ইসির ইউপি নির্বাচন নিয়ে সংলাপেও এককভাবে অংশ নেবে এনসিপি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ২০: ২৭
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। লোগো
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। লোগো

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে আগামী রোববার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)। এ সংলাপে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের সঙ্গে অংশ না নিয়ে এককভাবে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

আগামী মঙ্গলবার (১ ডিসেম্বর) ইসির সঙ্গে আলাদাভাবে সংলাপে বসবে দলটি। এর আগে গত ২৩ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অনুষ্ঠিত সংলাপেও এককভাবে অংশ নিয়েছিল এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বাধীন প্রতিনিধিদল।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় এনসিপির দুই জ্যেষ্ঠ নেতা গণমাধ্যমকে ইসির সঙ্গে এককভাবে সংলাপে অংশ নেওয়ার তথ্য নিশ্চিত করেছেন। নাম প্রকাশ না করার শর্তে তাদের একজন অভিযোগ করেন, জোটের শরিক দলগুলোর সঙ্গে আলোচনা না করেই জামায়াত নির্বাচন কমিশনকে যৌথভাবে সংলাপে অংশ নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির নির্বাহী পরিষদের সভায় ১১ দলীয় জোট হিসেবে ইসির সংলাপে অংশ নেওয়ার সিদ্ধান্ত হয়। আজ শুক্রবার জোটের নেতাদের কাছে এ সিদ্ধান্ত জানায় জামায়াত। জোটের অন্য শরিকরা এতে সম্মতি দিলেও এনসিপি আপত্তি জানায়।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার গতকাল সন্ধ্যায় নির্বাহী পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের জানান, ইউপি নির্বাচন নিয়ে ইসির সংলাপে ১১ দল জোটবদ্ধভাবে অংশ নেবে।

এদিকে জোটের অংশ হিসেবে সংলাপে না যাওয়ার সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে এনসিপির ওই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘এনসিপি স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে। জামায়াতও তাই চায়। কাজেই, আলোচনায় প্রতিটি দলের অগ্রাধিকার ভিন্ন হওয়াটাই স্বাভাবিক।’

স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীক বা জোটের ভিত্তিতে অনুষ্ঠিত হয় না উল্লেখ করে ইসির সংলাপে জোটগতভাবে অংশ নেওয়ার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার ভাষ্য, ‘আমাদের আমন্ত্রণ জানানো হয়েছে একটি রাজনৈতিক দল হিসেবে। আমরা দল হিসেবেই সেখানে অংশ নিতে চাই।’

জামায়াতের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়েও আপত্তি জানান এনসিপির ওই নেতা। তিনি বলেন, ‘একতরফাভাবে জোট হিসেবে ইসির সংলাপে অংশ নেওয়ার সিদ্ধান্ত জোটের ভেতরে গণতান্ত্রিক চর্চার জন্য ভালো দৃষ্টান্ত হয় না। গতকাল তাদের নির্বাহী পরিষদের সভায় সিদ্ধান্তটি নেওয়া হয়েছে, আর ১১ দলীয় বৈঠক হয়েছে আজ। সিদ্ধান্তটি যদি ১১ দলীয় বৈঠকে নেওয়া হতো, তাহলে বিষয়টি ভিন্ন হতো।’

তিনি আরও বলেন, ‘জোটের সিদ্ধান্ত যদি তাদের দলীয় ফোরামেই নেওয়া হয়, তাহলে জোটের দরকার কী?’

উল্লেখ্য, আসন্ন ইউপি নির্বাচন সামনে রেখে ৫৫টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের আয়োজন করেছে নির্বাচন কমিশন। আগামী ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর এসব সংলাপ অনুষ্ঠিত হবে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad