শেখ হাসিনা ফিরবেন না, কোনো সম্ভাবনাই নেই: জাহেদ উর রহমান

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সংবাদ সম্মেলনে ডা. জাহেদ উর রহমান
সংবাদ সম্মেলনে ডা. জাহেদ উর রহমান

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তাঁর ভাষ্য, শেখ হাসিনা দেশে ফেরার আওয়াজ তুললেও এ মাসে তার ফিরে আসার কোনো সম্ভাবনা নেই।

শনিবার রাজধানীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে একটি প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

জাহেদ উর রহমান বলেন, ‘ডিসেম্বর আসছে। পালিয়ে যাওয়া স্বৈরাচার দেশে আসার আওয়াজ তুলছেন। উনি আসবেন না, কোনো সম্ভাবনাই নেই।’ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, দলটি বাংলাদেশে কী ধরনের বিপর্যয় চালিয়েছে, তা প্রদর্শনী ও জাদুঘরের মাধ্যমে মানুষের স্মৃতিতে সজীব রাখতে চান তাঁরা। তার কথায়, ‘বাংলাদেশে শেখ হাসিনা তো বটেই, এই পার্টিরও কবর হোক জনগণের মনের দিক থেকে।’

শনিবার জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী ৫৯০ শহীদের ব্যবহৃত সামগ্রী ও স্মৃতিস্মারক নিয়ে দুই দিনব্যাপী বিশেষ প্রদর্শনী ‘উইটনেসেস টু জুলাই ম্যাসাকার মেমোরিয়াল এক্সিবিশন ২০২৬’ উদ্বোধন করা হয়। প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহ্‌সান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন জাহেদ উর রহমান।

শহীদ পরিবারের শোক ও কষ্টের প্রসঙ্গ তুলে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, প্রত্যেক শহীদ পরিবারের কষ্ট ও হাহাকার একই রকম। সন্তান একমাত্র হোক কিংবা অন্য সন্তানদের মধ্যে একজন, তাকে হারানোর কষ্টের কোনো সীমা নেই। রাষ্ট্র প্রত্যেক শহীদকে সমানভাবে দেখতে চায় বলে মন্তব্য করেন তিনি।

সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা। দেশে ফেরার জন্য বাংলাদেশ সরকারের কাছে রাষ্ট্রীয় উড়োজাহাজ পাঠানোর প্রত্যাশা করছেন তিনি। এর আগে দেশে ফেরার জন্য পাসপোর্ট চেয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে বাংলাদেশ সরকার বলছে, দণ্ডিত আসামি হিসেবে বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফিরতে হবে। তাঁকে ফেরত চেয়ে ভারতকে একাধিকবার চিঠি দিয়েছে বাংলাদেশ। শেখ হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরার পরিকল্পনা ও প্রত্যর্পণের অনুরোধকে আলাদা বিষয় হিসেবে বিবেচনা করছে ভারত বলে গত বুধবার নয়াদিল্লিতে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তার ভাষ্য, কোনো নাগরিক ভ্রমণ নথি নিয়ে স্বেচ্ছায় নিজ দেশে ফিরতে চাইলে সেটি প্রত্যর্পণের অনুরোধ থেকে সম্পূর্ণ পৃথক বিষয়।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad