ক্ষমতা ছাড়ার আগে কিউবায় সামরিক অভিযানের ইঙ্গিত ট্রাম্পের

মেয়াদ শেষ হওয়ার ঠিক আগে কিউবার বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনার সম্ভাবনা নিয়ে নতুন করে ভাবছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনে দলের পরাজয় এবং ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা থেকে হোয়াইট হাউসের সরে দাঁড়ানোর ঘোষণার মধ্যেই সামনে এলো এই চাঞ্চল্যকর তথ্য।
‘দ্য হিউ হিউইট শো’তে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ক্ষমতা ছাড়ার আগে তিনি ‘কিউবার বিষয়টি মিটিয়ে ফেলতে’ চান। এ ক্ষেত্রে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর পূর্বপুরুষরা কিউবার হওয়ায় তিনি এই উদ্যোগ নিতে অত্যন্ত আগ্রহী হবেন বলে ইঙ্গিত দেন ট্রাম্প। ফ্লোরিডার কিউবান-আমেরিকান ভোটারদের কাছে নিজের ব্যাপক জনপ্রিয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, “যারা কিউবা থেকে যুক্তরাষ্ট্রে এসে চরম বঞ্চনার শিকার হয়েছেন, সেই কিউবানদের জন্যই আমি এটি করতে চাই।”
সঞ্চালক হিউ হিউইট যখন তাকে জিজ্ঞেস করেন যে, তিনি কি ‘সামান্য সামরিক শক্তি প্রয়োগ করে এক সপ্তাহের একটি সংক্ষিপ্ত অভিযান’ অনুমোদন করবেন কি না, তখন ট্রাম্প স্পষ্টভাবে জানান, “আমি স্বাচ্ছন্দ্য বোধ করব। হ্যাঁ, আমি অবশ্যই বিষয়টি বিবেচনা করব।”
কিউবা নিয়ে এমন মন্তব্যের ঠিক আগেই ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ও কূটনৈতিক আলোচনা নিয়ে নিজেদের অবস্থান বদলেছে হোয়াইট হাউস। গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া ধারাবাহিক পোস্টে ট্রাম্প জানান, তিনি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে তেহরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা বন্ধ করে দেশের ভেতরে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে থাকা অঙ্গরাজ্য ও শহরগুলোর নির্বাচনী জালিয়াতির অভিযোগ তদন্তে মনোযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন।
ট্রাম্প লিখেছেন, “ইরানের সঙ্গে আমাদের কোনো চুক্তির প্রয়োজন নেই। সেই দিন অনেক আগেই শেষ হয়ে গেছে। আমরা তাদের অর্থ পেয়েছি—শত শত কোটি ডলার। আর আমরা তাদের প্রণালিও পেয়েছি!” অ্যাক্সিওসের প্রতিবেদন অনুযায়ী, এই ঘোষণার পর বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেছে এবং শেয়ারবাজারে দরপতন হয়েছে।
অথচ এর ঠিক বিপরীত চিত্র দেখা গিয়েছিল কিছুদিন আগে। যুদ্ধবিরতি নিশ্চিত করতে কয়েক মাস ধরে মার্কিন আলোচক দলগুলোর নেতৃত্ব দিচ্ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এমনকি দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, ইরানের জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজায়ির সঙ্গে সরাসরি আলোচনার কথাও ভাবছিলেন তিনি।
প্যারিসে জি-৭ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, ট্রাম্প এখন ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক হামলা কিংবা নতুন কোনো কূটনৈতিক সমঝোতার চেষ্টা—দুটি পথই বাদ দিয়ে দেশটির সরকারকে পুরোপুরি বিচ্ছিন্ন করার নীতি বেছে নিয়েছেন। ইরানের পক্ষ থেকে দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাবগুলোকে ‘আপত্তিকর ও বাস্তবসম্মত নয়’ বলে বারবার প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। তবে হরমুজ প্রণালিতে নৌ অবরোধ এবং কেশম দ্বীপে ছোটোখাটো হামলা এখনও অব্যাহত রয়েছে।
যুদ্ধের অর্থনৈতিক চাপ এবং এর ফলে জ্বালানির মূল্যবৃদ্ধি সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের অন্যতম প্রধান কারণ হিসেবে বিবেচিত হচ্ছে। এই নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ হারিয়েছে রিপাবলিকানরা।
নির্বাচনী ফলাফলের পর যুদ্ধের রাজনৈতিক প্রভাব নিয়ে প্রকাশ্যে প্রেসিডেন্টের সঙ্গে ভিন্নমত প্রকাশ করেছিলেন জেডি ভ্যান্স। গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছিলেন, “আমরা হেরেছি যুদ্ধের কারণে। আগামী ছয় বছরের জন্য সিনেটের নিয়ন্ত্রণ হারানোর বিনিময়ে এই যুদ্ধ সার্থক ছিল কি না—সেই সৎ আলোচনা করা উচিত।”
তবে সব সমালোচনার পরও ইরানের বিরুদ্ধে নিজের নেওয়া যুদ্ধের সিদ্ধান্তকে পুরোপুরি সঠিক বলেই দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। তার মতে, এই যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে তিনি অতীতে বা বর্তমানে অন্যভাবে কিছুই করতেন না।













