বিদ্যুৎ খাতের গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ

দেশের সার্বিক বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিদ্যুৎ বিভাগের অধীন সব কোম্পানির গুরুত্বপূর্ণ স্থাপনায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনসহ নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ।
দেশের বিভিন্ন এলাকায় চলমান নাশকতার মধ্যে রোববার (২৯ নভেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের কোম্পানি অ্যাফেয়ার্স-১ শাখা এ নির্দেশনা জারি করেছে।
এ নির্দেশনা এমন একসময়ে জারি হয়েছে যখন ১০ দিনের মধ্যে দেশের অন্তত চারটি জেলায় বিদ্যুৎ খাতসংশ্লিষ্ট স্থাপনায় হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা ঘটনা ঘটেছে। এর মধ্যে গত ১৯ নভেম্বর গোপালগঞ্জে ওজোপাডিকোর বিদ্যুৎ সরবরাহ বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে ভাঙচুর চালানো হয়।
একদিন পর ২১ নভেম্বর ঢাকার মুগদায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কর্মকর্তাদের আবাসিক কোয়ার্টারের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
রাজশাহীতে এ খাতের সংশ্লিষ্ট স্থাপনায় হামলার ঘটনা ঘটে পরপর দুই দিন— ২৭ ও ২৮ নভেম্বর। দুই দিনই গভীর রাতে পবা উপজেলার খড়খড়ি এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির একটি ৩৩ কেভি উপকেন্দ্রে এ হামলা চালানো হয়। এর মধ্যে প্রথম রাতে পেট্রোল বোমা নিক্ষেপ করা হলেও আগুন লাগেনি, তবে দ্বিতীয় রাতে পেট্রোল বোমা নিক্ষেপের পর একটি ট্রান্সফরমারে আগুন ধরে যায়।
এ ছাড়া আজ রোববার ভোলার তজুমদ্দিনে সীমানাপ্রাচীর টপকে ভোলার তজুমদ্দিন পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল দিয়ে অগ্নিসংযোগের চেষ্টা চালায় একদল দুর্বৃত্ত। একজন লাইনম্যানের উপস্থিতি টের পেয়ে ও স্থানীয়দের ধাওয়ায় তারা পালিয়ে যায়।
এ অবস্থায় বিদ্যুৎ বিভাগের নির্দেশনায় বলা হয়েছে, দেশের সার্বিক বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিদ্যুৎ বিভাগের অধীন কোম্পানিগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনসহ নিরাপত্তা কার্যক্রম জোরদার করার অনুরোধ জানানো হয়েছে।
যেসব প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালককে নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে সেগুলো হলো— পিজিসিবি পিএলসি, ডিপিডিসি, ডেসকো, পিএলসি, নেসকো পিএলসি ও ওজোপাডিকো, আরপিসিএল, এপিএসসিএল, ইজিসিবি পিএলসি, সিসিজিসিবিএল ও নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি (নওয়াপাজেকো), বিআরপিএল, বিআইএফপিসিএল, বিসিপিসিএল, বিসিআরআইসিএল ও আরএনপিএল।
নিরাপত্তা জোরদারের জন্য কোম্পানিগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের কাছে চিঠি পাঠানো হয়েছে। চিঠির অনুলিপি মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবের একান্ত সচিবসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাঠানো হয়েছে।
এর আগে বিদ্যুৎ খাতের সব সেবা সংস্থার প্রধান ও মাঠপর্যায়ের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।



-27acd3.jpg)













