শিল্পকলার দেয়ালে রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আটক ৪

প্রতিবেদক, রাজনীতি ডটকম
শিল্পকলার দেয়ালে রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আটক ৪

রাজধানীর শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি লাগানোর ঘটনায় এক নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে তাদের আটক করে শাহবাগ থানায় নেওয়া হয়। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হবে কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের পাশাপাশি সত্যজিৎ রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সঞ্জীব চট্টোপাধ্যায়সহ উপমহাদেশের বিভিন্ন গুণীজনের প্রতিকৃতি আঁকা ছিল। শনিবার দুপুরে এক নারী ও তার সহযোগীরা রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালো কালি লাগান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ওই নারীকে ব্রাশ দিয়ে ছবিটিতে কালি লাগাতে দেখা যায়।

ভিডিওতে আরও দেখা যায়, এ সময় পুলিশ তাদের আটক করে ভ্যানে তোলে। আটকের সময় ওই নারী ও তাঁর সহযোগীরা ‘ভারতীয় আগ্রাসন’ বিরোধী বিভিন্ন স্লোগান দেন। আয়াশ নামের এক যুবককে ভ্যানে তোলার সময় সেখানে হট্টগোলেরও সৃষ্টি হয়।

ঘটনার পর গণমাধ্যমের সামনে ওই নারী দাবি করেন, রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন এবং বলেছিলেন, ‘কাঙ্গালদের আবার কিসের শিক্ষা’। রবীন্দ্রনাথকে ‘বাংলাদেশের বিরুদ্ধে’ আখ্যা দিয়ে এর প্রতিবাদে তিনি প্রতিকৃতিতে কালি দিয়েছেন বলে জানান।

তবে পরে সাংবাদিকদের প্রশ্নের মুখে নিজের বক্তব্য পরিবর্তন করেন ওই নারী। তিনি বলেন, তিনি জ্বরে আক্রান্ত এবং তাঁকে কেবল একটি ‘সাধারণ প্রতিবাদ কর্মসূচির’ কথা বলে সেখানে আনা হয়েছিল। রবীন্দ্রনাথের ছবিতে কালি দেওয়ার বিষয়টি আগে থেকে জানতেন না; জানলে তিনি আসতেন না। এ ছাড়া আটকের সময় এক পুরুষ পুলিশ সদস্য তাঁকে ধাক্কা দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।

শাহবাগ থানার ডিউটি অফিসার মোহাম্মদ আব্দুল খালেক বলেন, ঘটনাস্থল থেকে আয়াশসহ তিন যুবক ও এক নারীকে আটক করা হয়েছে। বেলা সাড়ে ১২টার দিকে তাঁদের থানায় নেওয়া হয়। তাঁদের বিরুদ্ধে মামলা করার বিষয়ে এখনো নিশ্চিত সিদ্ধান্ত হয়নি। ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন। বর্তমানে আটক ব্যক্তিরা থানা হেফাজতে রয়েছেন এবং তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement