ইউক্রেন ইস্যুতে ইইউয়ের বাজেট আটকে দেওয়ার হুঁশিয়ারি মের্ৎসের, স্লোভাক প্রধানমন্ত্রী বলছেন ‘ব্ল্যাকমেইল’

ইউক্রেনকে নতুন করে আর্থিক সহায়তা দেওয়ার বিষয়ে সমঝোতা না হলে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আগামী সাত বছরের বাজেট আটকে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস। তার এই অবস্থানকে ‘ব্ল্যাকমেইল’ আখ্যা দিয়েছেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো।
ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, বিষয়টি নিয়ে ইউরোপের নেতাদের মধ্যে নতুন বিরোধ তৈরি হয়েছে। চলতি মাসের শেষ দিকে ইইউর বাজেট নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনাতেও এর প্রভাব পড়তে পারে।
গত বছর ইইউ ইউক্রেনকে ৯০ বিলিয়ন ইউরো ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেয়। ২০২৬ ও ২০২৭ সালে দেশটির সামরিক ও বেসামরিক ব্যয়ের প্রায় দুই-তৃতীয়াংশ মেটানোর কথা ছিল এই অর্থ দিয়ে। কিন্তু রাশিয়ার অব্যাহত বোমাবর্ষণে ইউক্রেনের ব্যয় বেড়েছে। ফলে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বাজেটের ঘাটতি পূরণে আরও ৭০ বিলিয়ন ইউরো সহায়তা চেয়েছেন।
ইইউ জেলেনস্কির হিসাবকে সমর্থন করে ৪৫ বিলিয়ন ইউরো দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। বাকি অর্থ যুক্তরাজ্য ও কানাডার মতো মিত্রদের কাছ থেকে আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে। তবে নতুন এই অর্থায়নে অংশ নিতে চায় না হাঙ্গেরি, স্লোভাকিয়া ও চেকিয়া। আগের ৯০ বিলিয়ন ইউরোর ঋণ কর্মসূচিতেও দেশ তিনটি অংশ নেয়নি। গত এপ্রিলে মস্কোপন্থি রুমেন রাদেভ বুলগেরিয়ার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর দেশটিও নতুন সহায়তা কর্মসূচি থেকে দূরে থাকার অবস্থান নিয়েছে।
গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনকে সহায়তার জন্য ইইউয়ের সব সদস্যদেশের অংশগ্রহণ নিশ্চিত করতে চান মের্ৎস। তার যুক্তি, ইউক্রেনের প্রতিরক্ষার লড়াইয়ে সহায়তা করা ইউরোপের সম্মিলিত নিরাপত্তার স্বার্থে জরুরি। কিন্তু বর্তমানে কয়েকটি দেশই মূলত এই সহায়তার বড় অংশ বহন করছে। অন্য সদস্যদেশগুলোর অবদান তুলনামূলক কম। তাই নতুন করে অর্থায়নের ক্ষেত্রে সব দেশের অংশগ্রহণ নিশ্চিত না হলে বাজেটসহ অন্যান্য আর্থিক বিষয়ে সমঝোতা কঠিন হবে।
বাজেট আলোচনায় ইউক্রেনের অর্থায়ন
মের্ৎসের এ অবস্থানে ক্ষুব্ধ মধ্য ইউরোপের কয়েকটি দেশ। স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী ফিকো ব্রাতিস্লাভায় সাংবাদিকদের বলেন, ‘জার্মান চ্যান্সেলর যা করছেন, তা একেবারে প্রচলিত ব্ল্যাকমেইল। আমি এতে নতি স্বীকার করব না।’
ফিকোর পাশে থাকা চেকিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই বাবিশও মের্ৎসের অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন। তার সরকারও ইউক্রেনের ভবিষ্যৎ ঋণ কর্মসূচিতে অংশ নিতে চায় না।
ইইউর আগামী সাত বছরের বাজেট ২০২৮ থেকে ২০৩৪ সাল পর্যন্ত কার্যকর হওয়ার কথা। এই বাজেটের আকার, অর্থের উৎস ও সদস্যদেশগুলোর মধ্যে বরাদ্দ নিয়ে আলোচনা চলছে।
জার্মানি ইইউর সবচেয়ে বড় নিট অর্থদাতা। দেশটি প্রস্তাবিত বাজেটে বড় ধরনের ব্যয়সংকোচন চায়। একই সঙ্গে ইউক্রেনকে সহায়তার অর্থায়নে অংশ নিতে অস্বীকৃতি জানানো দেশগুলোকে উদারভাবে ইইউ তহবিল দেওয়ারও বিরোধিতা করছে।
ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তাকে লেখা এক চিঠিতে মের্ৎস বলেছেন, ইউক্রেনের অর্থায়নের ঘাটতি মেটাতে সব সদস্যদেশের ব্যতিক্রমহীন সম্মিলিত অঙ্গীকার প্রয়োজন। এই অঙ্গীকার ছাড়া ইউক্রেনের জন্য অর্থের ব্যবস্থা ও আর্থিক প্রভাব রয়েছে— এমন অন্য বিষয় নিয়ে আলোচনা এগিয়ে নেওয়া কঠিন। ২০২৮ সাল থেকে ইউক্রেনের জন্য একটি স্থিতিশীল আর্থিক কাঠামো তৈরির ক্ষেত্রেও সব দেশের অবদান নিশ্চিত করতে চান তিনি।
জার্মান সরকারের এক কর্মকর্তা বলেছেন, ইইউয়ের পরবর্তী সাত বছরের বাজেট বা মাল্টিআনুয়াল ফিন্যান্সিয়াল ফ্রেমওয়ার্ক (এমএফএফ) সফল করতে হলে সব সদস্যদেশের ইউক্রেনকে আর্থিক সহায়তা দেওয়া জরুরি।
এদিকে ইউক্রেনের অর্থায়নসংক্রান্ত সিদ্ধান্ত সর্বসম্মতির বদলে সংখ্যাগরিষ্ঠ ভোটে নেওয়ার ব্যবস্থাও চাইছে বার্লিন। বর্তমানে গুরুত্বপূর্ণ অনেক সিদ্ধান্তে সব সদস্যদেশের সম্মতি প্রয়োজন হয়। ফলে একটি দেশ আপত্তি জানালেই সিদ্ধান্ত আটকে যেতে পারে। জার্মানি চায়, যোগ্য সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে অর্থায়নের সিদ্ধান্ত নেওয়া হোক, যেন কোনো একটি সরকার পুরো প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে না পারে।
রাশিয়ার জব্দ সম্পদ ব্যবহারের পরিকল্পনা
ইউক্রেনকে সহায়তার জন্য রাশিয়ার জব্দ করা সম্পদ ব্যবহারের উদ্যোগও নিয়েছিলেন মের্ৎস। ইউরোপীয় ইউনিয়নে রাশিয়ার প্রায় ২১০ বিলিয়ন ইউরো সার্বভৌম সম্পদ জব্দ রয়েছে। এগুলো ব্যবহার করে ইউক্রেনকে অর্থ দেওয়ার পরিকল্পনা করা হলেও বেলজিয়ামের নেতৃত্বে বিরোধিতার মুখে তা বাস্তবায়িত হয়নি। কারণ, জব্দ করা সম্পদের বড় অংশই বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে রাখা আছে। শেষ পর্যন্ত ৯০ বিলিয়ন ইউরোর ঋণ কর্মসূচি ছিল বিকল্প ব্যবস্থা।
ইউক্রেনকে সহায়তার প্রশ্নে উত্তর ইউরোপের দেশগুলোর সঙ্গে মধ্য ও দক্ষিণ ইউরোপের কয়েকটি দেশের মতপার্থক্য ক্রমেই স্পষ্ট হচ্ছে। উত্তর ইউরোপের দেশগুলো কিয়েভের বড় সমর্থক। তাদের অভিযোগ, অন্য কয়েকটি সদস্যদেশ প্রয়োজনের তুলনায় কম অর্থ দিচ্ছে। মের্ৎসের চিঠিতে সেই অসন্তোষেরই প্রতিফলন দেখা যাচ্ছে।
এ পরিস্থিতিতে ইইউয়ের বাজেট নিয়ে সমঝোতা তৈরির দায়িত্ব এখন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট কস্তার ওপর। পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী কস্তা চলতি বছরের শেষ নাগাদ একটি চুক্তিতে পৌঁছাতে চান। তবে ২০২৭ সালে ফ্রান্স, পোল্যান্ড ও ইতালিতে নির্বাচন থাকায় আলোচনায় রাজনৈতিক জটিলতা আরও বাড়তে পারে।
কস্তার মুখপাত্র মের্ৎসের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চলতি সপ্তাহে ডাবলিনে অনুষ্ঠেয় অনানুষ্ঠানিক ইউরোপীয় কাউন্সিলের বৈঠকে ইউক্রেন নিয়ে আলোচনার জন্য সময় রাখা হবে। তবে বাজেট নিয়ে বিশেষ শীর্ষ সম্মেলন হবে ২৬ ও ২৭ নভেম্বর। সেখানেই ইউক্রেনের অর্থায়নসহ ২০২৮-৩৪ মেয়াদের বাজেট নিয়ে সমঝোতার চেষ্টা হবে।


















