নিষেধাজ্ঞার মধ্যে ইলিশ ধরায় চাঁদপুরে ২২ জেলের কারাদণ্ড

চাঁদপুর প্রতিনিধি
২২ জেলেকে ১২ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: সংগৃহীত
২২ জেলেকে ১২ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: সংগৃহীত

প্রজনন রক্ষায় নিষেধাজ্ঞা চলাকালে চাঁদপুরের পদ্মা-মেঘনায় ইলিশ শিকারের দায়ে ২২ জেলেকে ১২ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানা করা হয়েছে। আটক অন্য দুই জেলে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে তাদের।

এ অভিযানে জেলেদের কাছ থেকে ২৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, ছয়টি মাছ ধরার নৌকা ও পাঁচ কেজি ইলিশ জব্দ করা হয়। আজ সোমবার সকালে চাঁদপুর সদর উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান এসব তথ্য জানান।

তিনি জানান, মা ইলিশের প্রজনন রক্ষায় জেলা ও উপজেলা পর্যায়ের জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তাদের তত্ত্বাবধানে রোববার বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত মেঘনা নদীর সদর উপজেলার আনন্দ বাজার, লালপুর, কাচিকাটা, চিরাচর, হরিসভা, রনাগোয়াল ও দোকানঘরসহ বহরিয়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় চিরাচর এলাকা থেকে ১৮ জন এবং দোকানঘর এলাকা থেকে ছয়জন জেলেকে আটক করা হয়।

পরে রাত ১২টার দিকে কোস্টগার্ডের চাঁদপুর স্টেশনে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ ইকবাল, মো. রহমত উল্লাহ ও তানভীর রাব্বী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত ২২ জেলেকে কারাদণ্ড ও জরিমানা করেন। বাকি দুজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন— দেলোয়ার হোসেন (৬০), দেলোয়ার হোসেন মোল্লা (৬০), মাইনুদ্দিন (৪৭), লিটন বেগ (৪৫), নিজাম প্রধানিয়া (৩৬), ইদ্রিস আলী (৩৫), জাহাঙ্গীর বেপারী (৩৫), কামাল বেপারী (৩৪), সুজন গাজী (৩০), সেলিম ফকির (৩০), মো. নজরুল (৩০), মো. রাসেল (৩০), শহীদ গাজী (২৯), নজরুল বেপারী (২৮), মনির মিজি (২৮), মনির বেপারী (২৮), রাসেল খান (২৬), রিফাত (২৫), রাসেল গাজী (২৫), মো. ইকবাল (২২), মোহাম্মদ হোসেন (১৯) ও নয়ন শরীফ (১৮)। তাদের বাড়ি চাঁদপুর ও পাশের শরীয়তপুর জেলায়।

সহকারী মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান আরও জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জব্দ করা কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জব্দ ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়েছে। ছয়টি মাছ ধরার নৌকা কোস্টগার্ডের হেফাজতে রয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement