পোশাকশ্রমিকদের আন্দোলনের মধ্যে পুলিশকে মারধরের ঘটনায় গ্রেপ্তার ৮

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যকে মারধর ও আহত করার ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) আকতার হোসেন আটজনকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন। তবে গ্রেপ্তার ব্যক্তিদের নাম-পরিচয় জানাননি তিনি।
গত মঙ্গলবার মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনের সময় ওই পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটে। পরে হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে কয়েকজনকে লাঠি দিয়ে এক পুলিশ সদস্যকে বেধড়ক মারধর করতে দেখা যায়। এ সময় কয়েকজন হামলাকারীদের নিবৃত্ত করার চেষ্টা করেন।
ঘটনার পর পল্লবী থানার ওসি জালাল উদ্দিন বলেন, শ্রমিকদের মিরপুর ১১ এলাকা থেকে সরিয়ে দেওয়ার পর তারা কালশীর দিকে যাচ্ছিলেন। এ সময় দলছুট অবস্থায় সাইমন নামে ওই পুলিশ সদস্য হামলার শিকার হন।
সাইমন পুলিশের একজন কনস্টেবল। মঙ্গলবার আহত অবস্থায় চিকিৎসার জন্য তাকে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে নেওয়া হয়। সেদিন মিরপুর ১১ নম্বর মেট্রো স্টেশনের নিচে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।








-73bad5-256x144.webp)




