ইনানীতে নলকূপের পাইপ দিয়ে বের হচ্ছে আগুন, নিয়ন্ত্রণে আসেনি ৩ ঘণ্টায়ও

কক্সবাজার প্রতিনিধি
আগুন লাগার তিন ঘণ্টা পরও তা নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস। ছবি: সংগৃহীত
আগুন লাগার তিন ঘণ্টা পরও তা নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস। ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার ইনানীতে গভীর নলকূপ স্থাপনের সময় মাটির নিচ থেকে আগুন বের হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে আগুনের সূত্রপাত হয়। গ্যাসের গন্ধযুক্ত ধোঁয়া বের হওয়ায় ভূগর্ভে প্রাকৃতিক গ্যাসের উপস্থিতি থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনাস্থলটি ইনানীর ছোট ব্রিজসংলগ্ন এলাকায়। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে তিন ঘণ্টা চেষ্টা করেও আগুন নেভানো সম্ভব হয়নি।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আবদুল্লাহর বাড়িতে তিন-চার দিন ধরে গভীর নলকূপ স্থাপনের কাজ চলছিল। নলকূপটি প্রায় ৯০০ ফুট গভীর করার পর মঙ্গলবার সকালে আবার কাজ শুরু করেন শ্রমিকরা।

মোহাম্মদ আবদুল্লাহ জানান, সকালে নলকূপ স্থাপনের মিস্ত্রিরা কাজ শুরু করলে হঠাৎ মাটির নিচ থেকে আগুনের কুণ্ডলী বের হতে দেখেন তারা।

উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাটির নিচে গ্যাসের উপস্থিতির কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়ে থাকতে পারে।

এদিকে আগুনের কাছেই ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন থাকায় দুর্ঘটনার ঝুঁকি এড়াতে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

উখিয়া পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক কাইজার নূর বলেন, মনখালী থেকে পাটুয়ারটেক পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার। তিনি বলেন, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দুর্ঘটনা এড়াতে সবাইকে সতর্ক করা হচ্ছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad