গোপালগঞ্জে ৫৬, ঢাকাসহ ৫ জেলায় আরও ৫৩ প্লাটুন বিজিবি মোতায়েন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গোপালগঞ্জে ৫৬ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার। এ ছাড়া রাজধানী ঢাকাসহ আরও পাঁচ জেলায় আরও ৫৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হয়েছে আরও চার প্লাটুন বিজিবি সদস্য।
বিজিবি সদর দপ্তরের এক বার্তায় বলা হয়েছে, ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে, সমপরিমাণ বিজিবি মোতায়েন করা হয়েছে গাজীপুরেও। এ ছাড়া নারায়ণগঞ্জে ৭ প্লাটুন, কক্সবাজারে ৭ প্লাটুন ও চট্টগ্রামে ৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। এর বাইরে ৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মোতায়েন করা বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছেন। সংশ্লিষ্ট জেলাগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদারের পাশাপাশি যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকি এমন কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সদস্যরা সচেষ্ট রয়েছেন।
বিজিবি জানিয়েছে, মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে। এ লক্ষ্যে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রাপ্ত লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।








-37725c-256x144.webp)
-7ab30f-256x144.webp)


