বুলগেরিয়ায় ঘন কুয়াশায় দুর্ঘটনার কবলে ৫০ যানবাহন, নিহত ১২

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বুলগেরিয়ায় ঘন কুয়াশার কারণে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনায় প্রায় ৫০টি যানবাহন সংঘর্ষে জড়িয়েছে। এতে অন্তত ১২ জন নিহত ও ৫০ জন আহত হয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, মঙ্গলবার (১০ নভেম্বর) দেশটির পূর্বাঞ্চলীয় ইয়াম্বল শহরের কাছে রাজধানী সোফিয়াগামী এ-১ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, মহাসড়কের ছয়টি লেন জুড়ে বাস, ট্রাক ও ব্যক্তিগত গাড়ি একে অপরের সঙ্গে ধাক্কা খেয়ে স্তূপ হয়ে আছে। কোনো কোনো গাড়ি অন্য গাড়ির নিচে চাপা পড়েছে, আবার কিছু গাড়ি উল্টে গেছে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে উদ্ধারকাজ শুরু করেন পুলিশ, দমকল ও অ্যাম্বুলেন্সকর্মীরা।

বুলগেরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মহাসচিব লুবোমির নিকোলভ ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, বুরগাস ও সোফিয়াকে সংযুক্তকারী মহাসড়কে ঘটা দুর্ঘটনার পেছনে কুয়াশার ভূমিকা থাকতে পারে। বুরগাস শহর থেকে প্রায় ৭৫ কিলোমিটার পশ্চিমে একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষের মধ্য দিয়ে দুর্ঘটনার সূত্রপাত হয়।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বিটিএকে ইয়াম্বল অঞ্চলের গভর্নর গেওরগি চালাকভ জানান, দুর্ঘটনায় প্রায় ৫০টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী কাতিয়া ইভকোভা সাংবাদিকদের জানান, দুর্ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয়। আহতদের হাসপাতালে নেওয়ার পর সেখানে আরও একজন মারা যান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ ঘটনায় আহত হয়েছেন ৫০ জন।

এ ঘটনায় বুধবার এক দিনের জাতীয় শোক পালনের ঘোষণা দিয়েছেন বুলগেরিয়ার প্রধানমন্ত্রী রুমেন রাদেফ।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad