গোপালগঞ্জ ও গাজীপুরে আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আহত তিন বিজিবি সদস্যকে দেখতে ঢাকার পিলখানায় বিজিবি সদর দপ্তরের শহীদ জাকির হোসেন বিজিবি হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
আহত তিন বিজিবি সদস্যকে দেখতে ঢাকার পিলখানায় বিজিবি সদর দপ্তরের শহীদ জাকির হোসেন বিজিবি হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ ও গাজীপুরে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনকালে আহত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তিন সদস্যকে দেখতে ঢাকার পিলখানায় বিজিবি সদর দপ্তরের শহীদ জাকির হোসেন বিজিবি হাসপাতালে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২৮ নভেম্বর) হাসপাতালে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আহত সদস্যদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তাদের চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী উপস্থিত ছিলেন।

পরে স্বরাষ্ট্রমন্ত্রী বিজিবির অপারেশনস (অপস) রুম পরিদর্শন করেন। সেখানে তিনি এর কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

গত ১৭ নভেম্বর গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনকালে দুর্বৃত্তদের হামলায় আহত হন খুলনা সেক্টর সদর দপ্তরে কর্মরত বিজিবির নায়েক মো. মনির হোসেন (৪০)। মাথায় আঘাত পাওয়ার পর তাকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ২১ নভেম্বর তাকে পিলখানার শহীদ জাকির হোসেন বিজিবি হাসপাতালে স্থানান্তর করা হয়।

এর আগে ১৬ নভেম্বর গাজীপুর শিল্পাঞ্চলে দায়িত্ব পালনকালে উচ্ছৃঙ্খল শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে আহত হন গাজীপুর ব্যাটালিয়নের (৬৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালেকুজ্জামান (৪৭) ও সিপাহী (সিগন্যাল) রঞ্জু মিয়া (২৫)। এতে খালেকুজ্জামানের ডান হাতের তিনটি আঙুলের হাড় ভেঙে যায়। শরীরের বিভিন্ন স্থানেও আঘাত পান তিনি। একই ঘটনায় রঞ্জু মিয়ার ডান হাতের হাড় ভেঙে যায় এবং ডান হাত ও বাঁ পায়ে ক্ষত সৃষ্টি হয়।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad