শাহজালালে উড্ডয়নকালে ইউএস-বাংলার উড়োজাহাজে ত্রুটি, ধোঁয়া

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের সময় ইউএস-বাংলা এয়ারলাইন্সের জেদ্দাগামী একটি উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। এ সময় উড়োজাহাজটির ডান পাশের ল্যান্ডিং গিয়ারের অংশ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। ত্রুটি বুঝতে পেরে পাইলট উড্ডয়ন না করার সিদ্ধান্ত নেন। পরে উড়োজাহাজ থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। তবে, এ ঘটনায় উড়োজাহাজটির ইঞ্জিন, চাকা, ল্যান্ডিং গিয়ার বা অন্য কোনো যন্ত্রাংশে আগুন লাগেনি বলে জানিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

রোববার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র রিয়াজ উদ্দিন। তিনি বলেন, ইউএস-বাংলার জেদ্দাগামী একটি ফ্লাইট উড্ডয়নের সময় পাইলট কারিগরি ত্রুটি বুঝতে পারেন। এরপর তিনি আর উড়োজাহাজটি টেক-অফ করেননি।

রিয়াজ উদ্দিন বলেন, “এ সময় ঠিক আগুনের ঘটনা ঘটেনি, তবে ধোঁয়া উড়তে দেখা গেছে। পরে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়েছে। কী ধরনের ত্রুটি দেখা দিয়েছে, সেটি প্রকৌশলীরা ভালো বলতে পারবেন।” উড্ডয়নের সময় উড়োজাহাজটির ডান পাশের ল্যান্ডিং গিয়ারের অংশে ধোঁয়া দেখা গেলেও আগুন লাগার ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

এদিকে, ইউএস-বাংলা এয়ারলাইন্সের জিএম-পাবলিক রিলেশনস কামরুল ইসলাম এক বিবৃতিতে জানান, ইন্সট্রুমেন্ট ইনডিকেশন মিসম্যাচ হওয়ার কারণে ককপিটে যান্ত্রিক ত্রুটির নির্দেশনা আসার সঙ্গে সঙ্গেই পাইলট ইন কমান্ড যাত্রা বাতিলের সিদ্ধান্ত নেন। তাঁর ভাষ্য, এভিয়েশনে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া স্বাভাবিক ঘটনা। শেষ মুহূর্তে উড্ডয়ন বাতিল করায় রানওয়ে ও চাকার অতিরিক্ত ঘর্ষণজনিত কারণে ধোঁয়ার সৃষ্টি হয়। তবে উড়োজাহাজের ইঞ্জিন, চাকা, ল্যান্ডিং গিয়ার কিংবা অন্য কোনো যন্ত্রাংশে আগুন লাগেনি।

বিবৃতিতে আরও জানানো হয়, সব প্রসিডিউর মেনে উড়োজাহাজটি রানওয়ে থেকে পার্কিং এলাকায় নিয়ে আসা হয়। এরপর দ্রুত যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। বর্তমানে সব যাত্রী নিরাপদে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে অবস্থান করছেন। এ ছাড়া কিছুক্ষণের মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্সের আরেকটি উড়োজাহাজ ওই ফ্লাইটের যাত্রীদের নিয়ে জেদ্দার উদ্দেশ্যে রওনা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ইউএস-বাংলার জেদ্দাগামী ওই ফ্লাইটটির নম্বর বিএস-৩৬১। ফ্লাইটটির বিকেল ৪টা ২০ মিনিটে উড্ডয়নের সূচি ছিল। রাত সোয়া ৯টায় সৌদি আরবের জেদ্দায় বাদশা আব্দুল আজিজ বিমানবন্দরে অবতরণের কথা ছিল উড়োজাহাজটির। এ রুটে এয়ারবাসের এ৩৩০-৩০০ মডেলের উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনা করে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad