লক্ষ্মীপুরে মাটির ব্যবসা নিয়ে বিরোধে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

লক্ষ্মীপুর প্রতিনিধি
গুলিবিদ্ধ খোরশেদকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছবি: সংগৃহীত
গুলিবিদ্ধ খোরশেদকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে মাটির ব্যবসাকে কেন্দ্র করে বিরোধের জেরে খোরশেদ আলম (৫০) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। বুধবার দুপুরে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলসাদপুর গ্রামের খাঁনের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত খোরশেদ আলম ওই গ্রামের রুহুল আমিনের ছেলে। তিনি মাটির ব্যবসা করতেন। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

খোরশেদের স্ত্রী আকলিমা আক্তার ও মেয়ে প্রেমা আক্তারের ভাষ্য, বুধবার দুপুরে মোরশেদ ও মজিদ নামের দুজন বাড়ি থেকে ডেকে নিয়ে যান খোরশেদকে। পরে গুলির শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে গিয়ে তারা জানতে পারেন, ওয়ালিদ নামের এক ব্যক্তি তাকে গুলি করেছেন।

মাটির ব্যবসা নিয়ে ওয়ালিদ এর আগেও বিভিন্নভাবে হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ করে নিহতের পরিবার। গুলিবিদ্ধ খোরশেদকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের মেডিকেল কর্মকর্তা জহুরুল ইসলাম রনি বলেন, খোরশেদের শরীরে দুটি গুলির চিহ্ন পাওয়া গেছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ ফারভেজ বলেন, খোরশেদ নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

খোরশেদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর হাসপাতাল এলাকায় স্ত্রী, মেয়ে ও স্বজনদের আহাজারি করতে দেখা যায়। এ হত্যাকাণ্ডের বিচার এবং জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad