ফরিদপুরে আ.লীগের ককটেল হামলায় কৃষক দলের নেতা নিহত

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ককটেল হামলায় নিহত স্থানীয় কৃষক দলের নেতা রাজু মোল্যা। ছবি: সংগৃহীত
ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ককটেল হামলায় নিহত স্থানীয় কৃষক দলের নেতা রাজু মোল্যা। ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ককটেল হামলায় রাজু মোল্যা (৪০) নামের কৃষক দলের এক নেতা নিহত হয়েছেন। তাদের হামলা ও ককটেল বিস্ফোরণে চারটি মোটরসাইকেলে আগুন ধরে যায়। এ ছাড়া স্থানীয় বিএনপির কার্যালয় ভাঙচুরও করেছেন তারা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৮টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদি ইউনিয়নের মাধবপুরে ফরিদপুর-বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে। সেখানে মহাসড়কে আগুন জ্বালিয়ে ও দেশীয় অস্ত্র হাতে বিক্ষোভ করেছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

নিহত রাজু মোল্যা ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুড়া গ্রামের আকতার মোল্যার ছেলে। তিনি উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক।

স্থানীয়রা জানান, দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহাসড়কের ওপর বিক্ষোভ করছিলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা। সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছিলেন তারা। এ সময় মহাসড়কটিতে প্রায় এক ঘণ্টা ধরে গাড়ি চলাচল বন্ধ হয়ে ছিল।

খবর পেয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কয়েকটি মোটরসাইকেলে করে সেখানে যান। এ সময় তাদের ওপর ককটেল ছুড়লে রাজু মোল্যা গুরুতর আহত হন। চারটি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেওয়া হয়।

রাজু মোল্যাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল কর্মকর্তা তানজীরুল ইসলাম মামুন বলেন, রাজু মোল্যা নামে একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তার মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. রায়হান গফুর বলেন, হামলায় একজন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad