আধিপত্য বিস্তারের জেরে বাড়িতে ঢুকে তরুণকে গুলি করে হত্যা

নরসিংদী প্রতিনিধি
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নরসিংদী সদরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়িতে ঢুকে আব্দুল্লাহ ওরফে বাবু (২৬) নামে এক তরুণকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে শহরের চৌয়ালা মহল্লার লোকমান হোসেন পৌর মাধ্যমিক বিদ্যালয়ের পেছনে একটি বাড়িতে এ ঘটনা ঘটে। নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন এ তথ্য জানিয়েছেন।

নিহত আব্দুল্লাহ ওরফে বাবু ওই এলাকার আব্দুল কাদিরের ছেলে। তিনি পেশায় ফুচকা বিক্রেতা ছিলেন। আহত দুজন হলেন— রুবেল (৩০) ও মিরাজ (২০)। তারা নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবু লালের পক্ষের লোকজনের সঙ্গে হেলালের লোকজনের বিরোধ চলছিল। এর আগে আবু লাল ও হেলাল একই অপরাধী চক্রের সঙ্গে যুক্ত ছিলেন। উভয়পক্ষের লোকজনের বিরুদ্ধে হত্যা, চুরি ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে।

শুক্রবার বিকেলে আবু লালের পক্ষের লোকজন একটি বাড়িতে ঢুকে বাবুকে গুলি করে পালিয়ে যায়। এ সময় বাধা দিতে গেলে ধারালো অস্ত্রের আঘাতে বাবুর বড় ভাই রুবেল ও অপরপক্ষের মিরাজ আহত হন। ঘটনার পরপর বাবুকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি এ আর এম আল মামুন বলেন, সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বাবুর লাশ মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ছাড়া আহত মিরাজকে আটক করা হয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement