ফ্রান্সে জুড়ে বিক্ষোভ থেকে দাঙ্গা, যেভাবে সহিংস হয়ে ওঠে পরিস্থিতি

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০১: ১১
প্যারিসে বিক্ষোভ চলাকালে জ্বলন্ত ব্যারিকেডের ওপর দিয়ে প্লাস্টিকের ট্রাফিক কোন ছুড়ে মারছেন এক ব্যক্তি। ১৭ অক্টোবর ২০২৬। ছবি: রয়টার্স
প্যারিসে বিক্ষোভ চলাকালে জ্বলন্ত ব্যারিকেডের ওপর দিয়ে প্লাস্টিকের ট্রাফিক কোন ছুড়ে মারছেন এক ব্যক্তি। ১৭ অক্টোবর ২০২৬। ছবি: রয়টার্স

ভাঙা জানালার কাচ, লুটপাট হওয়া দোকানপাট, রক্তাক্ত কিশোর বিক্ষোভকারী। কোথাও আবার আগুনে জ্বলছে সিটি হল। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, সরকারি সেবার দুরবস্থা ও শিক্ষা খাতে সংকটের প্রতিবাদে ফ্রান্স জুড়ে শুরু হওয়া বিক্ষোভ একপর্যায়ে দাঙ্গায় রূপ নেয়। গত মাসে এমন সহিংসতার দৃশ্য দেখে হতবাক হন দেশটির মানুষ।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, সরকারি কর্মকর্তারা এসব সহিংসতার জন্য বারবার কট্টর বামপন্থি ও ‘সুযোগসন্ধানী অপরাধীদের’ দায়ী করেছেন। তাদের দাবি, মূলত শান্তিপূর্ণ বিক্ষোভের সুযোগ নিয়ে এসব গোষ্ঠী রাষ্ট্রীয় কর্তৃত্ব ও পুঁজিবাদের প্রতীক বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে।

তবে পুলিশের কঠোর পদক্ষেপ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে। হাজার হাজার মানুষকে গ্রেপ্তার, পুলিশি মারধর এবং মিছিল-সমাবেশে বিধিনিষেধ আরোপের ফলে সরকারবিরোধী ক্ষোভ বেড়েছে। আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এই ক্ষোভ কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

সহিংসতার কয়েক ডজন ভিডিও পর্যালোচনা, বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে অভিযুক্ত ২৬ জনের আদালতের শুনানিতে উপস্থিতি এবং সরকারি কর্মকর্তা, পুলিশ সদস্য, আইনজীবী, বিক্ষোভকারী ও প্রত্যক্ষদর্শীসহ ৫০ জনের বেশি মানুষের সাক্ষাৎকার নিয়েছে রয়টার্স। এসবের ভিত্তিতে গত সেপ্টেম্বরে সরকারি স্কুলগুলোর পরিস্থিতি নিয়ে ছোট পরিসরে শুরু হওয়া আন্দোলন কীভাবে কয়েক বছরের মধ্যে ফ্রান্সের সাম্প্রতিক সময়ের অন্যতম বড় সহিংসতায় রূপ নিল, তা তুলে ধরা হয়েছে।

বিক্ষোভ শুরুর পর থেকেই পুলিশের কৌশল নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশের অভিযানে কয়েকজন তরুণ এমন গুরুতর আহত হয়েছেন যে কারও হাত উড়ে গেছে, কেউ হারিয়েছেন চোখের দৃষ্টিশক্তি। স্কুল অবরোধের ঘটনায় প্রায় সাত হাজার অপ্রাপ্তবয়স্ককে গ্রেপ্তারের বিষয়েও উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ ও অন্যান্য মানবাধিকার বিশেষজ্ঞরা। তাদের মতে, অনেক ক্ষেত্রে সহিংসতা ছড়িয়ে পড়লেও এত বিপুলসংখ্যক অপ্রাপ্তবয়স্ককে গ্রেপ্তার করা ছিল অসামঞ্জস্যপূর্ণ।

প্যারিসে বিক্ষোভ চলাকালে একটি গাড়িতে আগুন জ্বলছে। ৩১ অক্টোবর ২০২৬। ছবি: এপি
প্যারিসে বিক্ষোভ চলাকালে একটি গাড়িতে আগুন জ্বলছে। ৩১ অক্টোবর ২০২৬। ছবি: এপি

কিশোরদের ওপর দাঙ্গা পুলিশের লাঠিচার্জের ছবি ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের প্রতি সমর্থন বাড়তে থাকে। অভিভাবক, শিক্ষক, বামপন্থি রাজনীতিক ও ট্রেড ইউনিয়নকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের মিছিলে যোগ দেন।

প্যারিসে চারটি বিক্ষোভে ১৫ বছর বয়সী ছেলে অ্যারনকে নিয়ে অংশ নেওয়া ৪২ বছর বয়সী এমিলি বার্থিয়ে দ্য গ্রঁদ্রি বলেন, ‘আমাদের অধিকার আছে। আমরা কাউকে আমাদের ওপর দাপট দেখাতে দেব না।’ বিক্ষোভে তার ছেলে একটি ফোলানো যায় এমন হাঙরের পোশাক পরেছিল।

গত ১৭ অক্টোবর দেশ জুড়ে বিক্ষোভে আবার সক্রিয় হয়ে ওঠেন ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনকারীরা। ২০১৮-২০১৯ সালে জ্বালানির উচ্চমূল্যের প্রতিবাদে প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁর সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন তারা।

সেদিন সহিংসতা এতটাই তীব্র ছিল যে ফ্রান্সের তিন বৃহত্তম শহর প্যারিস, মার্সেই ও লিওঁর কয়েকটি এলাকার নিয়ন্ত্রণ দাঙ্গাকারী ও লুটেরাদের হাতে চলে যায়। এরপর থেকে প্রতি সপ্তাহেই পুলিশের ও সরকারের বিরুদ্ধে ক্ষোভ জানাতে দেশটির বিভিন্ন শহরে মানুষ রাস্তায় নামছেন।

প্যারিসে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ। ১৭ অক্টোবর ২০২৬। ছবি: রয়টার্স
প্যারিসে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ। ১৭ অক্টোবর ২০২৬। ছবি: রয়টার্স

১৭ অক্টোবরের পরের বিক্ষোভগুলো তুলনামূলক শান্তিপূর্ণ থাকলেও মিছিল শেষের দিকে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গেলে সংঘর্ষ বাধে। পুলিশ বারবার কাঁদানে গ্যাস ছোড়ে এবং বিক্ষোভকারীদের ওপর চড়াও হয়। জবাবে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে বোতল, পাথর ও মর্টারের মতো দেখতে আতশবাজি ছোড়েন।

কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, ২৪ অক্টোবর ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে রক্ষার কথা বলে উগ্র ডানপন্থি কয়েকটি দলও সংঘাতে জড়িয়ে পড়ে। কয়েকটি শহরে তারা বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়।

পুলিশের তদারকির দায়িত্বে থাকা স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সেপ্টেম্বর থেকে বিক্ষোভকারীদের ওপর পুলিশি সহিংসতার অভিযোগে অভ্যন্তরীণ নজরদারি সংস্থাগুলো ১৬১টি তদন্ত শুরু করেছে। রয়টার্সের প্রশ্নের জবাবে মন্ত্রণালয় বলেছে, প্রচলিত আইন ও বিধিবিধান মেনেই বলপ্রয়োগ করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ জনতা নিয়ন্ত্রণে ব্যবহৃত বিস্ফোরক অস্ত্র, বিশেষ করে স্টান গ্রেনেডের কারণে সৃষ্ট আঘাতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। তবে এসব অস্ত্র নিষিদ্ধ করার দাবির বিরোধিতা করে তিনি বলেছেন, আত্মরক্ষার জন্য নিরাপত্তা বাহিনীর হাতে এসব সরঞ্জাম থাকা প্রয়োজন।

নিরাপত্তাব্যবস্থায় ঘাটতির বিষয়টিও স্বীকার করেছেন নুনেজ। আইনপ্রণেতাদের তিনি বলেছেন, ১৭ অক্টোবরের সহিংসতা এত ব্যাপক আকার ধারণ করবে, তা কর্তৃপক্ষ আগে থেকে ধারণা করতে পারেনি।

পরবর্তী বিক্ষোভগুলোতে আইনশৃঙ্খলা বজায় রাখার কৃতিত্ব ৭০ হাজার পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েনসহ বড় ধরনের নিরাপত্তা অভিযানের ওপর দিয়েছেন তিনি। তবে তার দাবি, বিক্ষোভে এখনো নিরাপত্তা বাহিনীকে ‘ব্যাপক সহিংসতার’ মুখে পড়তে হচ্ছে। হ্যালোইনের দিন প্যারিসে পেট্রোল বোমা হামলায় তিনজন জেন্ডারম সদস্য আহত হওয়ার ঘটনাও উল্লেখ করেন তিনি।

প্রেসিডেন্ট ম্যাখোঁর জন্য এমন পরিস্থিতি তৈরি হয়েছে কঠিন সময়ে। আগামী এপ্রিলে প্রেসিডেন্ট নির্বাচনে আর প্রার্থী হবেন না তিনি। সরকারি অর্থের সংকটের কারণে বিক্ষোভকারীদের দাবি পূরণের সুযোগও সীমিত। এ ছাড়া বড় ধরনের আইন পাস করার মতো সংখ্যাগরিষ্ঠতাও এখন আর তার মধ্যপন্থি দলের নেই।

ম্যাখোঁ বলেছেন, তিনি একদিকে ‘জনগণের ক্ষোভের কথা শুনবেন’, অন্যদিকে ‘প্রজাতন্ত্রের শৃঙ্খলা বজায় রাখতে বাধ্য করবেন’।

প্যারিসে বিক্ষোভ চলাকালে আতশবাজি ছুড়ছেন এক বিক্ষোভকারী। ৩১ অক্টোবর ২০২৬। ছবি: রয়টার্স
প্যারিসে বিক্ষোভ চলাকালে আতশবাজি ছুড়ছেন এক বিক্ষোভকারী। ৩১ অক্টোবর ২০২৬। ছবি: রয়টার্স

বিক্ষোভকারীদের শান্ত করতে সরকার শিক্ষাব্যবস্থার উন্নয়নে কিছু প্রস্তাব দিয়েছে। পাশাপাশি পরিকল্পিত সময়ের আগেই ন্যূনতম মজুরি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে শিক্ষার্থী নেতারা ও বড় ট্রেড ইউনিয়নগুলো বলছে, এসব পদক্ষেপ যথেষ্ট নয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তারা।

কাঁদানে গ্যাসের মধ্যে অর্কেস্ট্রার পরিবেশনা

১৭ অক্টোবর প্যারিসের প্লাস দ্য লা রিপাবলিক চত্বরে বিক্ষোভকারীরা জড়ো হতে শুরু করেন। বেলা ২টায় মিছিল শুরুর কথা থাকলেও কয়েক ঘণ্টা আগেই সেখানে মানুষের উপস্থিতি বাড়তে থাকে।

হাতে সুসাফোন নিয়ে সকাল ১১টার দিকে সেখানে পৌঁছান ২০ বছর বয়সী মায়েল রথ। মিছিলের প্রতি সমর্থন জানাতে পরিবেশনার পরিকল্পনা করেছিল ৪০০ সদস্যের ধ্রুপদি সংগীতের দল ‘অর্কেস্ট্রা দু নুভো মন্দ’। প্রস্তুতি নিতে তিনি দলের অন্য সদস্যদের সঙ্গে যোগ দেন।

ফ্রান্সের নঁত শহরে বিক্ষোভ চলাকালে কাঁদানে গ্যাস ছুড়ছেন দেশটির জেন্ডারমেরি বাহিনীর এক সদস্য। ৫ নভেম্বর ২০২৬। ছবি: রয়টার্স
ফ্রান্সের নঁত শহরে বিক্ষোভ চলাকালে কাঁদানে গ্যাস ছুড়ছেন দেশটির জেন্ডারমেরি বাহিনীর এক সদস্য। ৫ নভেম্বর ২০২৬। ছবি: রয়টার্স

রয়টার্সকে মায়েল বলেন, তারা যখন ‘দ্য অ্যাভেঞ্জার্স’ চলচ্চিত্রের থিম সং বাজাচ্ছিলেন, তখন প্রায় এক ঘণ্টা পর চত্বরে কাঁদানে গ্যাসের ধোঁয়া ছড়িয়ে পড়ে।

তার ভাষ্য, প্রথমে তারা ভেবেছিলেন, কাঁদানে গ্যাস তাদের লক্ষ্য করে ছোড়া হয়নি। তাই বাজানো চালিয়ে যান। কিন্তু আধা ঘণ্টার মধ্যেই কাঁদানে গ্যাসের ক্যানিস্টার তাদের পায়ের কাছে এসে পড়তে থাকে।

রয়টার্সের যাচাই করা ভিডিওতে দেখা যায়, ওই সময় চত্বর থেকে বের হওয়া রু দ্য ফোবুর দু তাম্পল সড়কে মিছিল করার চেষ্টা করা একদল বিক্ষোভকারীকে পিছু হটাতে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ছে।

ওই সড়কের একটি পেস্ট্রির দোকানে কাজ করেন এলদি আলদিলা। পুলিশের এই পদক্ষেপকে স্বাগত জানান তিনি। তবে সেদিন পরে ওই এলাকার অন্য কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে লুটপাট চালানো হয়।

ফ্রান্সে বিক্ষোভরত শিক্ষার্থীদের মুখোমুখি আইনশৃঙ্খলা বাহিনী। ছবি: সংগৃহীত
ফ্রান্সে বিক্ষোভরত শিক্ষার্থীদের মুখোমুখি আইনশৃঙ্খলা বাহিনী। ছবি: সংগৃহীত

মায়েল মনে করেন, সংগীতশিল্পীদের চত্বর ছেড়ে যাওয়ার প্রয়োজন ছিল না। তাদের উদ্দেশ্য ছিল, ‘মানুষকে ভালো অনুভূতি দেওয়া’। তিনি বলেন, ‘আমরা যে সেখানে থাকার অধিকার রাখি না, এমন অনুভূতি হওয়াটা কষ্টের ছিল।’

এর কিছুক্ষণ পর আবারও বিপুলসংখ্যক বিক্ষোভকারী চত্বরে জড়ো হন। তবে ততক্ষণে অর্কেস্ট্রার সদস্যরা বাদ্যযন্ত্র গুছিয়ে সেখান থেকে চলে গেছেন।

পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায় পুলিশ

১৭ অক্টোবর বিকেলের দিকে উত্তেজনা বাড়তে থাকলে বিক্ষোভকারীদের বিভিন্ন দল আশপাশের সড়কে ছড়িয়ে পড়ে। তারা দোকানের কাচ ভাঙচুর করেন, ব্যারিকেড তৈরি করেন এবং গাড়ি ও সাইকেলে আগুন ধরিয়ে দেন।

বিকেল প্রায় ৪টার দিকে চত্বরের এক প্রান্তে উত্তপ্ত বাক্যবিনিময়ের পর পুলিশ সদস্যদের লাঠির আঘাতে এক ব্যক্তিকে মাটিতে পড়ে যেতে দেখা যায়। রয়টার্সের যাচাই করা একটি ভিডিওতে এ দৃশ্য ধরা পড়েছে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ব্যক্তির মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। তবে পরে জানা যায়, তার মৃত্যুর খবরটি সত্য নয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনাটি নিয়ে পুলিশের অভ্যন্তরীণ নজরদারি সংস্থা তদন্ত করছে।

প্যারিসের কাছে অবারভিলিয়েতে লিসে বের্তেলো উচ্চবিদ্যালয়ের কাছে আগুন নেভাচ্ছেন দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
প্যারিসের কাছে অবারভিলিয়েতে লিসে বের্তেলো উচ্চবিদ্যালয়ের কাছে আগুন নেভাচ্ছেন দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত

রাত নামার সঙ্গে সঙ্গে প্যারিসসহ অন্যান্য শহরে লুটপাট ছড়িয়ে পড়ে। ২৪ ঘণ্টার মধ্যে প্রায় তিন হাজার ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এসব প্রতিষ্ঠানের মধ্যে বিলাসপণ্যের দোকান থেকে শুরু করে সুপারমার্কেটও ছিল।

গত সপ্তাহে আইনপ্রণেতাদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় নুনেজ বলেন, সেদিন একসঙ্গে নজিরবিহীন বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছিল। পরিস্থিতি সামাল দিতে গিয়ে নিরাপত্তা বাহিনী হিমশিম খায়।

স্বরাষ্ট্রমন্ত্রী নুনেজের ভাষ্য, ১৭ অক্টোবর দেশ জুড়ে পাঁচ লাখের বেশি মানুষ বিক্ষোভ করেন। শুধু প্যারিসেই ছিলেন ১ লাখ ১০ হাজার। তাদের মধ্যে কয়েক হাজার ‘অতি বামপন্থি’ কর্মী ছিলেন। শুরু থেকেই তারা পুলিশের সঙ্গে সংঘাতে জড়ান এবং ক্ষমতার কেন্দ্রগুলোর দিকে অনুমতি ছাড়া মিছিল করার চেষ্টা করেন।

তবে এসব কর্মীর সঙ্গে কোন কোন গোষ্ঠীর সংশ্লিষ্টতা রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি। ফ্রান্সের কর্মকর্তারা নৈরাজ্যবাদী ও ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন গোষ্ঠীকে বোঝাতে ‘অতি বামপন্থি’ শব্দটি ব্যবহার করেন। তাদের অভিযোগ, এসব গোষ্ঠী সহিংসতার আশ্রয় নিতে প্রস্তুত থাকে।

নুনেজ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে সহিংসতার খবর ছড়িয়ে পড়ার পর এসব গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্টতা নেই, এমন লোকজনও লুটপাটে অংশ নেন।

দক্ষিণ ফ্রান্সের মঁপেলিয়েতে দাঙ্গা পুলিশের সঙ্গে উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষ। ছবি: দ্য গার্ডিয়ান
দক্ষিণ ফ্রান্সের মঁপেলিয়েতে দাঙ্গা পুলিশের সঙ্গে উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষ। ছবি: দ্য গার্ডিয়ান

তবে রয়টার্সের সঙ্গে কথা বলা তিনজন পুলিশ কর্মকর্তা ও সহিংসতার তদন্ত সম্পর্কে অবগত একজন গোয়েন্দা কর্মকর্তা স্বরাষ্ট্রমন্ত্রী নুনেজের দাবির বিষয়ে নিশ্চিত হতে পারেননি। তাদের মতে, সহিংসতায় অতি বামপন্থি গোষ্ঠীগুলোর মূল ভূমিকা ছিল কি না, তা বুঝতে আরও তদন্ত প্রয়োজন।

মার্সেইয়ে পুলিশের ইউএনএসএ ইউনিয়নের আঞ্চলিক প্রতিনিধি এরিক মুলাঁ বলেন, ‘এ বিষয়ে কিছু পরোক্ষ প্রমাণ রয়েছে, তবে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।’

এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় রয়টার্সকে নুনেজের আগের বক্তব্যের দিকে দৃষ্টি দিতে বলে।

নুনেজ ও অন্যান্য কর্মকর্তার দাবি, অতি বামপন্থিদের বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে প্রচারিত কৌশল অনুসরণ করে দাঙ্গাকারীরা পুলিশকে উসকে দেওয়ার চেষ্টা করছেন। এসব কৌশলের মধ্যে রয়েছে ‘ব্ল্যাক ব্লক’ তৈরি করা। এ পদ্ধতিতে কর্মীরা কালো পোশাক পরেন এবং মুখ ঢেকে ব্যবসাপ্রতিষ্ঠান ও সরকারি ভবনে হামলা চালান।

অভিজ্ঞ পুলিশ সদস্যরাও ‘ভয়ে দিশেহারা’

মার্সেইয়ে কালো পোশাক পরা বিক্ষোভকারীরা সিটি হলে ঢুকে পড়েন এবং ফরাসি প্রজাতন্ত্রের প্রতীক মারিয়ানের একটি আবক্ষ মূর্তি ফেলে দেন। অন্য একটি দল ওল্ড পোর্ট এলাকায় পুলিশের দিকে পাথর ও লোহার রড ছুড়তে থাকে। এতে প্রায় ৪৫ জন পুলিশ সদস্যকে নিজেদের গাড়িতে উঠে এলাকা ছাড়তে হয়। রয়টার্সের যাচাই করা ভিডিওতে এসব দৃশ্য দেখা গেছে।

এরিক মুলাঁ বলেন, ‘পুলিশের ভ্যানে থাকা আমার কয়েকজন সহকর্মী জানিয়েছেন, তারা এতটাই হুমকির মুখে পড়েছিলেন যে আত্মরক্ষার জন্য নিজেদের আগ্নেয়াস্ত্রের দিকে হাত বাড়িয়েছিলেন। তারা অভিজ্ঞ ও কঠোর পরিস্থিতিতে কাজ করতে অভ্যস্ত মানুষ। অথচ তারা আমাকে বলেছেন, সেদিন ভয়ে তাদের অবস্থা ছিল শোচনীয়।’

প্যারিসে ময়লার ঝুড়িতে আগুন দিয়ে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত
প্যারিসে ময়লার ঝুড়িতে আগুন দিয়ে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

লিমোজ শহরে পৌর পুলিশের সদস্যরা উনিশ শতকে নির্মিত সিটি হলের ভেতরে আশ্রয় নেন। এ সময় দাঙ্গাকারীরা ভবনটিতে আগুন ধরিয়ে দেন। তবে পুলিশ সদস্যরা অক্ষত অবস্থায় বেরিয়ে আসতে সক্ষম হন। লিওঁ শহরের পর্যটন কার্যালয়েও আগুন দেওয়া হয়।

লিমোজের সিটি হলে আগুন দেওয়ার ঘটনায় জড়িত থাকার সন্দেহে ৩৪ বছর বয়সী এক কাঠমিস্ত্রির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ তদন্ত করছেন সরকারি কৌঁসুলিরা। শহরটির মেয়র গিয়োম গ্যুরাঁ ফরাসি টেলিভিশনকে বলেন, অতি বামপন্থিদের সঙ্গে কথিত সংশ্লিষ্টতার কারণে ওই ব্যক্তি নিরাপত্তা বাহিনীর নজরদারির তালিকায় রয়েছেন। তার দাবি, ‘সম্ভবত ওই ব্যক্তিই পুরো ঘটনার মূল পরিকল্পনাকারী।’

তবে সন্দেহভাজন ব্যক্তির আইনজীবীরা বলেছেন, তাদের কাছে এ ধরনের কোনো তথ্য নেই। তারা মেয়রকে নির্দোষ থাকার আইনি অধিকারকে সম্মান করার আহ্বান জানিয়েছেন। তাদের দাবি, তাদের মক্কেলের বিরুদ্ধে থাকা প্রমাণ দুর্বল। এ বিষয়ে রয়টার্সের প্রশ্নের জবাব দেননি সরকারি কৌঁসুলিরা।

গ্রেপ্তার প্রায় ৪ হাজার ৯০০, অধিকাংশই তরুণ

সহিংসতার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ফ্রান্সের বিচারমন্ত্রী জেরাল্ড দারমানিন। এর মধ্যে বিচার শুরুর আগে কারাগারে আটক রাখা এবং দ্রুত বিচার সম্পন্ন করার বিষয়ও রয়েছে।

৩ নভেম্বর ফরাসি টেলিভিশনকে দারমানিন জানান, ১৭ অক্টোবরের পর থেকে ৪ হাজার ৯০০ জনের বেশি সন্দেহভাজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ২ হাজার ২৯০ জনের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু করার জন্য পাঠানো হয়েছে। এ পর্যন্ত ৪০৪ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। সন্দেহভাজনদের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তবে দারমানিন জানিয়েছেন, তাদের অধিকাংশই ১৮ থেকে ২৫ বছর বয়সী তরুণ।

প্যারিসে ভাঙচুরের শিকার দোকানের জানালার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন কয়েকজন। ওই সপ্তাহান্তে ফ্রান্স জুড়ে প্রায় ৩ হাজার ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর-লুটপাট চালানো হয়। ১৮ অক্টোবর ২০২৬। ছবি: রয়টার্স
প্যারিসে ভাঙচুরের শিকার দোকানের জানালার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন কয়েকজন। ওই সপ্তাহান্তে ফ্রান্স জুড়ে প্রায় ৩ হাজার ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর-লুটপাট চালানো হয়। ১৮ অক্টোবর ২০২৬। ছবি: রয়টার্স

