ইউপি নির্বাচন নিয়ে সংলাপে ইসি, ডাক পেয়েছে ৫৫ রাজনৈতিক দল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০৮: ১৪
ভোট দেওয়ার জন্য কেন্দ্রের বাইরে লাইনে দাঁড়িয়ে আছেন নারী ভোটাররা। ফাইল ছবি: রাজনীতি ডটকম
ভোট দেওয়ার জন্য কেন্দ্রের বাইরে লাইনে দাঁড়িয়ে আছেন নারী ভোটাররা। ফাইল ছবি: রাজনীতি ডটকম

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রোববার থেকে টানা তিন দিন এ সংলাপ অনুষ্ঠিত হবে। এতে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ৫৫টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে কমিশন। আমন্ত্রণ পেয়েছে জাতীয় পার্টিও।

তবে নিবন্ধন স্থগিত থাকায় আওয়ামী লীগকে সংলাপে ডাকা হয়নি। এ ছাড়া ১৪ দলীয় জোটের শরিক সাম্যবাদী দল, ওয়ার্কার্স পার্টি, জাসদ ও তরিকত ফেডারেশনও আমন্ত্রণ পায়নি।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সংলাপ চলবে। এতে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবও উপস্থিত থাকবেন। রাজনৈতিক দলগুলোর চেয়ারম্যান বা সাধারণ সম্পাদকের কাছে দুজন করে প্রতিনিধি পাঠানোর অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে ইসি।

ইসি সচিব আখতার আহমেদ বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন পরিচালনার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের মতামত, পরামর্শ ও সহযোগিতা প্রয়োজন। ইসি সবার সহযোগিতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো একটি সুষ্ঠু ও ভালো নির্বাচন করতে চায়।

সুষ্ঠু নির্বাচন আয়োজনে সবার সহযোগিতা চাওয়াই এ সংলাপের মূল উদ্দেশ্য বলে জানান তিনি।

বিএনপি সোমবার, এনসিপি মঙ্গলবার, জামায়াত কবে?

নিবন্ধনক্রম অনুযায়ী, আজ রোববার বিএনপি ও জামায়াতে ইসলামীসহ ১৯টি দলকে সংলাপে আমন্ত্রণ জানিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)। সোমবার ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ১৮টি এবং মঙ্গলবার জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১৮টি দলের সঙ্গে সংলাপের সূচি করা হয়।

তবে বিএনপির অনুরোধে দলটির সংলাপের দিন এক দিন পিছিয়ে সোমবার নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেন, “বিএনপির সঙ্গে সংলাপ এক দিন পেছানো হয়েছে। সোমবার দলটি অংশ নেবে।”

অন্যদিকে, জামায়াতে ইসলামী ১১ দলীয় ঐক্যের শরিকদের নিয়ে একসঙ্গে সংলাপে বসতে চায়। এ বিষয়ে দলটি ইসিকে মৌখিকভাবে জানিয়েছে। তবে শনিবার সন্ধ্যা পর্যন্ত কমিশনের কাছে কোনো আনুষ্ঠানিক চিঠি পৌঁছায়নি। জামায়াতের জন্য রোববার এবং জোটের শরিক এনসিপির জন্য মঙ্গলবার সংলাপের সময় নির্ধারিত রয়েছে।

জামায়াতের জোটগতভাবে সংলাপে অংশ নেওয়ার বিষয়ে ইসি সচিব বলেন, জোটের শরিকদের নিয়ে একসঙ্গে বসার সিদ্ধান্ত সংশ্লিষ্ট দলগুলোর। তবে সংলাপের সময় নির্ধারণের দায়িত্ব ইসির। নির্ধারিত দিনে কোনো দল জোটগতভাবে অংশ নিতে না পারলে পরবর্তী সময়ে সুযোগ দেওয়া হবে কি না, সে বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, রোববারের সংলাপে দলটি অংশ নিচ্ছে না। শনিবার রাতে তিনি বলেন, “আমরা ১১ দলীয় ঐক্যের সবাইকে নিয়ে একসাথে ইসির সাথে বসতে চাই। এজন্য ইসির কাছে বিষয়টি জানানো হয়েছে। প্রথম দিনে জামায়াত জোটে যে দল ছিল তারা সংলাপে যাবে না; পরে যোগ দেবে।”

এনসিপির সংলাপে অংশ নেওয়ার বিষয়ে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “কোনো দল হয়ত বসতে পারে। এতে অসুবিধা নেই। কিন্তু আমরা ইসির কাছে ১১ দলীয় ঐক্যের সঙ্গে সংলাপের জন্য আলাদা স্লট চেয়েছি, একসাথে বসব। বিষয়টি এখন কমিশন বিবেচনা করবেন।”

রোববার জামায়াতসহ সমমনা দলগুলো সংলাপে অংশ না নিলে ওই দিন ১৫টি দল বৈঠকে বসবে।

রোববার যেসব দল আমন্ত্রণ পেয়েছে

রোববারের সংলাপে আমন্ত্রণ পাওয়া দলগুলোর মধ্যে রয়েছে— লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), জাতীয় পার্টি-জেপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, জাতীয় পার্টি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), জাকের পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও গণফোরাম।

এ তালিকায় থাকা জামায়াত, এলডিপি ও বাংলাদেশ খেলাফত আন্দোলন ১১ দলীয় ঐক্যের শরিক।

মঙ্গলবার যেসব দল সংলাপে বসবে

মঙ্গলবার (১ ডিসেম্বর) তৃতীয় দিনের সংলাপে আমন্ত্রণ পেয়েছে ১৮টি দল। এগুলো হলো— ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল-বাংলাদেশ জাসদ, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম), বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্য, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি), বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী), জনতার দল, আমজনতার দল, বাংলাদেশ সমঅধিকার পার্টি (বিইপি) ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

এ তালিকার এবি পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ লেবার পার্টি, এনসিপি ও নেজামে ইসলাম পার্টি ১১ দলীয় ঐক্যের শরিক।

পাঁচ ধাপে ইউপি নির্বাচন

এবার নির্দলীয়ভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে ইসি। কমিশনের ঘোষিত সূচি অনুযায়ী, পাঁচ ধাপে ভোট গ্রহণের কথা রয়েছে। প্রথম ধাপে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোট হবে।

প্রথম ধাপে ১ হাজার ৪২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে। দ্বিতীয় ধাপে ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং শেষ ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণের পরিকল্পনা রয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad