চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়াকিল হোসেন বগাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার চাঁদাবাজির একটি মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে তা নাকচ করে দেন আদালত।
দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিদুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করেন বগা। চট্টগ্রাম মহানগর আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রায়হানুল ওয়াজেদ চৌধুরী এ তথ্য জানান।
তিনি বলেন, খুলশী থানায় করা চাঁদাবাজির একটি মামলায় আত্মসমর্পণের পর বগা জামিন চেয়েছিলেন। আদালত তাঁর আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতে পুলিশের প্রসিকিউশন শাখার এক কর্মকর্তা জানান, বেলা ১২টার পর আদালতে আসেন বগা। দুপুর ২টার দিকে জামিন আবেদনের শুনানি শেষে আদালত তা খারিজ করেন।
পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী হিসেবে পরিচিত বগার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, অস্ত্র ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মোট ১৭টি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও ছিল বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা। এর আগে একাধিকবার চেষ্টা করেও তাঁকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
গত ৬ অক্টোবর রাতে চট্টগ্রাম সিটি করপোরেশন কার্যালয়ে বগার অবস্থানের খবর পেয়ে ভবনটি ঘিরে রাখে পুলিশ। সে সময় কার্যালয়ে ছিলেন সিটি মেয়র শাহাদাত হোসেন। ওই ঘটনার পরদিন সকালে মেয়র খুলশী থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিমের বিরুদ্ধে ‘আওয়ামী লীগপ্রীতির’ অভিযোগ তোলেন এবং বগার পক্ষ নিয়ে কথা বলেন।
এরপর ৭ অক্টোবর বিকেলে ওসি আব্দুর রহিমকে খুলশী থানা থেকে নগর বিশেষ শাখায় (সিটি এসবি) বদলির আদেশ দেন চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী। পরে ৮ অক্টোবর পুলিশ সদর দপ্তর থেকে তাকে চট্টগ্রাম মহানগর পুলিশ থেকে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারে বদলির আদেশ দেওয়া হয়।
এর আগে গত ৩ সেপ্টেম্বর রাতে পাহাড়তলী কলেজের এক শিক্ষককে ডেকে নিয়ে মারধরের অভিযোগে করা মামলায় বগাকে গ্রেপ্তারে খুলশীর ওয়্যারলেস কলোনি এলাকায় অভিযান চালায় পুলিশ। ওই সময় বগার অনুসারীদের হামলায় ছয় পুলিশ সদস্য আহত হন।
এ ছাড়া গত ২৯ সেপ্টেম্বর খুলশী থানার ওয়্যারলেস কলোনি এলাকায় ১৬ বছর বয়সী এক কিশোর সবজি বিক্রেতাকে হত্যার মামলায়ও বগাকে আসামি করা হয়। ওই এলাকায় কিশোর গ্যাং পরিচালনা ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।












-b5b2b5.jpg)




-f311a4-256x144.webp)