চট্টগ্রামে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত যুবদল কর্মীর মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি
নিহত যুবদল কর্মী আবু ইউসুফ জীবন। ছবি: সংগৃহীত
নিহত যুবদল কর্মী আবু ইউসুফ জীবন। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত যুবদল কর্মী আবু ইউসুফ জীবন (২৭) মারা গেছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নগরীর বায়েজিদ বোস্তামী থানার কুঞ্জছায়া আবাসিক এলাকার বাসিন্দা জীবনকে গত মঙ্গলবার রাতে মারধরের পর ছুরিকাঘাত করা হয়। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে মহানগর যুবদল নেতা জিল্লুর রহমান জুয়েল ও তার অনুসারীদের দায়ী করা হয়েছে।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, মঙ্গলবার রাতে কুঞ্জছায়া আবাসিক এলাকার ২ নম্বর সড়কে জীবনের ওপর হামলা ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পায়ে প্রচুর রক্তক্ষরণের কারণে তার অবস্থা সংকটাপন্ন হয়েছিল।

চমেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টার দিকে তার (জীবন) মৃত্যু হয় বলে জানান ওসি। তিনি বলেন, এ ঘটনায় বুধবার জীবনের মা বাদী হয়ে জিল্লুর রহমান জুয়েলকে প্রধান আসামি করে ১৫ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। জীবনের মৃত্যু হওয়ায় মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হবে।

স্থানীয়দের ভাষ্য, জীবন একসময় যুবদল নেতা জিল্লুর রহমান জুয়েলের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। সম্প্রতি তিনি জুয়েলের পক্ষ ছেড়ে অন্য এক নেতার সঙ্গে যুক্ত হন। এ নিয়ে জুয়েল ও তার অনুসারীরা তার ওপর ক্ষুব্ধ ছিলেন।

স্থানীয়দের অভিযোগ, এর জের ধরেই মঙ্গলবার রাতে জুয়েলের অনুসারীরা জীবনের ওপর এলোপাতাড়ি হামলা চালিয়ে তাকে ছুরিকাঘাত করেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad