ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দরে অভিযান, ৩ কোটি টাকার সোনা-মদ জব্দ
-b5b2b5.jpg)
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এবং শাহজালালের ফরেন পোস্ট অফিসে দুই দিনে চারটি পৃথক অভিযান চালিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। বৃহস্পতিবার ও শুক্রবার এসব অভিযান চালানো হয়।
অভিযানে সোনার বার, বিদেশি মদ, ডার্মাল ফিলার ও স্কিন বুস্টার ইনজেকশন, আমদানি নিষিদ্ধ ত্বক ফর্সাকারী ক্রিম এবং ব্যবহৃত ল্যাপটপ জব্দ করা হয়েছে। জব্দ করা পণ্যগুলোর আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ২২ লাখ ৮৭ হাজার টাকা। শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সিআইআইডি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ৭টা ৪৫ মিনিটে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি১৪৮ ফ্লাইটের এক যাত্রীকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রিন চ্যানেলে নজরদারিতে নেওয়া হয়। আবদুল্লাহ আল নোমান নামের ওই যাত্রী প্রথমে তার কাছে ১০০ গ্রাম স্বর্ণালংকার থাকার কথা জানান। পরে তার শরীরে তল্লাশি চালিয়ে ১১৭ গ্রাম ওজনের একটি সোনার বার উদ্ধার করা হয়। জব্দ করা সোনার আনুমানিক বাজারমূল্য ২১ লাখ ৬ হাজার টাকা।
একই দিন ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের মোট ৩০ লিটার বিদেশি মদ জব্দ করেন কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা। সকাল ১১টায় মুম্বাই থেকে আসা এয়ার ইন্ডিয়ার এআই২১৮৩ ফ্লাইটের এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে ১৬ লিটার মদ পাওয়া যায়। এ ছাড়া বিমানবন্দরের শৌচাগারে পরিত্যক্ত অবস্থায় সাড়ে ৭ লিটার এবং অপর দুই যাত্রীর কাছ থেকে আরও সাড়ে ৬ লিটার মদ জব্দ করা হয়। এসব মদের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ টাকা।
শুক্রবার সকাল ১১টা ১৩ মিনিটে কলম্বো থেকে আসা শ্রীলঙ্কান এয়ারলাইনসের ইউএল১৮৯ ফ্লাইটের এক যাত্রীর ব্যাগ সন্দেহজনক মনে হওয়ায় সেটি স্ক্যান ও তল্লাশি করেন কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা। মো. রাকিব হোসেন নামের ওই যাত্রীর ব্যাগ থেকে চার ধরনের মোট ১৫৫টি ডার্মাল ফিলার ও স্কিন বুস্টার ইনজেকশন জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫৭ লাখ ৭৬ হাজার টাকা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডার্মাল ফিলার ও স্কিন বুস্টার সাধারণত ইনজেকশনের মাধ্যমে প্রয়োগ করা হয়। মুখের বলিরেখা কমানো, ত্বকের সৌন্দর্য বৃদ্ধি, মুখের গঠনে পরিবর্তন আনা এবং ত্বকের স্থিতিস্থাপকতা বাড়াতে এসব পণ্য ব্যবহার করা হয়।
এদিকে শুক্রবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফরেন পোস্ট অফিসে অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ বিপুল পরিমাণ প্রসাধনী ও ব্যবহৃত ল্যাপটপ জব্দ করা হয়। সেখান থেকে ৩৭ কার্টনে থাকা মোট ১ হাজার ১০৪ কেজি গৌরি স্কিন হোয়াইটেনিং ক্রিম এবং ২৩টি ব্যবহৃত কোর আইফাইভ ল্যাপটপ উদ্ধার করা হয়।
ফরেন পোস্ট অফিস থেকে জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৩৮ লাখ ৫ হাজার টাকা বলে জানিয়েছে সিআইআইডি।

















