শেখ হাসিনাকে ফেরাতে উকিল নোটিশ, টুঙ্গিপাড়ার বাড়ি ‘সাব-জেল’ ঘোষণার প্রস্তাব

প্রতিবেদক, রাজনীতি ডটকম
শেখ হাসিনা। ফাইল ছবি: সংগৃহীত
শেখ হাসিনা। ফাইল ছবি: সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। নোটিশে কূটনৈতিক প্রক্রিয়ায় তাকে ফিরিয়ে আনার পাশাপাশি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার পৈতৃক বাড়িকে বিশেষ ‘সাব-জেল’ ঘোষণার প্রস্তাব দেওয়া হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) রেজিস্টার্ড ডাক ও ইমেইলে সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের কাছে এ নোটিশ পাঠান আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন। নোটিশে মন্ত্রিপরিষদ সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে বিবাদী করা হয়েছে।

নোটিশে রাষ্ট্রীয় গোপনীয়তা রক্ষা, প্রতিবেশী দেশের সঙ্গে সম্ভাব্য সামরিক সংঘাত এড়ানো এবং আইনের শাসন প্রতিষ্ঠার যুক্তি তুলে ধরে শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নিতে বলা হয়েছে।

গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেন। ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে এ রায় দেওয়া হয়। তবে ভারতে অবস্থান করে এসব অভিযোগ অস্বীকার করে আসছেন শেখ হাসিনা।

গত জুলাইয়ে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছিলেন, আদালতে আত্মসমর্পণ করতে চলতি বছরের ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তার। এর চার মাস পর ৯ নভেম্বর রয়টার্সের আরেক প্রতিবেদনে তার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করার তথ্য প্রকাশিত হয়।

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশ সরকার শুরু থেকেই ভারতের কাছে দাবি জানিয়ে আসছে। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে সাংবাদিকরা একাধিকবার প্রশ্ন করলেও প্রতিবারই তারা আইনি প্রক্রিয়ার কথা বলেছে।

আইনজীবী মাহমুদুল হাসানের নোটিশে বলা হয়, দীর্ঘদিন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের কারণে শেখ হাসিনার কাছে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা, গোয়েন্দা নেটওয়ার্ক, কূটনৈতিক প্রটোকল ও জাতীয় নিরাপত্তাসংক্রান্ত সংবেদনশীল তথ্য রয়েছে। প্রতিবেশী দেশে দীর্ঘদিন অবস্থান করায় এসব তথ্য বিদেশি কর্তৃপক্ষের কাছে প্রকাশের ঝুঁকি তৈরি হতে পারে বলে নোটিশে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

এ ক্ষেত্রে ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আবদরাব্বুহ মানসুর হাদির সৌদি আরবে এবং ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের রাশিয়ায় আশ্রয় নেওয়ার উদাহরণ তুলে ধরা হয়েছে। আঞ্চলিক যুদ্ধ ও ভূরাজনৈতিক সংঘাতের প্রসঙ্গ উল্লেখ করে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্ভাব্য বৈরিতা বা সশস্ত্র সংঘাত এড়াতে শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে।

প্রত্যর্পণ চুক্তির আনুষ্ঠানিক জটিলতা এড়িয়ে তাকে দেশে ফেরানোর জন্য নোটিশে সাতটি আইনি ও প্রশাসনিক পদক্ষেপের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে রয়েছে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক পত্র বা ‘নোট ভার্বাল’ পাঠানো।

এ ছাড়া ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশন অনুযায়ী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণে শেখ হাসিনার প্রবেশ ও আত্মসমর্পণের ব্যবস্থা করার প্রস্তাব দেওয়া হয়েছে। এরপর বাংলাদেশ পুলিশের একটি বিশেষ দল সেখানে গিয়ে তাকে গ্রেপ্তার করে হেফাজতে নেবে। হাইকমিশন থেকে ‘ট্রাভেল পাস’ দিয়ে বাণিজ্যিক ফ্লাইট অথবা বিশেষ চার্টার্ড বিমানে পুলিশের পাহারায় তাকে দেশে ফিরিয়ে আনার কথাও বলা হয়েছে।

নোটিশে শেখ হাসিনা দেশে পৌঁছানোর আগেই কারা আইন ও জেল কোড অনুযায়ী প্রজ্ঞাপন জারি করে টুঙ্গিপাড়ায় তার পৈতৃক বাড়িকে বিশেষ ‘সাব-জেল’ ঘোষণার প্রস্তাব দিয়েছেন আইনজীবী। বিমানবন্দর থেকে পুলিশের হেলিকপ্টারে করে তাকে সেখানে নেওয়ার কথাও নোটিশে উল্লেখ করা হয়েছে।

নোটিশে আরও বলা হয়, আইনি হেফাজতে দেশে ফেরার পর আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ২১ ধারা অনুযায়ী বিলম্ব মার্জনার আবেদন করে আপিল বিভাগে আপিল করার ‘সুযোগ রয়েছে’ শেখ হাসিনার। এ ছাড়া অন্যান্য আদালতে বিচারাধীন মামলাগুলোতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল হাজিরা ও সাক্ষ্যগ্রহণের ব্যবস্থা করার প্রস্তাব দেওয়া হয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad