দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ, মৃত্যু ২৮৫

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশে গত এক বছরে নতুন করে ২ হাজার ৩০৫ জনের শরীরে এইচআইভি শনাক্ত হয়েছে, যা আগের বছরের তুলনায় ২২ শতাংশ বেশি। একই সময়ে এইডস আক্রান্ত ২৮৫ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে ৮৫ শতাংশ পুরুষ, ১৫ শতাংশ নারী এবং ১ শতাংশ তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সদস্য। দেশে এইচআইভি পরিস্থিতি ও সরকারের বিভিন্ন কার্যক্রমের তথ্য বিশ্ব এইডস দিবস উপলক্ষে প্রকাশ করা হয়েছে।

রোববার দুপুরে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বিশ্ব এইডস দিবস উপলক্ষে আয়োজিত এ সংবাদ সম্মেলনে দেশের এইচআইভি সংক্রমণের পরিস্থিতি, আক্রান্ত ব্যক্তিদের পরিসংখ্যান এবং চিকিৎসা ও প্রতিরোধে সরকারের উদ্যোগ সম্পর্কে বিস্তারিত জানানো হয়। এবারের বিশ্ব এইডস দিবসের প্রতিপাদ্য ‘এনডিং এআইডিএস স্টাট উইথ অ্যাকসেস’। দিবসটি উপলক্ষে ১ ডিসেম্বর সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনে র‍্যালি এবং পরে মিলনায়তনে সেমিনারের আয়োজন করা হয়েছে।

সরকারের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে দেশে ২৬ লাখ ৪৯ হাজার ৬৬৩ জনের এইচআইভি পরীক্ষা ও স্ক্রিনিং করা হয়েছে। এ সময়ে সংক্রমণ শনাক্ত হয়েছে ২ হাজার ৩০৫ জনের। ২০২৫ সালে শনাক্তের সংখ্যা ছিল ১ হাজার ৮৯১। নতুন শনাক্ত ব্যক্তিদের বয়স বিশ্লেষণে দেখা গেছে, ২৫ থেকে ৪৯ বছর বয়সীদের মধ্যে আক্রান্তের হার ৬১ শতাংশ, ২০ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে ২৪ শতাংশ এবং অন্যান্য বয়সীদের মধ্যে ১৫ শতাংশ।

নতুন শনাক্ত ব্যক্তিদের বৈবাহিক অবস্থার তথ্য অনুযায়ী, ৪৮ শতাংশ বিবাহিত, ৪৮ শতাংশ অবিবাহিত, ১ শতাংশ বিধবা এবং ১ শতাংশ তালাকপ্রাপ্ত বা একা বসবাসকারী। সংবাদ সম্মেলনে জানানো হয়, সাধারণ জনগোষ্ঠীর মধ্যে বাংলাদেশে এইচআইভি সংক্রমণের হার এখনো শূন্য দশমিক ১ শতাংশের নিচে থাকলেও নির্দিষ্ট ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে এ হার তুলনামূলক বেশি। নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে ৬০ শতাংশ পুরুষের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনকারী পুরুষ ও পুরুষ যৌনকর্মী (এমএসএম/এমএসডব্লিউ), ১ শতাংশ তৃতীয় লিঙ্গের, ১ শতাংশ নারী যৌনকর্মী, ৪ শতাংশ শিরায় মাদক গ্রহণকারী, ৫ শতাংশ জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক (এফডিএমএন), ১১ শতাংশ বিদেশফেরত ব্যক্তি ও তাঁদের পরিবারের সদস্য এবং ১৮ শতাংশ অন্যান্য সাধারণ জনগোষ্ঠীর।

দেশে আনুমানিক ১৯ হাজার ৮৪০ জন এইচআইভিতে আক্রান্ত ব্যক্তি রয়েছেন। তাঁদের মধ্যে ১৬ হাজার ৬১৮ জনকে শনাক্ত করা হয়েছে, ফলে আনুমানিক ৩ হাজার ২০০ জন এখনো শনাক্তের বাইরে রয়েছেন। সরকারি ও উন্নয়ন সহযোগীদের অর্থায়নে পরীক্ষা ও চিকিৎসাসেবা কার্যক্রম চলছে। স্বাস্থ্যসেবা বিভাগের তথ্য অনুযায়ী, ২০টি জেলার ২০টি সরকারি হাসপাতালে এইচআইভি টেস্টিং সেন্টার রয়েছে। পাশাপাশি ১৬টি মেডিকেল কলেজ ও জেলা সদর হাসপাতালে এবং আটটি এনজিও স্যাটেলাইট ও ড্রপ-ইন সেন্টারের মাধ্যমে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। আক্রান্ত ব্যক্তিদের বিনা মূল্যে অ্যান্টিরেট্রোভাইরাল (এআরভি) ওষুধ সরবরাহ করছে সরকার। বর্তমানে প্রায় ১০ হাজার ১১৪ জন এ ওষুধ পাচ্ছেন। ২০১৭ সাল থেকে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার ব্যয় সরকার বহন করছে। ৬৪টি জেলায় মেডিকেল কলেজ ও জেলা সদর হাসপাতালে পরীক্ষা সেবা সম্প্রসারণের জন্য ডিপিপি তৈরি হয়েছে, যা একনেকের নীতিগত অনুমোদন পেয়েছে।

৪২ জেলায় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য কার্যক্রম

দেশের ৪২টি জেলায় প্রায় ১ লাখ ৪৫ হাজার ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মানুষের মধ্যে এইচআইভি প্রতিরোধ কার্যক্রম চলছে। এ জনগোষ্ঠীর মধ্যে রয়েছেন শিরায় মাদক গ্রহণকারী, পুরুষের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনকারী পুরুষ, নারী যৌনকর্মী ও তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সদস্যরা। এসব কার্যক্রমের আওতায় প্রতিরোধ সামগ্রী বিতরণ, পরীক্ষা, আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার আওতায় আনা, যৌনবাহিত রোগের ব্যবস্থাপনা, পিয়ার এডুকেশন এবং আচরণ পরিবর্তনে সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ ছাড়া ১১টি জেলার ১১টি কারাগারে এইচআইভি পরীক্ষা ও চিকিৎসাসেবা চলছে। কক্সবাজারের রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যেও এ সেবা দেওয়া হচ্ছে, যেখানে উন্নয়ন সহযোগী ও বেসরকারি সংস্থাগুলো সহায়তা করছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad