জামায়াত-এনসিপি টুঙ্গিপাড়ায় লংমার্চ ডাকলে ‘সমর্থন’ জানাবেন রাশেদ খাঁন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
রাশেদ খাঁন। ছবি: সংগৃহীত
রাশেদ খাঁন। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের একের পর এক সহিংস কর্মকাণ্ডের মধ্যে জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সেখানে লংমার্চ কর্মসূচি ঘোষণা করলে তাতে সমর্থন ও সাধুবাদ জানাবেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মুহাম্মদ রাশেদ খাঁন।

রোববার থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত টুঙ্গিপাড়ায় মিছিল, পুলিশ বক্স ও পুলিশের সাঁজোয়া যান ভাঙচুর, এক পুলিশ সদস্যকে কুপিয়ে জখম, থানায় অগ্নিসংযোগ এবং গোপালগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্যের পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটেছে। এসব ঘটনার প্রেক্ষাপটে আজ বুধবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন এ মন্তব্য করেন।

পোস্টে রাশেদ খাঁন লেখেন, “টুঙ্গিপাড়ার আওয়ামী সন্ত্রাসীদের নাশকতার কারণে সাধারণ মানুষের জন্য গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি, চিকিৎসা, ব্যাংকিং, আইনি, পুলিশি ও শিক্ষা সেবা সরবরাহ করা কঠিন হয়ে পড়েছে। সামনে হয়তো নিত্যপণ্যের সরবরাহও বন্ধ হয়ে যাবে এবং শপিংমল ও দোকানপাট খোলা রাখতে সাহস করবে না ব্যবসায়ীরা।”

তিনি আরও লেখেন, “এভাবে চলতে থাকলে টুঙ্গিপাড়ায় নেমে আসবে শেখ মুজিবুর রহমানের শাসনামলের ন্যায় ৭৪ এর দুর্ভিক্ষ! তখন টুঙ্গিপাড়ার লোকজনই আওয়ামী সন্ত্রাসীদের খামচে ধরবে এবং বলবে যে, ভাত দে হারামজাদা, নইলে তোদের শেখ হাসিনাকে ফিরিয়ে আনার স্বপ্নের গুষ্টি মারব!”

রাশেদ খাঁন লেখেন, “বিএনপি সরকার কোনো হতাহতে বিশ্বাস করে না। গুম খুন ক্রসফায়ার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে বিএনপি দীর্ঘ ১৬ বছর সংগ্রাম করেছে। যে কারণে টুঙ্গিপাড়ার পরিস্থিতি ধৈর্য্য ধরে মোকাবিলা করতে হচ্ছে। আওয়ামী সন্ত্রাসীদের মোকাবিলায় সেখানকার সাধারণ মানুষকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। অন্যথায় এই এলাকার মানুষ চিরস্থায়ী সমাধান পাবে না।”

অন্তর্বর্তীকালীন সরকারের সময় এনসিপির নেতাদের আইনশৃঙ্খলা বাহিনীর এপিসিতে (সাঁজোয়া যান) উদ্ধার করে আনতে গিয়েও হতাহতের ঘটনা ঘটেছিল বলে উল্লেখ করেন তিনি। তার মতে, এভাবে বছরের পর বছর হতাহতের ঘটনা ঘটিয়ে স্থায়ী সমাধান সম্ভব নয়।

এ প্রসঙ্গে রাশেদ খাঁন লেখেন, “আর এজন্য টুঙ্গিপাড়ার মানুষের মস্তিষ্কের মধ্যেই সমাধান খুঁজতে হবে। তাদের পেটে বেশি করে টান লাগলেই তারা বুঝবে যে, আওয়ামী দুর্বৃত্তদের নাশকতা বন্ধ করা দরকার। অন্যথায় টুঙ্গিপাড়ায় সরকার কঠোর হস্তে আওয়ামী নাশকতা দমন শুরু করলে যদি কোনোক্রমে হতাহতের ঘটনা ঘটে, সেটাকে পুঁজি করে দেশে ও আন্তর্জাতিক মহলে রাজনীতি করা হবে যে, আবারও বাংলাদেশে বিচারবর্হিভূত হত্যাকাণ্ড শুরু হয়েছে। বিএনপি সরকার সেই দায় নিয়ে রাজনীতি করতে চায় না।”

তিনি আরও লেখেন, “আওয়ামী নৈরাজ্যকে ধৈর্য্য ধরে রাজনৈতিকভাবেই মোকাবিলা করতে হবে। বিরোধীদল বিএনপি সরকারের বিরুদ্ধে লংমার্চ তো বহু করল, এবার হয়ে যাক না লংমার্চ টু টুঙ্গিপাড়া কর্মসূচির ঘোষণা। আমিও এই কর্মসূচিকে সাধুবাদ ও সমর্থন জানাব, ইনশাআল্লাহ।”

