ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরার তালায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে এক ব্যবসায়ীকে অপহরণ করে তার স্ত্রীর কাছে মুক্তিপণ দাবির অভিযোগে এক পুলিশ কনস্টেবলসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে হ্যান্ডকাফ, পুলিশের দুটি প্রতিফলক ভেস্ট, একটি মোটরসাইকেল এবং নগদ ১ লাখ ৭১ হাজার ৪৫০ টাকা উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার দুজন হলেন পুলিশ কনস্টেবল সোহেল আহম্মেদ ও মতিউর হোসেন মোরসালিন।
রোববার (১৫ নভেম্বর) সকালে তালা উপজেলার তেঁতুলিয়া বাজারে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই সময় ব্যবসায়ী কাশেম সরদার নিজের দোকানে কাজ করছিলেন। এ সময় দুই ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাঁর দোকানে যান। একপর্যায়ে কাশেমের হাতে হ্যান্ডকাফ পরিয়ে তাঁকে মোটরসাইকেলে তুলে নিয়ে যান। পরে তাঁর স্ত্রীর মোবাইল ফোনে যোগাযোগ করে মুক্তিপণ দাবি করেন তাঁরা।
ঘটনার পর কাশেমের স্ত্রী তালা থানায় অভিযোগ করেন। পুলিশ তদন্ত শুরু করে অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে। পরে খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর এলাকায় তালা ও ডুমুরিয়া থানা-পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাঁদের আটক করে। এ সময় অপহরণে ব্যবহৃত হ্যান্ডকাফ, পুলিশের দুটি প্রতিফলক ভেস্ট, মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তার সোহেল আহম্মেদ যশোর কোতোয়ালি থানার বারান্দীপাড়া এলাকার জুলহাস উদ্দিনের ছেলে। অপর আসামি মতিউর হোসেন মোরসালিন তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামের সৈয়দ মৈনুলের ছেলে। তিনি বর্তমানে খুলনার সোনাডাঙ্গা এলাকায় বসবাস করেন। ভুক্তভোগী কাশেম সরদার তালা উপজেলার সুকদেবপুর গ্রামের রাজ্জাক সরদারের ছেলে। তেঁতুলিয়া বাজারে তাঁর সাইকেল ও ভ্যানের যন্ত্রাংশের ব্যবসা রয়েছে।
এ ঘটনায় সোমবার (১৬ নভেম্বর) তালা থানায় দণ্ডবিধির ৩৬৪ ধারায় মামলা হয়েছে। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম বলেন, ব্যবসায়ীকে অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। সোমবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।












-f8ef77-256x144.webp)

