসংগীত পরিবেশন করেছেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা। এ কর্মসূচিতে তারা ঘটনার নিন্দা জানানোর পাশাপাশি দেশের সাংস্কৃতিক ঐতিহ্য ও অসাম্প্রদায়িক চেতনা রক্ষার আহ্বান জানান।
ঘটনার দিনই শনিবার (১০ অক্টোবর) ‘তাৎক্ষণিক প্রতিবাদী শতকণ্ঠে রবীন্দ্রসংগীত’ শীর্ষক এ আয়োজনে উদীচী শিল্পীগোষ্ঠীসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা অংশ নেন। তারা ‘ও আমার দেশের মাটি’, ‘আজি বাংলাদেশের হৃদয় হতে’ ও ‘সঙ্কোচের বিহ্বলতা’সহ রবীন্দ্রনাথ ঠাকুরের বেশ কয়েকটি গান পরিবেশন করেন। কর্মসূচির শেষ পর্যায়ে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’ গাওয়া হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক ও গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের আহ্বায়ক জামসেদ আনোয়ার তপন। বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি তামজিদ হায়দার চঞ্চলের সঞ্চালনায় বক্তব্য দেন বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের সাংগঠনিক সম্পাদক আমিরুন নুজহাত মণীষা, কেন্দ্রীয় খেলাঘর আসরের সাবেক সাধারণ সম্পাদক তাহমিনা সুলতানা সাথী এবং উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক ইকবালুল হক খানসহ অন্যরা।
বক্তারা বলেন, রবীন্দ্রনাথকে ধর্মীয় পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ রেখে তার সাহিত্য ও সাংস্কৃতিক অবদান অস্বীকারের চেষ্টা চলছে। মুক্তিযুদ্ধ, নব্বইয়ের গণঅভ্যুত্থান ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে অসাম্প্রদায়িক বাংলাদেশের ধারণা জড়িত। এই চেতনার বিপরীতে দেশকে পরিচালিত করার যেকোনো চেষ্টা প্রতিহত করতে হবে।
বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের সাংগঠনিক সম্পাদক আমিরুন নুজহাত মণীষা বলেন, রবীন্দ্রনাথকে ‘হিন্দু কবি’ হিসেবে চিহ্নিত করে তার বিরুদ্ধে প্রচার চালানো হচ্ছে। রবীন্দ্রনাথের ইতিহাস ও সাহিত্য সম্পর্কে না জেনেই এসব বক্তব্য দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। মণীষা আরও বলেন, জুলাইয়ের আন্দোলনকে নিজেদের স্বার্থে ব্যবহারের চেষ্টা চলছে। সংস্কৃতির সংগ্রাম ও রাজনৈতিক সংগ্রাম একসঙ্গে চলবে।
কেন্দ্রীয় খেলাঘর আসরের সাবেক সাধারণ সম্পাদক তাহমিনা সুলতানা সাথী বলেন, স্বাধীনতার লক্ষ্য ছিল সাম্য ও অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। এমন একটি দেশে শিশুরা সমান সুযোগ পাবে এবং মানুষের কাজ, খাদ্য ও বাসস্থানের অধিকার নিশ্চিত হবে। এ লক্ষ্য বাস্তবায়নে বাধা এলে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক ইকবালুল হক খানও রবীন্দ্রনাথের দেয়ালচিত্রে কালি দেওয়ার ঘটনার প্রতিবাদ জানান। তিনি বলেন, বাংলাদেশকে অসাম্প্রদায়িক দেশ হিসেবে গড়ে তোলার সংগ্রাম অব্যাহত রাখতে হবে।
সমাপনী বক্তব্যে জামসেদ আনোয়ার তপন বলেন, রবীন্দ্রনাথের ছবিতে কালি লেপন করে তাকে বাঙালির মন ও সংস্কৃতি থেকে মুছে ফেলা যাবে না। পাকিস্তান আমলেও রবীন্দ্রসংগীত ও রবীন্দ্রচর্চা বন্ধের চেষ্টা হয়েছিল। তবে বাঙালির সাংস্কৃতিক আন্দোলন মুক্তিযুদ্ধের পথ তৈরিতে ভূমিকা রেখেছে। ভবিষ্যতেও সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা দেওয়া হলে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত পরিবেশনায় নেতৃত্ব দেন উদীচীর ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক রুমি প্রভা। তিনি বলেন, ‘যারা আমাদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের শেকড়, ইতিহাস থেকে সেই কৃতি ব্যক্তিদের কালি দিয়ে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। এটা একটা ব্যর্থ প্রচেষ্টা বলে মনে করি। তারপরও এমন একটি হীন প্রচেষ্টার প্রতিবাদেই আমাদের এই প্রতিবাদ আয়োজন।’
এদিকে, শনিবার দুপুরে শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথের দেয়ালচিত্রে কালি দিতে গিয়ে আটক চারজনকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এ এন এম আয়াস ও একজন নারী রয়েছেন।
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম বলেন, বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে আয়াসকে আটক করা হয়েছে। ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সম্প্রতি সেগুনবাগিচা এলাকায় ফুটপাত দখলমুক্ত করে সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নেয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এর অংশ হিসেবে শিল্পকলা একাডেমির সীমানাপ্রাচীরের উল্টো পাশে ফুটপাত সাজানো হয়। সেখানে নতুন ডাস্টবিন ও বসার বেঞ্চ স্থাপনের পাশাপাশি দেয়ালে আঁকা হয় ১০ জন গুণী ব্যক্তিত্বের ছবি। গত সোমবার সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক আবদুস সালাম।
দেয়ালে যাদের প্রতিকৃতি আঁকা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন বাংলাদেশের কাজী নজরুল ইসলাম, ফকির লালন শাহ, জয়নুল আবেদিন, এস এম সুলতান, জহির রায়হান, শাহ আবদুল করিম ও হুমায়ূন ফরীদি। এ ছাড়া পশ্চিমবঙ্গের রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও সত্যজিৎ রায়ের প্রতিকৃতিও রয়েছে। তালিকায় পশ্চিমবঙ্গের ব্যক্তিত্বদের অন্তর্ভুক্তি এবং কোনো নারী ব্যক্তিত্বকে স্থান না দেওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পক্ষে-বিপক্ষে আলোচনা হয়।
















-c79025-256x144.webp)