পোস্টের সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আজমল হোসেন সরদারের একটি ভিডিও সাক্ষাৎকার যুক্ত করেন রাশেদ খাঁন। এর সঙ্গে তিনি লিখেছেন, “টুঙ্গিপাড়ায় কেনো শুধু বিএনপির নেতাকর্মীদের বাড়িঘর ও কার্যালয়ে আগুন দিচ্ছে, আর কেনো জামায়াতের কার্যালয় ও নেতাকর্মীদের বাড়িঘর অক্ষত রয়েছে, আশা করি ভিডিওতে উত্তর পেয়ে যাবেন।”

নেত্র নিউজকে দেওয়া ওই সাক্ষাৎকারে জামায়াত নেতা আজমল হোসেনকে বলতে শোনা যায়, “যদি আমাদের আপা (শেখ হাসিনা) ফিরে আসতে পারে, তাহলে তোমরা আবার নৌকায় ভোট দিবা। না আসলে আত্মীয় হিসেবে, আমার ছাত্র হিসেবে, আমার শুভাকাঙ্ক্ষী হিসেবে তোমরা আমাকে ভোট দিবা। সে কারণে আওয়ামী লীগের বহু লোক আমাদের সাথে যোগাযোগ করতেছে এবং আমাদেরকে তারা মোবারকবাদ জানাচ্ছে যে তাদের এই বিপদের সময় আমরা তাদের পাশে আছি। আমি আশাবাদী যে আওয়ামী লীগের একটা উল্লেখযোগ্য অংশ আমাকে ভোট দিবে।”

টুঙ্গিপাড়ায় ধারাবাহিক সহিংসতা

রোববার (১৫ নভেম্বর) গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে মিছিল করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বেলা ১১টা থেকে পৌনে দুইটা পর্যন্ত চলা ওই মিছিলে অনেকের হাতে লগি-বৈঠা, লাঠিসোঁটা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা ও বল্লম দেখা যায়। কারও কারও মাথায় হেলমেটও ছিল।

মিছিলের সময় পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ও পুলিশ বক্স ভাঙচুর করা হয়। জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলকও ভাঙচুর করা হয়। একই দিন সন্ধ্যায় টুঙ্গিপাড়ার গওহরডাঙ্গা চৌরঙ্গী এলাকায় পুলিশের উপপরিদর্শক (এসআই) মোসলেম আলীকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ ওঠে। তাকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলার বাদী তিনি।

এ ছাড়া পাটগাতী বাজার এলাকায় পৌর বিএনপির সভাপতির বাসভবনে আগুন দেওয়া হয়। বিএনপি, যুবদল ও ছাত্রদলের আরও কয়েকজন নেতার বাসা, কার্যালয় ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের অভিযোগও ওঠে। বিএনপি নেতাদের দাবি, এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়িত।

রোববারের ঘটনার পর গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারের (এসপি) পদে পরিবর্তন আনে সরকার। জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। তার স্থলাভিষিক্ত হন হবিগঞ্জের ডিসি জি এম সরফরাজ। অন্যদিকে গোপালগঞ্জের এসপি মো. হাবীবুল্লাহকে ফেনীতে বদলি করে তার স্থলে দায়িত্ব দেওয়া হয় ফেনীর এসপি প্রত্যুষ কুমার মজুমদারকে।

মঙ্গলবারও টুঙ্গিপাড়ায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে রাত ৮টার দিকে সেখানে আগুন দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

একই দিন গোপালগঞ্জ-৩ আসন (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য (এমপি) এস এম জিলানীর পৈতৃক বাড়িতেও আগুন দেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে থানা ও এমপির বাড়িতে হামলাকারীদের ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা যায়।

টুঙ্গিপাড়ার পরিস্থিতি নিয়ে মঙ্গলবার রাতে জাতীয় সংসদে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধিতে আনা প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, “তারা (আওয়ামী লীগ) ওখানে গিয়েই কেবল থানায় হামলা করতে পারে।”

“আমাদের একজন সংসদ সদস্যের বাড়িতে হামলা করেছে। আমাদের সমর্থকদের দোকানপাটে হামলা করেছে। এটাই তাদের চরিত্র। আগুন লাগানো তাদের স্বভাব, আগুন দিয়ে মানুষ পোড়ানো তাদের স্বভাব। আজ পতিত ফ্যাসিবাদী শক্তি, মাফিয়া শক্তি, তথাকথিত আওয়ামী লীগ ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে,” বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad