পাঁচ বছরে ৫০০ কিমি এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের

বাসস
পাঁচ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। ছবি: সংগৃহীত
পাঁচ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। ছবি: সংগৃহীত

দেশের সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়ন, যানজট কমানো এবং পণ্য ও যাত্রী পরিবহনে গতি আনতে পাঁচ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। এ পরিকল্পনার আওতায় দেশের সব জেলাকে চার লেনের মহাসড়কের মাধ্যমে যুক্ত করে জাতীয় এক্সপ্রেসওয়ে গ্রিড গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

একই সঙ্গে সমুদ্রবন্দর, স্থলবন্দর, অর্থনৈতিক অঞ্চল ও সীমান্তবর্তী এলাকার সঙ্গে উন্নত সড়ক যোগাযোগ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ছয় মাস, এক বছর ও পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা নিয়ে তৈরি অ্যাকশন ম্যাট্রিক্সে এসব পরিকল্পনার কথা উল্লেখ করা হয়েছে।

পরিকল্পনায় দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক করিডরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ২৩২ কিলোমিটার দীর্ঘ ঢাকা-চট্টগ্রাম সড়ক, ঢাকার রামপুরা থেকে ডেমরা পর্যন্ত ১৩ কিলোমিটার, জয়দেবপুর থেকে ময়মনসিংহ পর্যন্ত ৮৫ কিলোমিটার, গাবতলী থেকে নবীনগর পর্যন্ত ২৪ কিলোমিটার এবং রংপুর থেকে ভোগড়া পর্যন্ত ২৬০ কিলোমিটার সড়কপথ।

এ ছাড়া গ্রামীণ সড়ক পাকাকরণ, গুরুত্বপূর্ণ নদীর ওপর নতুন সেতু নির্মাণ, মহাসড়কের সক্ষমতা বাড়ানো, নগর পরিবহনব্যবস্থার আধুনিকায়ন, সড়ক দখলমুক্ত করা এবং দুর্ঘটনা কমাতে নিরাপত্তাব্যবস্থা জোরদারের পরিকল্পনাও রয়েছে।

এ কর্মপরিকল্পনা বাস্তবায়নের নেতৃত্বে থাকবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। সহযোগিতা করবে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, সেতু বিভাগ, সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ), স্থানীয় সরকার বিভাগ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) এবং ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)।

কর্মপরিকল্পনা অনুযায়ী, প্রথম ছয় মাসে প্রায় তিন হাজার কিলোমিটার সম্ভাব্য এক্সপ্রেসওয়ে করিডরের ম্যাপিং করা হবে। যানবাহনের চাপ, পণ্য ও যাত্রী পরিবহনের চাহিদা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের গুরুত্ব বিবেচনায় নিয়ে এসব করিডর নির্বাচন করা হবে। পাশাপাশি সম্ভাব্য সংযোগ সড়ক ও গুরুত্বপূর্ণ পরিবহন কেন্দ্রগুলোর মধ্যে যোগাযোগের প্রয়োজনীয়তা নির্ধারণ করা হবে।

পরবর্তী এক বছরের মধ্যে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ শেষ করে যান চলাচলের জন্য উন্মুক্ত করার লক্ষ্য রয়েছে। পাঁচ বছরের পরিকল্পনায় এ নেটওয়ার্ক আরও সম্প্রসারণ করে দেশের সব জেলাকে চার লেনের মহাসড়কের আওতায় আনার কথা বলা হয়েছে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, দেশের সড়ক যোগাযোগব্যবস্থাকে আধুনিক, নিরাপদ ও গতিশীল করাই সরকারের অন্যতম অগ্রাধিকার।

তিনি বলেন, আমরা এমন একটি জাতীয় এক্সপ্রেসওয়ে গ্রিড গড়ে তুলতে চাই, যার মাধ্যমে দেশের সব জেলা চার লেনের মহাসড়কের সঙ্গে যুক্ত হবে। এতে শুধু রাজধানীর সঙ্গে যোগাযোগ সহজ হবে না, সমুদ্রবন্দর, স্থলবন্দর, অর্থনৈতিক অঞ্চল ও শিল্পাঞ্চলের সঙ্গেও সড়ক যোগাযোগ আরও শক্তিশালী হবে।

সড়কমন্ত্রী আরও বলেন, পাঁচ বছরের কর্মপরিকল্পনা অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্পগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। তবে প্রতিটি প্রকল্পের ক্ষেত্রে অর্থনৈতিক সম্ভাব্যতা, পরিবেশগত প্রভাব ও জনস্বার্থকে গুরুত্ব দেওয়া হবে।

গ্রামীণ সড়ক ও সেতু নির্মাণে গুরুত্ব

জাতীয় মহাসড়কের পাশাপাশি গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়নেও গুরুত্ব দিচ্ছে সরকার। পর্যায়ক্রমে দেশের সব গ্রামীণ সড়ক পাকা করার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে প্রথম ছয় মাসে মহাসড়ক, স্থানীয় বাজার ও বাণিজ্যিক কেন্দ্রের সঙ্গে দুর্বল যোগাযোগ রয়েছে— এমন এলাকাগুলো চিহ্নিত করা হবে। বিশেষ করে কৃষিপণ্য উৎপাদনকারী অঞ্চল, প্রত্যন্ত জনপদ ও যোগাযোগসুবিধাবঞ্চিত গ্রামগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।

এক বছরের মধ্যে অগ্রাধিকারপ্রাপ্ত গ্রামীণ সড়কগুলোতে বড় পরিসরে পাকাকরণ শুরু করার পরিকল্পনা রয়েছে। পাঁচ বছরের মধ্যে গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কগুলোকে অর্থনৈতিক করিডরের সংযোগ সড়ক হিসেবে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এতে কৃষকেরা সহজে উৎপাদিত পণ্য স্থানীয় বাজার ও বড় বাণিজ্যিক কেন্দ্রে নিতে পারবেন। পাশাপাশি গ্রামীণ মানুষের শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ প্রয়োজনীয় নাগরিক সুবিধা পাওয়াও সহজ হবে।

গ্রামীণ সড়কের উন্নয়নে শুধু পাকাকরণ নয়, স্থায়িত্ব, পানি নিষ্কাশনব্যবস্থা, কালভার্ট ও ছোট সেতুর সক্ষমতা নিশ্চিত করার বিষয়টিও বিবেচনায় নেওয়া হবে। বর্ষায় সড়ক ক্ষতিগ্রস্ত হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার সমস্যা কমাতে এসব অবকাঠামোর উন্নয়ন জরুরি।

অন্যদিকে, অতিরিক্ত ভারী যানবাহনের চাপে মহাসড়কের ক্ষয়ক্ষতি ও রক্ষণাবেক্ষণ ব্যয় কমাতে অ্যাক্সেল লোড নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রথম ছয় মাসের মধ্যে জাতীয় অ্যাক্সেল লোড নিয়ন্ত্রণ নীতিমালা প্রণয়ন এবং এক বছরের মধ্যে সারা দেশে নিয়ন্ত্রণ স্টেশনের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। পাঁচ বছরের মধ্যে পূর্ণাঙ্গ জাতীয় অ্যাক্সেল লোড নিয়ন্ত্রণ ও প্রয়োগব্যবস্থা কার্যকর করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক বলেন, ‘জাতীয় এক্সপ্রেসওয়ে গ্রিড বাস্তবায়নের আগে দেশের গুরুত্বপূর্ণ সড়ক করিডরগুলো চিহ্নিত করা হবে। প্রথম ছয় মাসে প্রায় তিন হাজার কিলোমিটার সম্ভাব্য করিডরের ম্যাপিং করার পরিকল্পনা রয়েছে।’

তিনি বলেন, যানবাহনের চাপ, পণ্য পরিবহনের চাহিদা, শিল্পাঞ্চলের অবস্থান ও আঞ্চলিক যোগাযোগের প্রয়োজন বিবেচনায় নিয়ে অগ্রাধিকার নির্ধারণ করা হবে।

সচিব আরও বলেন, পাঁচ বছরের মধ্যে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের যে লক্ষ্য রয়েছে, তা বাস্তবায়নে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় করা হবে। এ ছাড়া প্রকল্প বাস্তবায়নে অর্থায়ন ও জমি অধিগ্রহণের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

অ্যাক্সেল লোড নিয়ন্ত্রণের আওতায় পণ্যবাহী ট্রাকসহ ভারী যানবাহনের নির্ধারিত ওজনসীমা অতিক্রমের বিষয়টি নজরদারি করা হবে। প্রয়োজনীয় প্রযুক্তি ও পর্যবেক্ষণব্যবস্থা চালুর মাধ্যমে অতিরিক্ত ওজন বহনকারী যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে। এতে মহাসড়কের স্থায়িত্ব বাড়বে বলে আশা করা হচ্ছে।

পদ্মা-যমুনাসহ পাঁচ সেতু নির্মাণের উদ্যোগ

পাঁচ বছর মেয়াদি পরিকল্পনায় দেশের গুরুত্বপূর্ণ নদীগুলোর ওপর নতুন সেতু নির্মাণের বিষয়টিও রয়েছে। এর মধ্যে দ্বিতীয় পদ্মা সেতু, দ্বিতীয় যমুনা সেতু, রাজবাড়ী-পাবনা সেতু, মেঘনা-চাঁদপুর সেতু এবং ভোলা-বরিশাল সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রথম ছয় মাসের মধ্যে দ্বিতীয় যমুনা সেতু এবং দ্বিতীয় পদ্মা সেতুর (পাটুরিয়া-দৌলতদিয়া) সম্ভাব্যতা যাচাইয়ের জন্য পরামর্শক নিয়োগের পরিকল্পনা রয়েছে। এক বছরের মধ্যে এ দুটি প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সমীক্ষায় নির্মাণ ব্যয়, কারিগরি ও অর্থনৈতিক সম্ভাব্যতা, পরিবেশগত প্রভাব এবং প্রকল্প বাস্তবায়নের উপযোগিতা যাচাই করা হবে।

পাঁচ বছরের কর্মপরিকল্পনায় এসব সেতু নির্মাণের পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে তৈরির উদ্যোগও অন্তর্ভুক্ত রয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে দেশের দক্ষিণ-পশ্চিম, উত্তর ও দক্ষিণ-পূর্বাঞ্চলের মধ্যে যোগাযোগ সহজ হবে। বিশেষ করে নদীবেষ্টিত অঞ্চলগুলোর সঙ্গে রাজধানী ও অন্যান্য অর্থনৈতিক কেন্দ্রের যোগাযোগে নতুন সম্ভাবনা তৈরি হবে।

সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামান বলেন, ‘একটি কার্যকর এক্সপ্রেসওয়ে নেটওয়ার্ক গড়ে তুলতে শুধু সড়ক নির্মাণ করলেই হবে না, বরং পুরো করিডরের কারিগরি সক্ষমতা নিশ্চিত করতে হবে। কোথায় নতুন সড়ক প্রয়োজন, কোথায় বিদ্যমান মহাসড়ক সম্প্রসারণ করা সম্ভব এবং কোথায় নতুন সংযোগ সড়ক নির্মাণ করতে হবে, তা ম্যাপিংয়ের মাধ্যমে নির্ধারণ করা হবে।’

তিনি আরও বলেন, এক্সপ্রেসওয়ের ক্ষেত্রে সড়কের নকশা, নির্মাণমান, নিরাপত্তা, পানি নিষ্কাশন এবং দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণকে গুরুত্ব দিতে হবে। মো. মনিরুজ্জামান বলেন, ‘আমরা পরিকল্পনা অনুযায়ী কারিগরি প্রস্তুতি ও প্রকল্প বাস্তবায়নের কাজ এগিয়ে নিতে চাই।’

বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ অর্থায়ন ও জমি অধিগ্রহণ

পরিবহন বিশেষজ্ঞদের মতে, দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের বড় অংশ সড়ক যোগাযোগের ওপর নির্ভরশীল। শিল্পকারখানার কাঁচামাল আনা, উৎপাদিত পণ্য বাজারজাত করা, কৃষিপণ্য পরিবহন ও যাত্রী চলাচলে সড়কের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবে মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ, অপর্যাপ্ত সক্ষমতা, বাজার ও জনবসতিতে যানজট এবং দুর্বল সংযোগব্যবস্থার কারণে পরিবহন ব্যয় বাড়ছে।

এক্সপ্রেসওয়ে গ্রিড গড়ে তোলা গেলে দীর্ঘপথে দ্রুত ও নিরবচ্ছিন্ন যোগাযোগের সুযোগ তৈরি হবে। তবে এ জন্য শুধু নতুন সড়ক নির্মাণ নয়, বিদ্যমান সড়ক ব্যবস্থাপনা, গণপরিবহন, পণ্য পরিবহন, পার্কিং ও ট্রাফিক ব্যবস্থার মধ্যেও সমন্বয় প্রয়োজন।

বুয়েটের পরিবহন বিশেষজ্ঞ অধ্যাপক ড. মো. হাদিউজ্জামান বলেন, ‘দেশের সব জেলাকে চার লেনের মহাসড়কের মাধ্যমে যুক্ত করার পরিকল্পনা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। তবে এক্সপ্রেসওয়ে নির্মাণের আগে কোন রুটে কী পরিমাণ যানবাহন চলাচল করে এবং আগামী ২০ থেকে ৩০ বছরে পরিবহন চাহিদা কতটা বাড়তে পারে, তা বিবেচনায় নিতে হবে।’

তিনি বলেন, শুধু অবকাঠামো নির্মাণ করলেই যানজটের সমাধান হবে না। সড়ক ব্যবস্থাপনা, গণপরিবহন, পণ্য পরিবহন, পার্কিং এবং ট্রাফিক ব্যবস্থাপনার মধ্যে সমন্বয় থাকতে হবে।

মো. হাদিউজ্জামান আরও বলেন, ‘আমাদের দেশে অনেক ক্ষেত্রে নতুন সড়ক নির্মাণের পরও পরিকল্পনাহীন সংযোগ, বাজার ও অবৈধ পার্কিংয়ের কারণে যানজট তৈরি হয়। তাই এক্সপ্রেসওয়ের পাশাপাশি সংযোগ সড়ক, নিরাপদ প্রবেশ ও বের হওয়ার ব্যবস্থা এবং গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন নিশ্চিত করতে হবে। আর পাঁচ বছরে ৫০০ কিলোমিটার নির্মাণের লক্ষ্য বাস্তবায়ন করতে হলে প্রকল্পের প্রস্তুতি, অর্থায়ন ও জমি অধিগ্রহণের কাজ আগে থেকেই এগিয়ে রাখতে হবে।’

সরকারের এ কর্মপরিকল্পনাকে ২০২৬-২০৩১ মেয়াদের পঞ্চবার্ষিক পরিকল্পনার সঙ্গে যুক্ত করা হয়েছে। পাশাপাশি ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য অর্জনেও উন্নত সড়ক যোগাযোগব্যবস্থাকে গুরুত্বপূর্ণ অবকাঠামো হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, পরিকল্পনা অনুযায়ী সম্ভাব্য করিডরের ম্যাপিং, এক্সপ্রেসওয়ে ও সেতু নির্মাণ এবং গ্রামীণ সড়ক উন্নয়নের কাজ এগিয়ে নেওয়া গেলে দেশের যোগাযোগব্যবস্থায় বড় পরিবর্তন আসতে পারে। তবে নির্ধারিত সময়ে এসব লক্ষ্য অর্জনে অর্থায়ন, জমি অধিগ্রহণ, পরিবেশগত ছাড়পত্র, নির্মাণকাজের মান নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় জরুরি।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad