শ্রমিক অসন্তোষে আশুলিয়ায় ৪০ পোশাক কারখানা বন্ধ, ছুটি ৭টিতে

সাভার (ঢাকা) প্রতিনিধি
সাভারের আশুলিয়া পোশাক শ্রমিকদের বিক্ষোভ। ফাইল ছবি: সংগৃহীত
সাভারের আশুলিয়া পোশাক শ্রমিকদের বিক্ষোভ। ফাইল ছবি: সংগৃহীত

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে শ্রমিকদের কর্মবিরতি ও অসন্তোষের জেরে ঢাকার সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলের ৪০টি তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে আরও সাতটি কারখানায় এক দিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকালে কারখানাগুলোর প্রধান ফটকে বন্ধের নোটিশ টানিয়ে দেওয়া হয়। কাজে যোগ দিতে এসে নোটিশ দেখে অনেক শ্রমিক ফিরে যান। তবে শিল্পাঞ্চলের কয়েকটি পয়েন্টে শ্রমিকদের জড়ো হওয়ার চেষ্টা করতে দেখা গেছে।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, “এ পর্যন্ত ৪০টি পোশাক কারখানা বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩ (১) ধারা অনুযায়ী বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আর সাতটি পোশাক কারখানা আজকের (শনিবার) জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।”

শিল্প পুলিশ জানায়, গত কয়েক দিন ধরে আশুলিয়ার জামগড়া, নরসিংহপুর, জিরাবো, নিশ্চিন্তপুর ও পুকুরপাড় এলাকার বেশ কয়েকটি পোশাক কারখানায় শ্রমিকরা ন্যূনতম মজুরি বৃদ্ধি, হাজিরা বোনাস ও টিফিন বিল বাড়ানোসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করে আসছিলেন।

শ্রমিকদের কাজে ফেরাতে কারখানা কর্তৃপক্ষ ও প্রশাসনের পক্ষ থেকে আহ্বান জানানো হলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। পরে কারখানার নিরাপত্তা ও জানমাল রক্ষার কথা বিবেচনা করে শ্রম আইনের ১৩ (১) ধারা অনুযায়ী ‘কাজ নেই, মজুরি নেই’ ভিত্তিতে অনির্দিষ্টকালের জন্য কারখানাগুলো বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

বন্ধ ঘোষণা করা কারখানাগুলোর মধ্যে রয়েছে চান্তিক গার্মেন্টস লিমিটেড, এ আর জিন্স প্রডিউসার লিমিটেড, এফ জি এস ডেনিম ওয়্যার লিমিটেড, আজমত এ্যাপারেলস লিমিটেড (আজমত গ্রুপ), ফ্যাশন ডট কম লিমিটেড, আলপস এ্যাপারেলস লিমিটেড, ঈগল টেক্সটাইল লিমিটেড, জিহান গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কন্টিনেন্টাল গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, অ্যাকটিভ কম্পোজিট মিলস লিমিটেড, তাহারাত কম্পোজিট লিমিটেড, আনাম গার্মেন্টস লিমিটেড, এস-২১ এ্যাপারেলস লিমিটেড, এনভয় গ্রুপ, রেডিয়ান্স নীটওয়্যার লিমিটেড, নিউ এইজ গার্মেন্টস লিমিটেড, কাইলক নিউ এইজ বিডি লিমিটেড, নিউ এইজ অ্যাপারেলস লিমিটেড, মানতা অ্যাপারেলস লিমিটেড, এনভয় ফ্যাশন লিমিটেড ও এনভয় ডিজাইন লিমিটেড।

পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, “বর্তমানে এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও ভাঙচুর এড়াতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং বন্ধ ঘোষিত কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।”

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, “বর্তমানে পরিস্থিতি অনেকটাই শান্ত রয়েছে। তবুও কিছু কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আবার বেশ কয়েকটি কারখানা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। অন্যদিকে খোলা কারখানাগুলোতে স্বাভাবিকভাবে কাজকর্ম চলছে।”

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad