প্রতিবন্ধী সন্তানের লাশ কারা ফটকে, শেষবার দেখলেন যুব মহিলা লীগ নেত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ১৫: ১৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কারাবন্দী কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী শারমিন সুলতানা শর্মীর ১৫ বছর বয়সী প্রতিবন্ধী ছেলে নিস্বর্গ হোসেন তূর্য মারা গেছে। মাকে শেষবারের মতো দেখানোর জন্য শনিবার দুপুরে তার লাশ কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের ফটকে নেওয়া হয়। সেখানে কারাবন্দী শারমিন সুলতানা শেষবারের মতো সন্তানের মুখ দেখেন। গত শুক্রবার রাত ১১টার দিকে তূর্যের মৃত্যু হয়।

শনিবার দুপুর ১২টার দিকে কারাফটকে মা ও সন্তানের শেষ দেখা হয় বলে জানিয়েছেন শারমিন সুলতানার স্বামী শাহাদাৎ হোসেন নিপু। তিনি বলেন, কারাফটকে তার স্ত্রী সন্তানকে দেখেছেন। এখন তারা কাশিমপুর থেকে ফিরে যাচ্ছেন। এর আগে বেলা ১১টার দিকে তিনি জানিয়েছিলেন, কারা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে কারাফটকে সন্তানকে দেখানোর ব্যবস্থা করার কথা জানতে পেরেছেন।

শাহাদাৎ হোসেন বলেন, দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় শারমিন সুলতানাকে কারাগারের বাইরে নেওয়া সম্ভব নয় বলে কারা কর্তৃপক্ষ তাকে জানিয়েছে। তাকে নিরাপত্তা দেওয়ার মতো পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নেই। এ ছাড়া ডিসেম্বর পর্যন্ত কারাগারে বন্দী কোনো আসামিকে প্যারোলে মুক্তি দেওয়ার ক্ষেত্রে নিরাপত্তাঝুঁকি বিবেচনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা রয়েছে বলেও তাকে জানানো হয়। তবে কারাফটকে মৃত সন্তানের মুখ শেষবারের মতো দেখানোর ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছিল।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মো. নজরুল ইসলাম বেলা ১১টার পর প্রথম আলোকে বলেন, শারমিন সুলতানা ও শাহাদাৎ হোসেনের সন্তান মারা গেছে। শিশুটি প্রতিবন্ধী ছিল। মৃত সন্তানের লাশ শেষবারের মতো দেখানোর জন্য তাদের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। তিনি বলেন, ‘বিধিমোতাবেক নিরাপত্তা নিশ্চিত করে দুই মিনিটের মতো কারাফটকে মুখ দেখানোর ব্যবস্থা করা হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে মানবিক বিবেচনায় শেষবারের মতো বাচ্চাকে দেখানোর ব্যবস্থা করা হয়েছে।’

সামাজিক যোগাযোগমাধ্যমে শারমিন সুলতানার সন্তানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বিষয়টি সামনে আসে। ফেসবুকে শারমিনের আগে দেওয়া বক্তব্যের একটি ভিডিও ছড়িয়েছে, যেখানে তিনি সন্তানের অসুস্থতার কথা বলে মুক্তির আকুতি জানান। সেখানে তাকে বলতে শোনা যায়, ‘আমার বাচ্চাটা অসুস্থ। প্রতিবন্ধী বাচ্চা আমার। সারা রাত ওকে ওষুধ দিতে হয়। মা–বাবা ছাড়া দেখার কেউ নেই। আমাকে বাসা থেকে মব করে তুলে আনা হয়েছে। আমি অপরাধী হলে বাসায় থাকতাম না।’ মৃত তূর্যেরও আগে দেওয়া একটি ভিডিও ছড়িয়েছে, যেখানে সে মাকে নিরপরাধ দাবি করে মুক্তি চায়। গত ৩ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর লালবাগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় শারমিনকে গ্রেপ্তার করে পুলিশ। ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সূত্রে শেখ সাহেব বাজার এলাকায় তার অবস্থানের তথ্য পেয়ে লালবাগ থানার পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, তিনি কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক, আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহসম্পাদক এবং ২০১৭ থেকে ২০২২ মেয়াদে যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad