আলোচিত সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মরদেহ মিলল তুরাগ নদে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ১৩: ৫৫
বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সুরি
বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সুরি

নিখোঁজের পরদিন তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির (২৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিমানে করে দেশত্যাগের সময় ভিডিও ধারণের ঘটনায় আলোচনায় এসেছিলেন তিনি।

মঙ্গলবার (২৮ অক্টোবর) থেকে তাহসিফের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে তুরাগ নদ থেকে তর মরদেহ উদ্ধার করা হয়।

নৌ পুলিশের ঢাকা রিজিয়নের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে জানান, বুধবার জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে বিকেল সাড়ে ৪টার দিকে তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করা হয়।

নৌ পুলিশের এই কর্মকর্তা বলেন, তাহসিফের এক আত্মীয়কে খবর দেওয়ার পর ময়নাতদন্তের জন্য মরদেহ শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

তাহসিফের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হচ্ছে, জুলাই গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনার দেশত্যাগের সেই আলোচিত ভিডিওটি তিনিই ধারণ করেছিলেন। তার মৃত্যুর সঙ্গেও এর যোগসূত্র থাকতে পারে। তবে নৌ পুলিশের পক্ষ থেকে এসব বিষয়ে কোনো মন্তব্য আসেনি।

নৌ পুলিশ সূত্র জানিয়েছে, তুরাগ থেকে উদ্ধার ব্যক্তির বয়স আনুমানিক ২৮ বছর। তার পরনে ছিল সাদা পায়জামা ও কালো জামা। হাতে ঘড়ি এবং পকেটে একটি আইফোন পাওয়া যায়। আইফোনের মাধ্যমেই মূলত তার পরিচয় শনাক্ত করা হয়।

তাহসিফ সপরিবার উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাটে থাকতেন। বাবা কে এম এনায়েত হেলাল। বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন তাহসিফ। ২০২৪ সালের আগস্টের শেষ দিকে তাহসিফসহ বিমান বাহিনীর আরও চার কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়।

এক টকশোতে বিমানবাহিনী থেকে অব্যাহতি পাওয়ার কারণ সম্পর্কে তাহসিফকে প্রশ্ন করা হয়েছিল— শেখ হাসিনার বিমানে দেশত্যাগের ভিডিও প্রচার করার কারণেই তাকে বিমানবাহিনী থেকে অব্যাহতি দেওয়া হয়েছে কি না।

জবাবে তাহসিফ বলেন, হতে পারে। যে ঘটনাগুলো ওই সময় ঘটেছিল তা আমি বলব না, আমার কিছু অপারগতা আছে। তবে মনে হয় এই অভিযোগ কারণে তারা এটা (চাকরি থেকে অব্যাহতি দেওয়া) করেছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad