গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ-অবরোধের ২ ঘণ্টা পর যান চলাচল শুরু

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ১২: ৪৬
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল শুরু হয়। ফাইল ছবি: সংগৃহীত
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল শুরু হয়। ফাইল ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের প্রায় দুই ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচলও শুরু হয়। এর আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার সকাল পৌনে ১০টার দিকে চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার ৮ থেকে ১০টি কারখানার শ্রমিকরা কাজে যোগ দেন। হাজিরা দেওয়ার পর তারা কারখানা থেকে বের হয়ে বিক্ষোভ শুরু করেন।

কয়েক দিন আগে শ্রমিক আন্দোলনের সময় এপেক্স কারখানার এক নারী শ্রমিক আহত হওয়ার পর তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। ওই গুজবের পাশাপাশি বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকরা বিক্ষোভে নামেন। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এ সময় শ্রমিকরা উত্তেজিত হয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। একপর্যায়ে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে গেলে বেলা সাড়ে ১১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার ৮ থেকে ১০টি কারখানার শ্রমিকরা হাজিরা দিয়ে কারখানা থেকে বের হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। প্রথমে তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। এ সময় শ্রমিকরা উত্তেজিত হয়ে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়।

এদিকে চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শনিবার বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা জেলার সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, জিরানী ও জামগড়া; নারায়ণগঞ্জ জেলার শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া, কাঁচপুর ও শিমরাইল এবং গাজীপুর জেলার চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, আমবাগ কাটা, ভোগড়া বাইপাস, গাছা, সালনা, নাওজোর ও কাশিমপুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে শ্রমিক অসন্তোষ ও কর্মবিরতির জেরে ঢাকার সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলের ৪০টি তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। শনিবার সকালে কারখানাগুলোর সামনে বন্ধের নোটিশ টানিয়ে দেওয়া হয়। একই সঙ্গে আরও সাতটি পোশাক কারখানায় এক দিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে কয়েক দিন ধরে আশুলিয়া ও গাজীপুরের বিভিন্ন কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও কর্মবিরতি করছেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad