অনলাইন পোর্টাল চালাতে নিবন্ধন বাধ্যতামূলক করা হবে: উপদেষ্টা জাহেদ

জাবি প্রতিনিধি
রোববার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) তথ্য মেলা উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। ছবি: জাবির ফেসবুক পেজ থেকে
রোববার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) তথ্য মেলা উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। ছবি: জাবির ফেসবুক পেজ থেকে

নিবন্ধন ছাড়া অনলাইন পোর্টাল চালুর সুযোগ থাকায় নানা জটিলতা তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। এ কারণে নিবন্ধন ছাড়া কোনো অনলাইন পোর্টাল চালু করার সুযোগ বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। বলেছেন, অনলাইন পোর্টাল নিবন্ধনের প্রক্রিয়াও সহজ করা হবে।

প্রধানমন্ত্রী এই তথ্য উপদেষ্টা বলেন, আমরা চাই জার্নালিজম ফ্রি হোক, সহজ হোক। কিন্তু কেউ চাইলেই একটা পোর্টাল খুলে ফেলতে পারবে না। আমরা নিবন্ধনকে সহজ করব, কিন্তু নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জহির রায়হান মিলনায়তনে আয়োজিত তথ্য মেলা ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। ‘তথ্যের অধিকার, আমার অধিকার’ প্রতিপাদ্যে তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ে সচেতনতা তৈরিতে এ মেলা আয়োজন করা হয়।

টেকসই গণতান্ত্রিক ব্যবস্থায় অবাধ তথ্যপ্রবাহ ও নাগরিকদের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করা জরুরি মন্তব্য করে তথ্য উপদেষ্টা বলেন, জনগণই সব ক্ষমতার উৎস। জনগণের ভোটে সরকার ক্ষমতায় আসে। ভবিষ্যতেও ক্ষমতায় আসতে হলে জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে এবং রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা বজায় রাখতে হবে। গণতান্ত্রিক ব্যবস্থায় জবাবদিহি প্রতিষ্ঠার জন্য তথ্য অধিকার নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে জানতে চাইলে জাহেদ উর রহমান বলেন, প্রশ্নই আসে না। তিনি কোনো দিন দেশে আসতে পারবেন না। আওয়ামী লীগ ফেসবুকে আছে, আর কোথাও নেই। ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত হয়ে আওয়ামী লীগ দেশে অবস্থানরত নেতাকর্মীদের বিপদে ফেলছে। তারা আগুন-সন্ত্রাস করছে। আইনশৃঙ্খলা বাহিনী তাদের খুঁজছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম, বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. শামসুল আলম, উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, তথ্য কমিশনার মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেন উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad