গোপালগঞ্জের মানুষ আ.লীগকে ধর্ম মনে করে: রাশেদ খাঁন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ১৭: ২২
মুহাম্মদ রাশেদ খাঁন। ছবি: ফেসবুক পেজ থেকে
মুহাম্মদ রাশেদ খাঁন। ছবি: ফেসবুক পেজ থেকে

গোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগকে (কার্যক্রম নিষিদ্ধ) ধর্মের মতো মনে করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মুহাম্মদ রাশেদ খাঁন। তার মতে, “ওই অঞ্চলের মানুষের মস্তিষ্ককে ডাইভার্ট করার জন্য ধৈর্যের সঙ্গে কৌশলী ভূমিকা গ্রহণের বিকল্প নেই।”

রোববার (১৫ নভেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে রাশেদ খাঁন গোপালগঞ্জের সাম্প্রতিক পরিস্থিতি, আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিল ও ভাঙচুর এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে নিজের মত তুলে ধরেন।

তিনি লেখেন, অন্তর্বর্তী সরকারের সময় এনসিপির ‘লংমার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে আওয়ামী লীগের চার সমর্থক নিহত হন এবং অনেকে আহত হন। তবে বিএনপি সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে একজনও মারা যাক, তা চায় না। গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মক চেষ্টা করছে বলেও উল্লেখ করেন তিনি।

রাশেদ খাঁন আরও লেখেন, একটি নির্বাচিত সরকার বিচারবহির্ভূত হত্যা বন্ধে প্রতিশ্রুতিবদ্ধ। তাই সেই সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অন্য কোনো সরকারের মতো বেপরোয়া হতে পারে না। শিগগিরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

পোস্টে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার একটি বক্তব্যেরও সমালোচনা করেন রাশেদ খাঁন। রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে আসিফ মাহমুদ লিখেছিলেন, “না পারলে ২ সপ্তাহের জন্য আমাকে হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি।”

এ প্রসঙ্গে রাশেদ খাঁন প্রশ্ন তোলেন, গোপালগঞ্জ থেকে প্রাণরক্ষার জন্য নাহিদ ইসলাম, আখতার হোসেন, নাসিরউদ্দিন, হাসানাত ও সারজিসসহ এনসিপির নেতাদের সেনাবাহিনীর সাঁজোয়া যানে করে ঢাকায় ফিরতে হয়েছিল— সে কথা আসিফ মাহমুদ ভুলে গেছেন কি না। সে সময় দলের কর্মীদের অনেকে সেনাবাহিনীর হেলিকপ্টার পাঠিয়ে নেতাদের উদ্ধারের আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন বলেও উল্লেখ করেন তিনি।

রাশেদ খাঁন লেখেন, “গোপালগঞ্জ আওয়ামী লীগের তীর্থভূমি এবং এখানকার মানুষজন আওয়ামী লীগকে ধর্ম মনে করে।” এ অঞ্চলের মানুষের মনোভাব বিবেচনায় নিয়ে পরিস্থিতি সামাল দিতে ধৈর্য ও কৌশলী ভূমিকা নেওয়ার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে রোববার বেলা ১১টা থেকে পৌনে দুইটা পর্যন্ত গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তাদের অনেকের হাতে লগি-বৈঠা, রামদা, চায়নিজ কুড়ালসহ বিভিন্ন দেশি অস্ত্র দেখা যায়।

মিছিল থেকে পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ও পুলিশ বক্স ভাঙচুর করা হয়। এ ছাড়া জুলাই স্মৃতিস্তম্ভ এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলক ভাঙচুরের ঘটনাও ঘটে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad