এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি ভাঙচুর-জমি দখলের অভিযোগে মামলা

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের বাবা আবদুল হালিমের বিরুদ্ধে কুষ্টিয়ার দৌলতপুর থানায় মামলা হয়েছে। মামলায় আবদুল হালিমকে একমাত্র নামীয় আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।
বসতবাড়ি ভাঙচুর, মারধর, মালামাল লুট ও জমি দখলের অভিযোগে শনিবার (১৪ নভেম্বর) মামলাটি করেন উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান টেনশন মোড় এলাকার বাসিন্দা ইদ্রিস আলী (৬৭)।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ। শনিবার সন্ধ্যা ছয়টার দিকে তিনি বলেন, আবদুল হালিমের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলাটি দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) মহসীন চৌধুরী তদন্ত করবেন।
এজাহার সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে আবদুল হালিমের দুই ভাইয়ের কাছ থেকে সোয়া চার কাঠা জমি কেনেন ইদ্রিস আলী। জমির দখল বুঝে নিয়ে সেখানে বাড়ি নির্মাণ করে পরিবারসহ বসবাস করছিলেন তিনি। পরে ওই জমি দখলের চেষ্টা করেন আবদুল হালিম।
অভিযোগ অনুযায়ী, এর জেরে গত বছরের ১৩ সেপ্টেম্বর সকালে দেশীয় অস্ত্র নিয়ে আবদুল হালিম ও তার সহযোগীরা ইদ্রিস আলীর বাড়িতে হামলা চালান। এ সময় বসতঘরের বেড়া, দরজা-জানালা, টিনের চাল ও আসবাব ভাঙচুর করা হয়। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজহারে বলা হয়েছে, হামলায় বাধা দিতে গেলে ইদ্রিস আলী ও তার স্ত্রী মিনা খাতুনকে লাঠি দিয়ে মারধর করা হয়। পরে ঘর থেকে তিনটি খাট, ১০ বান্ডেল টিনসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।
ইদ্রিস আলী এজাহারে অভিযোগ করেন, ঘটনার পর এলাকাবাসীর কাছে বিচার চাইলে উল্টো গত বছরের ১৬ সেপ্টেম্বর তার বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা করেন আবদুল হালিম। ওই মামলায় তাকে কারাগারে যেতে হয়। জামিনে মুক্ত হওয়ার পর তিনি জানতে পারেন, সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের প্রভাব খাটিয়ে আবদুল হালিম ওই জমি দখল করে নিয়েছেন।
এজাহারে আরও বলা হয়, বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে অস্ত্র মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয়। এরপর নিরাপত্তার কারণে ইদ্রিস আলী সপরিবার এলাকা ছেড়ে শ্বশুরবাড়িতে আশ্রয় নেন।
গত ১২ নভেম্বর আবদুল হালিমের বাড়িতে অগ্নিকাণ্ডও ঘটে। ওই ঘটনায় করা মামলায় ইদ্রিস আলী ও তার পরিবারের সদস্যদের মিথ্যাভাবে জড়ানোর চেষ্টা চলছে বলে জানতে পারেন তিনি। আতঙ্ক ও নিরাপত্তাহীনতার কারণে এতদিন মামলা করতে পারেননি বলে এজাহারে উল্লেখ করেছেন ইদ্রিস আলী।
নুসরাতের বাড়িতে আগুন
এর আগে গত বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাতে কুষ্টিয়ার দৌলতপুরে নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে আগুন লাগে। বাড়িতে পেট্রোল বোমা হামলা চালানো হয়েছে বলে নুসরাতসহ এনসিপির নেতারা অভিযোগ করেন।
পরদিন জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, পেট্রোল বোমা ব্যবহৃত হয়নি বলে ধারণা করা হচ্ছে। পুরোনো বৈদ্যুতিক ওয়্যারিংয়ের কারণে শর্টসার্কিটের সম্ভাবনা খুব বেশি বলেও জানান তিনি। তবে অধিকতর তদন্তে নাশকতার প্রমাণ পাওয়া গেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
গতকাল শুক্রবার পোড়া বাড়িটি পরিদর্শন করেন পল্লী বিদ্যুতের কুষ্টিয়া জেলার প্রাগপুর পল্লী বিদ্যুৎ সাবজোন কার্যালয়ের এজিএম (অপারেশনস ও মেইনটেন্যান্স) তোজাম্মেল হক। তিনি বলেন, ঘটনাস্থলে গিয়ে মিটার, তার ও মিটারের সঙ্গে সংযুক্ত মেইন সুইচ পর্যবেক্ষণ করেছেন। কাটআউট অক্ষত অবস্থায় পাওয়া গেছে। ট্রান্সফরমারের ফিউজও কাটেনি। মিটারের সঙ্গে যুক্ত মেইন সুইচও কাটেনি। তাই শর্টসার্কিটের কোনো সুযোগ নেই।














-e111dc-256x144.webp)


