গঙ্গা চুক্তি নবায়নে ভারতের সঙ্গে আলোচনায় বসতে চায় বাংলাদেশ: শামা ওবায়েদ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গঙ্গা চুক্তি নিয়ে বাংলাদেশ সরকারের পাঠানো চিঠির জবাব ভারত দেবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, দুই দেশের জন্য গঙ্গা চুক্তি গুরুত্বপূর্ণ হওয়ায় ভারত রাজনৈতিক ও কূটনৈতিকভাবে চিঠির জবাব দেবে বলে আশা করছে বাংলাদেশ। চুক্তি নবায়ন বা নতুন চুক্তির বিষয়ে আলোচনার জন্য দুই পক্ষের বসা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

রোববার (২৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন শামা ওবায়েদ ইসলাম। গঙ্গার পানি নিয়ে ভারতের সঙ্গে বিদ্যমান চুক্তি নবায়ন করা হবে, নাকি নতুন করে চুক্তি করা হবে, এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ বিদ্যমান চুক্তিটি অব্যাহত রাখতে চায়। এ বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা করতে আগ্রহী সরকার।

শামা ওবায়েদ বলেন, ‘যে চুক্তি রয়েছে সেটা আমরা কন্টিনিউ করতে চাইছি। নবায়ন হবে এবং সেটা অবশ্যই তাদের সঙ্গে আলাপ করতে চাচ্ছি। আমরা আশা করব, ভারত আমাদের প্রতিবেশী। ভারত এবং বাংলাদেশের জন্য গঙ্গা চুক্তিটা কত গুরুত্বপূর্ণ। সেটা অবশ্যই ভারত ভালোভাবেই জানে।’ তিনি আরও বলেন, ভারত রাজনৈতিক ও কূটনৈতিকভাবে চিঠির জবাব দেবে বলে আশা করছে বাংলাদেশ। দুই দেশের মধ্যে দরকষাকষির প্রয়োজন নেই, বরং আলোচনার টেবিলে বসা প্রয়োজন।

গঙ্গা চুক্তি নবায়ন নাকি নতুন চুক্তি হবে, এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আগে দুই পক্ষকে আলোচনায় বসতে হবে। এখনো বৈঠক হয়নি। বসলে চুক্তি নবায়ন হবে, নাকি নতুন চুক্তি করা হবে, তা নিয়ে আলোচনা হবে। বাংলাদেশ বিদ্যমান চুক্তিটিই নবায়ন করতে চায়। নতুন চুক্তি করার সুযোগ এখনো আসেনি বলেও মন্তব্য করেন তিনি। চলতি বছরের মধ্যে এ বিষয়ে বৈঠক হবে কি না জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, যথাসময়ে দুই দেশের প্রধান বসবেন এবং যথাসময়ে সব সমস্যা সমাধান হবে।

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ভারতে অবস্থানরত অন্য অপরাধীদের ফেরাতে বাংলাদেশ কয়েক দফা চিঠি দিয়েছে। এ বিষয়ে কোনো অগ্রগতি হয়েছে কি না জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, এখনো কোনো অগ্রগতি নেই। বন্দি বিনিময় চুক্তির আওতায় এ প্রক্রিয়া সম্পন্ন করতে ব্যুরোক্রেটিক ও আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হয়, ফলে সময় লাগে। তবে ভারতের সরকারের রাজনৈতিক সদিচ্ছা থাকলে প্রক্রিয়াটি ত্বরান্বিত করা সম্ভব।

তিনি বলেন, বাংলাদেশ চায় হাদির হত্যাকারীদের ফিরিয়ে এনে দেশের মাটিতে বিচার করা হোক। পাশাপাশি ভারতে পালিয়ে থাকা সাজাপ্রাপ্ত আসামিদেরও দেশে ফেরত আনা প্রয়োজন। এ বিষয়ে ভারত প্রক্রিয়াটি আরও এগিয়ে নেবে এবং দ্রুত করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad