টুঙ্গিপাড়ায় নাশকতা: পুলিশের মামলায় আসামি ২২২৪, গ্রেপ্তার ৪

গোপালগঞ্জ প্রতিনিধি
টুঙ্গিপাড়া থানা। ছবি: সংগৃহীত
টুঙ্গিপাড়া থানা। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ধর্মঘটকে কেন্দ্র করে পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ।

মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার জনকে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ নভেম্বর) টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক মোসলেম আলী বাদী হয়ে মামলাটি করেন। টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, গত মঙ্গলবার (১০ নভেম্বর) নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি চৌরাস্তায় জড়ো হয়ে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করেন। পরে যুবলীগ, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সদস্যরা তাদের সঙ্গে যোগ দিয়ে মিছিল বের করেন।

অভিযোগে বলা হয়, একপর্যায়ে তারা সড়ক অবরোধ করে অগ্নিসংযোগ করেন এবং পুলিশ সদস্যদের সরকারি গাড়ির পথরোধ করে সেটি ঘিরে ফেলেন। দেশীয় অস্ত্র নিয়ে হামলার পাশাপাশি লাঠিসোঁটা দিয়ে গাড়ির বিভিন্ন অংশে আঘাত করে এর সব কাচ ভেঙে ফেলা হয়।

মামলার বিবরণ অনুযায়ী, পুলিশ তাদের ছত্রভঙ্গ হয়ে চলে যাওয়ার জন্য একাধিকবার অনুরোধ করে। তবে সেই অনুরোধ উপেক্ষা করে তারা ভাঙচুর চালাতে থাকেন। একপর্যায়ে গাড়িটিতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

সরকারি সম্পত্তি ও পুলিশ সদস্যদের জানমাল রক্ষা এবং আত্মরক্ষার্থে পুলিশ ১০ রাউন্ড রাবার বুলেট, পাঁচ রাউন্ড টিয়ার শেল ও তিন রাউন্ড সাউন্ড গ্রেনেড ছোড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এরপর স্থানীয় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পুলিশের গাড়িতে লাগা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad