মোবাইল চুরি ঘিরে হবিগঞ্জে ২ গ্রামবাসীর সংঘর্ষ, আহত শতাধিক

হবিগঞ্জ সদর উপজেলায় মোবাইল ফোন চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের শতাধিক লোক আহত হয়েছেন।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার রাজিউড়া ইউনিয়নের জয়রামপুর ও নিজামপুর ইউনিয়নের নিতাইরচক গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ হয় বলে জানিয়েছেন হবিগঞ্জ সদর থানার ওসি জাহিদুল হক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুই দিন আগে নিতাইরচক গ্রামের নানু মিয়ার বাড়ি থেকে একটি মোবাইল ফোন চুরি হয়। এ ঘটনায় রাজিউড়া ইউনিয়নের জয়রামপুর গ্রামের এক যুবক জড়িত থাকার অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়।
পরে ঘটনা মীমাংসার জন্য শুক্রবার সকালে স্থানীয় মুরুব্বিরা সালিশি বৈঠকের আয়োজন করেন। তবে বৈঠকে না গিয়ে দুই গ্রামের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
খবর পেয়ে ওসিসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার শেল ও ফাঁকা গুলি ছোড়ে। পরে পুলিশের হস্তক্ষেপে সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে।
আহতদের মধ্যে তোফাজ্জুল মিয়া, জিতু মিয়া, আব্দুল আহাদ, আদম আলী, সোহেল মিয়া, সানু মিয়া, নানু মিয়া, লিটন মিয়া, নুরুজ মিয়া, মারাজ মিয়া, হাবিবুর রহমান, এমদাদুল মিয়া, শিষ আলী, পারভেজ মিয়া, বিলাল মিয়া ও আক্কাস মিয়াকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যদের নাম-পরিচয় জানা যায়নি।
ওসি জাহিদুল হক বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।










-01b0b5-256x144.webp)