ফ্রান্সের সবচেয়ে বড় আদালত ভবন ট্রাইব্যুনাল দ্য প্যারিসে দ্রুত বিচার কার্যক্রম পরিচালনার জন্য দুটি অতিরিক্ত আদালতকক্ষ চালু করতে হয়েছে। অপেক্ষাকৃত কম গুরুতর অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের এসব আদালতে দ্রুত বিচার করা হয়। তবে মামলার চাপ এত বেশি ছিল যে কয়েকটি শুনানি পিছিয়ে দিতে হয়। কারণ, বিচারক মামলার নথি পর্যালোচনার সময় পাননি।

ফ্রান্সের বিচারক ও সরকারি কৌঁসুলিদের একটি ইউনিয়নের অভিযোগ, সরকার বিচারব্যবস্থাকে নিজেদের উদ্দেশ্যে ব্যবহার করছে। তবে বিচার মন্ত্রণালয় এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

১৭ অক্টোবরের মতো সহিংসতা যেন আবার না ঘটে, সে জন্য পরবর্তী বিক্ষোভগুলোতে পুলিশকে সহায়তা করতে সেনাসদস্য মোতায়েন করে সরকার। পাশাপাশি বিভিন্ন এলাকায় কারফিউ জারি এবং বেশ কয়েকটি মিছিল নিষিদ্ধ করা হয়।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ মানবাধিকার সংগঠনগুলো সতর্ক করে বলেছে, ফ্রান্স কর্তৃত্ববাদী শাসনের দিকে এগিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। তবে সরকারি কর্মকর্তাদের বক্তব্য, তারা আইনের শাসন বজায় রাখছেন।

ফ্রান্স জুড়ে ধর্মঘট ও বিক্ষোভ চলাকালে প্যারিসের প্লাস দ্য লা রিপাবলিক চত্বরে একটি ভাস্কর্যের ওপর উঠে জাতীয় পতাকা ওড়াচ্ছেন এক বিক্ষোভকারী। ৫ নভেম্বর ২০২৬। ছবি: রয়টার্স
ফ্রান্স জুড়ে ধর্মঘট ও বিক্ষোভ চলাকালে প্যারিসের প্লাস দ্য লা রিপাবলিক চত্বরে একটি ভাস্কর্যের ওপর উঠে জাতীয় পতাকা ওড়াচ্ছেন এক বিক্ষোভকারী। ৫ নভেম্বর ২০২৬। ছবি: রয়টার্স

ফ্রান্সের সামাজিক আন্দোলন ও পুলিশি কার্যক্রম নিয়ে গবেষণা করা কয়েকজন গবেষকের মতে, সরকারের কঠোর পদক্ষেপ সহিংসতার চক্রকে আরও দীর্ঘায়িত করছে।

ফরাসি জাতীয় বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্রের সমাজবিজ্ঞানী ফাবিয়াঁ জোবার বলেন, ‘ব্ল্যাক ব্লক গোষ্ঠীগুলো সহিংসতার মাধ্যমে উসকানি দেয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহিংসভাবে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়। এভাবেই পরিস্থিতির আরও অবনতি ঘটে।’

তার মতে, এভাবে বিভিন্ন গোষ্ঠী পুলিশকে সহিংস হিসেবে তুলে ধরার সুযোগ পায় এবং আরও বেশি মানুষের সমর্থন আদায় করতে পারে।

১৮ বছর বয়সী মেডিকেল শিক্ষার্থী তিতুয়াঁ মালাঁ বলেন, ১৭ অক্টোবর বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের আচরণ দেখে তিনি বিক্ষোভে স্বেচ্ছাসেবী চিকিৎসাকর্মী হিসেবে কাজ শুরু করেন।

৫ নভেম্বর প্যারিসের অন্যতম বড় একটি মিছিলে সংঘর্ষের আশঙ্কায় সতর্ক অবস্থানে ছিলেন তিনি। তার মাথায় ছিল সাদা হেলমেট, গলায় ঝোলানো ছিল গ্যাস মাস্ক।

মালাঁ বলেন, ‘আপনি যখন এ ধরনের সহিংসতার মুখোমুখি হন, যখন দমন-পীড়ন এতটা চরম পর্যায়ে পৌঁছায়, তখন আপনাকে সহিংসতার মাধ্যমেই জবাব দিতে বাধ্য করা হয়। আমাদের কথা শোনানোর এটাই একমাত্র উপায়।’

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad