খুলনার দিঘলিয়ায় বাড়ির ভেতরে মুড়ির প্যাকেটে বিস্ফোরণে এম এম মনিরুল ইসলাম (৬৩) নামে এক জামায়াত নেতা আহত হয়েছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) ভোর পৌনে ৬টার দিকে উপজেলার সেনহাটি কলের পুকুরের পশ্চিম পাশে তাঁর বাড়িতে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মনিরুল ইসলাম সেনহাটি ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের একটি ইউনিটের সভাপতি। ফজরের নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফিরে দরজার সামনে পলিথিনের একটি প্যাকেটে মুড়ি পড়ে থাকতে দেখেন তিনি। কেউ ভুল করে রেখে গেছে ভেবে প্যাকেটটি ঘরের ভেতরে নিয়ে যান।
প্যাকেটটি ঘরের মেঝেতে রাখার সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ ঘটে। এতে মনিরুল ইসলামের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। ঘরের আসবাবপত্রেও আগুন ধরে যায়। স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং তাঁকে উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরুপ কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাটি রহস্যজনক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিস্ফোরণের নেপথ্যের কারণ খুঁজে বের করার চেষ্টা চলছে।









-d6798b-256x144.webp)





