আবাসন ব্যয় বৃদ্ধির প্রতিবাদে স্পেনে ১৪ বছর পর প্রথম সাধারণ ধর্মঘট

ডেস্ক, রাজনীতি ডটকম
আবাসন সংকটের প্রতিবাদে বুধবার স্পেন জুড়ে বিক্ষোভ হয়েছে। ছবি: সংগৃহীত
আবাসন সংকটের প্রতিবাদে বুধবার স্পেন জুড়ে বিক্ষোভ হয়েছে। ছবি: সংগৃহীত

আবাসন ব্যয় ও বাড়িভাড়া অস্বাভাবিক বেড়ে যাওয়ার প্রতিবাদে ১৪ বছর পর প্রথমবারের মতো সাধারণ ধর্মঘট পালন করেছে স্পেন। আগামী ২৯ নভেম্বরের সাধারণ নির্বাচনের আগে আবাসন সংকটকে কেন্দ্র করে এই ধর্মঘট দেশটির রাজনীতিতেও নতুন চাপ তৈরি করেছে।

গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, বুধবার দেশ জুড়ে ২৪ ঘণ্টার এই ধর্মঘটে অংশ নেন লাখো মানুষ। শ্রমিক সংগঠনগুলোর পাশাপাশি ভাড়াটিয়াদের সংগঠনও ধর্মঘটে সমর্থন দিয়েছে। বিভিন্ন শিল্প, বন্দর, পরিবহন, শিক্ষাপ্রতিষ্ঠান ও বর্জ্য ব্যবস্থাপনা খাতে ব্যাপক প্রভাব পড়েছে।

শ্রমিক সংগঠনগুলোর হিসাবে, গাড়ি উৎপাদন ও বন্দর খাতে ধর্মঘটে অংশগ্রহণের হার ছিল ৯০ শতাংশ এবং বর্জ্য সংগ্রহ খাতে ৮২ শতাংশ। তবে অঞ্চলভেদে অংশগ্রহণে পার্থক্য ছিল। কাতালোনিয়া ও আন্দালুসিয়ার মতো উপকূলীয় অঞ্চলে ধর্মঘটের সমর্থন ছিল বেশি। এসব এলাকায় বাড়িভাড়া ও বাড়ির দাম বৃদ্ধির প্রভাব তুলনামূলক তীব্র।

মাদ্রিদ টেন্যান্টস ইউনিয়নের প্রতিনিধি সান্দ্রা মোরা রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরএনইকে বলেন, শ্রমিকেরা একই সঙ্গে ভাড়াটিয়া কিংবা বাড়ির ঋণ পরিশোধকারী। উৎপাদন বন্ধ করে অর্থনীতিকে স্থবির করে দেওয়ার ক্ষমতা তাদের রয়েছে। ধর্মঘটের মাধ্যমে সেই শক্তির কথাই স্মরণ করিয়ে দিতে চান তারা।

ধর্মঘটের কারণে অনেক স্কুল ও বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল অথবা সীমিত কার্যক্রম চালিয়েছে। বার্সেলোনায় শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। কোথাও কোথাও টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। গণপরিবহন কার্যত অচল হয়ে পড়ে।

মাদ্রিদে দেশটির প্রধান পাইকারি বাজারের কাছে ধর্মঘটকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। বিক্ষোভকারীরা রাস্তায় বড় বড় বর্জ্যের পাত্র ফেলে যান চলাচলে বাধা সৃষ্টি করেন। বুধবার দুপুর পর্যন্ত ছোটখাটো ঘটনায় দেশ জুড়ে ২৭ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে সরকার।

স্পেনে আবাসন সংকটের পেছনে পর্যটকদের জন্য স্বল্পমেয়াদি ভাড়া, সম্পত্তিতে বিনিয়োগ ও জল্পনামূলক কেনাবেচাকে দায়ী করছেন আন্দোলনকারীরা। গত এক দশকে দেশটিতে বাড়িভাড়া বেড়েছে ৮০ শতাংশ এবং বাড়ির দাম বেড়েছে ৬৩ শতাংশ।

গত সেপ্টেম্বরে ৮৭ বছর বয়সী মারিকারমেন আবাসকালকে সাত দশকের বেশি সময়ের বাসস্থান থেকে উচ্ছেদের ঘটনা সংকট নিয়ে জনক্ষোভ আরও বাড়িয়ে দেয়। এরপর বিভিন্ন শহরে প্রতিবাদ ও অবস্থান কর্মসূচি ছড়িয়ে পড়ে।

ধর্মঘটের আগে গ্রানাডার ভাড়াটিয়া সংগঠনের কর্মীরা পর্যটন এলাকায় স্বল্পমেয়াদি ভাড়ার প্রায় ৩০০টি বাড়ির চাবির বাক্স নষ্ট করেন। তাদের অভিযোগ, পর্যটননির্ভর ভাড়া ও মুনাফাভিত্তিক আবাসন ব্যবসা স্থানীয় বাসিন্দাদের জন্য বাসস্থান পাওয়া কঠিন করে তুলছে।

আন্দোলনকারীরা ঝুঁকিপূর্ণ ভাড়াটিয়াদের উচ্ছেদ সীমিত করা, বাড়িভাড়া স্থগিত রাখা এবং স্বল্পমেয়াদি ভাড়ার ওপর কঠোর নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন। শ্রমিক সংগঠন ও ভাড়াটিয়া সংগঠনগুলোর বক্তব্য, আবাসন এখন স্পেনের অন্যতম বড় সামাজিক বিভাজনের কারণ।

আগামী ২৯ নভেম্বর স্পেনে সাধারণ নির্বাচন। আবাসন সংকট মোকাবিলায় জরুরি আইন আনার উদ্যোগ বিরোধী ডানপন্থিদের বাধায় ব্যর্থ হওয়ার পর আগাম নির্বাচনের ঘোষণা দেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। জনমত জরিপে তার সোশ্যালিস্ট পার্টির প্রতিদ্বন্দ্বী পিপলস পার্টি ও কট্টর ডানপন্থি ভক্সের জোট সরকার গঠনের সম্ভাবনা দেখানো হচ্ছে।

সানচেজ ধর্মঘটকে শ্রমিক আন্দোলনের ঐতিহাসিক অর্জনের অংশ হিসেবে তুলে ধরেছেন। অন্যদিকে মাদ্রিদ অঞ্চলের ডানপন্থি নেতা ইসাবেল দিয়াজ আয়ুসো ধর্মঘটকারীদের বিরুদ্ধে সাধারণ মানুষকে জিম্মি করার অভিযোগ করেছেন। ফলে আবাসন ব্যয়ের প্রতিবাদে শুরু হওয়া এই কর্মসূচি নির্বাচনের আগে স্পেনের রাজনৈতিক বিতর্কেও গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad